|

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

শ্রমিক অসন্তোষে গাজীপুর-আশুলিয়ায় ১৭ কারখানায় ছুটি, আটক ২০

ডেস্ক রিপোর্ট   |   শনিবার, ১৪ নভেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ৫৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

শ্রমিক অসন্তোষে গাজীপুর-আশুলিয়ায় ১৭ কারখানায় ছুটি, আটক ২০

ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে শ্রমিক অসন্তোষে উত্তপ্ত হয়ে উঠেছে গাজীপুর ও আশুলিয়ার শিল্পাঞ্চল। শনিবার (১৪ নভেম্বর) শ্রমিক বিক্ষোভের মুখে দুই শিল্পাঞ্চলের ১৭টি পোশাক কারখানায় ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এর মধ্যে গাজীপুরের কালিয়াকৈরে ১১টি এবং আশুলিয়ায় ছয়টি কারখানা রয়েছে। এদিকে গাজীপুরের চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকায় শ্রমিক আন্দোলনে উসকানি দেওয়ার অভিযোগে নিষিদ্ধ ছাত্রলীগের ২০ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। তাঁরা বর্তমানে কালিয়াকৈর থানা হেফাজতে রয়েছেন।

শনিবার সকালে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকায় শ্রমিকেরা বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে তাঁরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করলে দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে চরম ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করলে অবরোধ উঠে যায়। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

পুলিশ ও শ্রমিক সূত্রে জানা গেছে, কালিয়াকৈরের চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকার ট্রপিক্যাল এবং পূর্ব চন্দ্রা এলাকার এপেক্স লিঞ্জারি নামের দুটি পোশাক কারখানার শ্রমিকেরা গত বৃহস্পতিবার আন্দোলন করেন। ওই দিন পুলিশ কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়। এ সময় বেশ কয়েকজন শ্রমিক আহত হন।

বৃহস্পতিবারের আন্দোলনে আহত এক শ্রমিক মারা গেছেন—এমন খবর (গুজব) ছড়িয়ে পড়লে শনিবার সকালে শ্রমিকেরা কাজে যোগ না দিয়ে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে তাঁরা কারখানার কাছেই ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকায় অবস্থান নিয়ে সড়ক অবরোধ করেন। এ সময় আশপাশের ১১টি পোশাক কারখানায় ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ।

আন্দোলন চলাকালে শ্রমিকদের উসকানি দেওয়ার অভিযোগে নিষিদ্ধ ছাত্রলীগের ২০ নেতাকর্মীকে আটক করে পুলিশ। পুলিশের দাবি, আটক ব্যক্তিরা শ্রমিকদের আন্দোলন উসকে দিয়েছেন। তাঁরা বর্তমানে কালিয়াকৈর থানা হেফাজতে রয়েছেন।

গাজীপুর শিল্পাঞ্চল-২-এর পুলিশ সুপার মো. আমজাদ হোসাইন বলেন, মজুরি বৃদ্ধির দাবিতে শ্রমিকেরা আন্দোলন করেন। এ সময় আশপাশের ১১টি কারখানার শ্রমিকেরা সড়কে নেমে আসেন। বিক্ষোভের মুখে কারখানাগুলোতে ছুটি ঘোষণা করা হয়েছে।

অন্যদিকে, আশুলিয়ার শিল্পাঞ্চলেও শ্রমিক অসন্তোষের প্রভাব পড়েছে। শনিবার সকালে ছয়টি পোশাক কারখানার শ্রমিকেরা কাজে যোগ দিতে উপস্থিত হলেও উৎপাদনকাজে অংশ নেননি। পরে কর্তৃপক্ষ কারখানাগুলোতে দিনের জন্য ছুটি ঘোষণা করে।

পুলিশ ও শ্রমিক সূত্রে জানা গেছে, ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরিসহ তিন দফা দাবিতে বেশ কিছুদিন ধরে আশুলিয়ার বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকেরা আন্দোলন করছেন। এ পরিস্থিতিতে সরকার মজুরি বোর্ড গঠন করলেও নতুন বেতন কাঠামো এখনো ঘোষণা করা হয়নি। ফলে শ্রমিকদের মধ্যে অসন্তোষ রয়ে গেছে।

আশুলিয়া শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মোমিনুল ইসলাম ভূঁইয়া বলেন, শনিবার আশুলিয়া বা সাভারে নতুন করে শ্রমিক অসন্তোষের কোনো ঘটনা ঘটেনি। তবে শ্রমিকেরা কাজে অংশ না নেওয়ায় ছয়টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। শ্রমিক অসন্তোষের কারণে আগে থেকেই আরও ৪০টি কারখানা বন্ধ রয়েছে। এসব কারখানা কবে খুলবে, তা নিশ্চিত হওয়া যায়নি।

এদিকে, সাভারের হেমায়েতপুর এলাকায় কয়েকটি কারখানার শ্রমিকেরা আন্দোলন করলেও শনিবার সেখানকার সার্বিক পরিস্থিতি শান্ত ছিল। অধিকাংশ কারখানায় শ্রমিকেরা স্বাভাবিকভাবে কাজ করেছেন।

শ্রমিক বিক্ষোভ ও কারখানা বন্ধের ঘটনায় দুই শিল্পাঞ্চলের শ্রমিকদের মধ্যে অস্থিরতা বিরাজ করছে। তবে গাজীপুরের চন্দ্রা এলাকায় অবরোধ তুলে নেওয়ায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে।

Advertise with us
Advertise with us
১১ দলের ট্রেনমার্চ স্থগিত
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
আরও
Advertise with us

ফলো করুন Passenger Voice-এর খবর

Editor and Publisher
SAMSUDDIN CHOWDHURY
Dhaka Office
  • 26 Delwar Complex, Tikatuli, Wari, Bangladesh.
Chittagong Office
  • 35 Kadam Mobarak By-Lane, Jashim Bhaban (4th Floor), Momin Road, Chittagong.
Contact