|

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

আড়াই হাজার কোটি টাকার কাজ, নাগরিক সমস্যার সমাধান কতটা করতে পারেছে চসিক?

ডেস্ক রিপোর্ট   |   শনিবার, ১৪ নভেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ৪৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

আড়াই হাজার কোটি টাকার কাজ, নাগরিক সমস্যার সমাধান কতটা করতে পারেছে চসিক?

চট্টগ্রাম নগরের উন্নয়নে গত দুই বছরে প্রায় আড়াই হাজার কোটি টাকার কাজ করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)। ৪১টি ওয়ার্ডে প্রায় ৬৭৮টি প্রকল্প, ৩৫৭ কিলোমিটার সড়ক উন্নয়ন, সেতু-কালভার্ট নির্মাণ, স্বাস্থ্যসেবা সম্প্রসারণ ও ডিজিটাল নাগরিক সেবায় নানা উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছে সংস্থাটি। একই সময়ে রাজস্ব আদায় বাড়িয়ে আর্থিক সংকট কাটানো এবং ৫৯৬ কোটি টাকার দেনা পরিশোধের দাবিও করেছেন প্রশাসক ডা. শাহাদাত হোসেন।

তবে এত উন্নয়নকাজের পরও নগরবাসীর দৈনন্দিন ভোগান্তি কতটা কমেছে, সেই প্রশ্ন রয়ে গেছে। মশার বিস্তার, বর্ষায় জলাবদ্ধতা, যানজট, অপরিচ্ছন্নতা, ফুটপাত দখল ও নিরাপত্তাহীনতার মতো সমস্যার স্থায়ী সমাধান হয়নি। ফলে উন্নয়নকাজের পরিমাণের পাশাপাশি নাগরিক জীবনে এর বাস্তব সুফল কতটা পৌঁছেছে, তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।

২০২৪ সালের নভেম্বরের শুরুতে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়রের দায়িত্ব নেন বিএনপি নেতা ডা. শাহাদাত হোসেন। ২০২১ সালের সিটি করপোরেশন নির্বাচনের ফলাফলের বিরুদ্ধে করা মামলায় নির্বাচনী ট্রাইব্যুনালের রায়ে তাকে মেয়র ঘোষণা করা হয়। পরে গত ২৫ অক্টোবর স্থানীয় সরকার বিভাগের এক প্রজ্ঞাপনে তাকে চসিকের পূর্ণকালীন প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়।

চসিকের দেওয়া তথ্য অনুযায়ী, গত দুই বছরে নগরের ৪১টি ওয়ার্ডে প্রায় ৬৭৮টি উন্নয়ন প্রকল্পে ২ হাজার ৪২৩ কোটি ৬৩ লাখ ৭৬ হাজার টাকা ব্যয় হয়েছে। এর বাইরে সড়কবাতি স্থাপন ও নগর আলোকায়নে ব্যয় হয়েছে আরও ৭৫ কোটি ২৫ লাখ টাকা। সব মিলিয়ে উন্নয়ন ও আলোকায়ন খাতে ব্যয়ের পরিমাণ প্রায় আড়াই হাজার কোটি টাকা। তবে এসব প্রকল্পের সবগুলোর কাজ শেষ হয়নি; কিছু প্রকল্প চলমান, কিছু রয়েছে দরপত্র ও বাস্তবায়নের বিভিন্ন পর্যায়ে।

প্রকল্পগুলোর আওতায় ৩৫৭ কিলোমিটার সড়ক উন্নয়ন, ২০টি সেতু, ৬০টি কালভার্ট এবং ১২ কিলোমিটার প্রতিরোধক দেয়াল নির্মাণ বা উন্নয়ন করা হয়েছে। এছাড়া ১০টি গোলচত্বরের উন্নয়ন করা হয়েছে। ৩৮টি ফুটওভারব্রিজ নির্মাণের কর্মসূচির মধ্যে চারটির কাজ শেষ হয়েছে, ১৫টির কাজ চলমান এবং ১৭টির দরপত্র প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। কুলগাঁওয়ে তৃতীয় বাস টার্মিনালের নির্মাণকাজও শেষ পর্যায়ে রয়েছে।

চসিকের আর্থিক ব্যবস্থাপনায় গত দুই বছরে পরিবর্তন এসেছে বলে দাবি করেছেন প্রশাসক। তার দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে সংস্থাটি ৫৫৬ কোটি ৯২ লাখ টাকা রাজস্ব আদায় করেছে, যা আগের অর্থবছরের ৪৫৬ কোটি ৬৮ লাখ টাকার তুলনায় প্রায় ১০০ কোটি টাকা বেশি। এটি চসিকের ইতিহাসে সর্বোচ্চ রাজস্ব আদায়। রাজস্ব বিভাগের তথ্য অনুযায়ী, পৌরকর আদায় বেড়ে ৩৮৪ কোটি ৫৫ লাখ টাকায় পৌঁছেছে।

চসিকের কর্মকর্তারা জানান, রাজস্ব বৃদ্ধিতে চট্টগ্রাম বন্দরের কাছ থেকে গৃহকর আদায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। আপিল নিষ্পত্তির পর বন্দরের বার্ষিক গৃহকর নির্ধারণ করা হয়েছে প্রায় ২২৪ কোটি ৭০ লাখ টাকা। ২০২৫-২৬ অর্থবছরে বন্দর কর্তৃপক্ষ ১৯৮ কোটি ২৭ লাখ টাকা পরিশোধ করেছে।

জলাবদ্ধতা নিরসনে অগ্রগতি কতটা?

চট্টগ্রাম নগরের দীর্ঘদিনের প্রধান সমস্যা জলাবদ্ধতা। এ সমস্যা নিরসনে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) ৮ হাজার ৬২৬ কোটি টাকার প্রকল্প বাস্তবায়নাধীন রয়েছে। ২০১৭ সালে শুরু হওয়া এ প্রকল্পে নগরের ৩৬টি খাল পুনঃখনন, সম্প্রসারণ ও সংস্কারের কাজ অন্তর্ভুক্ত রয়েছে। প্রকল্পের মেয়াদ কয়েক দফা বাড়িয়ে ২০২৭ সালের জুন পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।

সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, প্রকল্পের ভৌত অগ্রগতি ৯২ শতাংশের বেশি। ৩৬টি খালের মধ্যে ৩০টির কাজ শতভাগ শেষ হয়েছে। আরও পাঁচটি খালের কাজ প্রায় শেষ পর্যায়ে। বাকি কাজ শেষ করে ২০২৭ সালের এপ্রিল থেকে চসিকের কাছে প্রকল্প হস্তান্তরের পরিকল্পনা রয়েছে।

অন্যদিকে শাহাদাত হোসেনের দাবি, গত দুই বছরে নগরের জলাবদ্ধতা পরিস্থিতির প্রায় ৭০ শতাংশ উন্নতি হয়েছে। প্রতিবছর প্রায় ১ হাজার ৬০০ কিলোমিটার নালা পরিষ্কার, বিভিন্ন সেবা সংস্থার সঙ্গে সমন্বয় এবং খাল-নালা পরিচ্ছন্ন রাখার উদ্যোগ নেওয়া হয়েছে। বহদ্দারহাট, মুরাদপুর, বাকলিয়া, চকবাজার, মির্জাপুর ও আগ্রাবাদ এলাকায় আগের তুলনায় জলাবদ্ধতা কমেছে বলেও দাবি তার।

তবে চলতি বছরের জুলাইয়ে অতিভারী বৃষ্টিতে চান্দগাঁও, মোহরা, আগ্রাবাদ, কাতালগঞ্জ ও বহদ্দারহাটসহ নগরের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়। কয়েকটি এলাকায় পানি জমে থাকায় বাসিন্দাদের দুর্ভোগ পোহাতে হয়েছে। ফলে প্রকল্পের কাজের অগ্রগতির পাশাপাশি বৃষ্টির সময় পানি নিষ্কাশনের বাস্তব সক্ষমতা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে।

যদিও প্রশাসক জানিয়েছেন, বিদ্যমান ৩৬টি খালের বাইরে আরও ৪০টি খাল খনন ও সংস্কারের জন্য প্রকল্প প্রস্তাব তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি ৩৬টি খালের রক্ষণাবেক্ষণের দায়িত্ব গ্রহণের প্রস্তুতি চলছে।

পরিচ্ছন্ন নগরের প্রতিশ্রুতি পূরণ হয়নি

পরিচ্ছন্ন নগর গড়ার প্রতিশ্রুতি দিয়ে দায়িত্ব নিলেও এ ক্ষেত্রে শতভাগ সফল হতে পারেননি বলে স্বীকার করেছেন শাহাদাত হোসেন। তার ভাষ্য, নগরবাসীর সচেতনতার অভাব এবং বর্জ্য ব্যবস্থাপনার সীমাবদ্ধতার কারণে পরিচ্ছন্নতা কার্যক্রম প্রত্যাশিত পর্যায়ে নেওয়া কঠিন হয়েছে।

নগরের বিভিন্ন এলাকায় বর্জ্য জমে থাকা, নালা-নর্দমায় ময়লা এবং নিয়মিত বর্জ্য অপসারণ নিয়ে নাগরিকদের অভিযোগ রয়েছে। এসব সমস্যা সমাধানে বায়েজিদ ও হালিশহরের বর্জ্য ফেলার স্থান আধুনিক শোধনাগারে রূপান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে। এ জন্য দক্ষিণ কোরিয়ার প্রতিষ্ঠান বি অ্যান্ড এইচ কোম্পানি লিমিটেডের সঙ্গে চুক্তি করেছে চসিক। হালিশহরের আনন্দবাজারে গ্যাস কূপ পরীক্ষামূলকভাবে খননের কাজও শুরু হয়েছে।

বর্জ্য থেকে জ্বালানি উৎপাদনে যুক্তরাষ্ট্রভিত্তিক এনজাই গ্লোবাল এলএলসি এবং কানাডাভিত্তিক ডিপার্টেড হাইড্রোজেন টেকনোলজির সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে সংস্থাটি। পরিকল্পনা অনুযায়ী, দৈনিক তিন হাজার টন বর্জ্য ব্যবহার করে বছরে ৪৫ মিলিয়ন গ্যালন গ্রিন ডিজেল ও গ্রিন এভিয়েশন ফুয়েল উৎপাদনের লক্ষ্য রয়েছে। তবে এটি এখনো পরিকল্পনা ও সমঝোতার পর্যায়ে। বাস্তবে উৎপাদন শুরু হয়নি।

পরিচ্ছন্নতা কার্যক্রমে দুটি আধুনিক ব্যাকহোল্ডার গাড়ি যুক্ত করা হয়েছে। তবে নগরের বিপুল পরিমাণ বর্জ্য সংগ্রহ, পরিবহন, প্রক্রিয়াজাতকরণ ও নিরাপদ নিষ্পত্তির জন্য প্রয়োজনীয় অবকাঠামো এখনো পুরোপুরি গড়ে ওঠেনি।

স্বাস্থ্য ও শিক্ষায় কিছু উদ্যোগ

চসিকের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২ বছরে ১০ লাখ শিশুকে টাইফয়েড, ছয় লাখ শিশুকে হাম এবং এক লাখ স্কুলছাত্রীকে এইচপিভি টিকা দেওয়া হয়েছে। পাশাপাশি ১২ হাজার কুকুরকে জলাতঙ্কের টিকা দেওয়া হয়েছে। মেমন হাসপাতালে নবজাতকদের নিবিড় পরিচর্যা কেন্দ্র (এনআইসিইউ) চালু করা হয়েছে। মেমন-২ হাসপাতালে ডায়ালাইসিস সেন্টার স্থাপনের কাজ চলছে। ৪১টি ওয়ার্ডের ডিসপেনসারিতে বিনা মূল্যে ওষুধ বিতরণ, স্বল্পমূল্যে সিটি স্ক্যান ও এমআরআই এবং বিভিন্ন রোগের সচেতনতায় চিকিৎসা শিবির আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে।

ডেঙ্গু নিয়ন্ত্রণে ৬০ সদস্যের বিশেষ দল গঠন, ঝুঁকিপূর্ণ এলাকা চিহ্নিতকরণ এবং বিটিআই লার্ভিসাইড প্রয়োগের কথা জানিয়েছে চসিক। চসিক জেনারেল হাসপাতালে ডেঙ্গু ব্যবস্থাপনা সেল চালু করা হয়েছে। এ ছাড়া মোহরায় আট একর জমিতে হাসপাতাল নির্মাণের পরিকল্পনা রয়েছে। শিক্ষা খাতে স্কুল হেলথ প্রোগ্রাম চালু করা হয়েছে। এ কর্মসূচিতে শিক্ষার্থীদের পুষ্টিকর খাবার দেওয়ার পাশাপাশি চোখ, নাক-কান-গলা ও হৃদ্‌রোগ পরীক্ষা করা হচ্ছে। চসিকের তথ্য অনুযায়ী, ৪৮টি মাধ্যমিক বিদ্যালয় এবং ছয়টি কিন্ডারগার্টেন ও প্রাথমিক বিদ্যালয়ে এ কর্মসূচি চালু হয়েছে। প্রায় ছয় হাজার শিক্ষার্থীকে স্বাস্থ্যকার্ড দেওয়া হয়েছে।

কিশোর অপরাধ নিয়ন্ত্রণ ও শিশু-কিশোরদের খেলাধুলার সুযোগ বাড়াতে ৪১টি ওয়ার্ডে ৪১টি খেলার মাঠ নির্মাণের কর্মসূচি নিয়েছে চসিক। এর মধ্যে ১১টির কাজ শেষ হয়েছে। দীর্ঘদিন বন্ধ থাকা শিশুপার্ক চালু করা হয়েছে। গত এক বছরে প্রায় দুই লাখ গাছ রোপণের কথা জানিয়েছেন প্রশাসক। দীর্ঘ মেয়াদে ১০ লাখ গাছ লাগানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

নাগরিক অভিযোগ দ্রুত নিষ্পত্তির জন্য চালু করা হয়েছে ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপ। প্রশাসকের তথ্য অনুযায়ী, চার মাসে অ্যাপটিতে ৬ হাজার ৫৪৩টি অভিযোগ জমা পড়েছে। এর মধ্যে ৪ হাজার ২০০টির বেশি নিষ্পত্তি করা হয়েছে। অর্থাৎ জমা পড়া অভিযোগের প্রায় ৬৪ শতাংশের নিষ্পত্তি হয়েছে।

নাগরিক সেবা সম্প্রসারণে প্রশাসনিক অঞ্চল ছয়টি থেকে বাড়িয়ে আটটি করা হয়েছে। ১ হাজার ৫৫৭ জন অস্থায়ী কর্মচারীকে স্থায়ী করার কথাও জানিয়েছে চসিক। ডিজিটাল চাকরি পোর্টালের মাধ্যমে নিয়োগপ্রক্রিয়া চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।

যানজট ও নিরাপত্তায় চ্যালেঞ্জ

যানজট নিয়ন্ত্রণে নগরের ১৮ থেকে ২০টি গুরুত্বপূর্ণ স্থানে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক ট্রাফিক ব্যবস্থাপনা এবং শহরজুড়ে নিরাপত্তা ক্যামেরা স্থাপনের কাজ শুরু হয়েছে। বিমানবন্দর সড়কে ২ দশমিক ২ কিলোমিটার সাইকেল চলাচলের পথ ও হাঁটার পথ নির্মাণ করা হয়েছে। পতেঙ্গাসহ অন্যান্য এলাকায় এ সুবিধা সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।

তবে নগরের গুরুত্বপূর্ণ মোড়গুলোতে যানজট, সড়কে অবৈধ পার্কিং, ফুটপাত দখল এবং গণপরিবহনের বিশৃঙ্খলা এখনো বড় সমস্যা। অফিস-আদালত ও শিক্ষাপ্রতিষ্ঠান ছুটির সময়ে নগরের বিভিন্ন সড়কে যানজটের কারণে মানুষের সময় নষ্ট হচ্ছে। প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা চালু হলেও এর পূর্ণাঙ্গ সুফল এখনো দৃশ্যমান নয়।

নিরাপত্তা পরিস্থিতিও উদ্বেগের বিষয়। চট্টগ্রাম মহানগর পুলিশের তথ্য অনুযায়ী, নগরের ১৬ থানায় অন্তত ২০০টি কিশোর গ্যাং সক্রিয় রয়েছে। এসব দলের সদস্যসংখ্যা প্রায় ১ হাজার ৪০০। মাদক, ছিনতাই, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড নিয়েও নগরবাসীর উদ্বেগ রয়েছে। কিশোর অপরাধ নিয়ন্ত্রণে খেলার মাঠ নির্মাণের উদ্যোগ নেওয়া হলেও মাত্র ১১টি মাঠের কাজ শেষ হয়েছে।

বড় পরিকল্পনা, বাস্তবায়নের অপেক্ষা

নগরের ভবিষ্যৎ উন্নয়নে আরও কয়েকটি বড় পরিকল্পনার কথা জানিয়েছেন প্রশাসক। এর মধ্যে রয়েছে কর্ণফুলী নদীর পাশে ৪০০ একর জমিতে সৌরবিদ্যুৎচালিত পর্যটন নগরী, আট থেকে ১০টি স্থানে ভূগর্ভস্থ বাজার, খালে নৌপরিবহন চালু এবং রেলক্রসিংয়ে উড়ালসড়ক নির্মাণ। নিম্ন ও মধ্য আয়ের মানুষের জন্য ৮০০টি ফ্ল্যাট নির্মাণ এবং ১২০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র স্থাপনের পরিকল্পনার কথাও জানিয়েছেন তিনি। এসব পরিকল্পনা বাস্তবায়িত হলে নগরের অর্থনীতি, পরিবহন ও নাগরিক সুবিধায় ইতিবাচক পরিবর্তন আসতে পারে।

অন্যদিকে চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে সিডিএ, সিটি করপোরেশন, ওয়াসা, পানি উন্নয়ন বোর্ড ও অন্যান্য সংস্থার মধ্যে সমন্বয়ের অভাব দীর্ঘদিনের সমস্যা। প্রশাসকও জানিয়েছেন, নগর সরকারের মতো সমন্বিত প্রশাসনিক কাঠামো না থাকায় ফুটপাত দখল, পরিবহন ও অন্যান্য নাগরিক সমস্যা সমাধানে সীমাবদ্ধতা রয়েছে।

দুই বছরের কাজের মূল্যায়ন প্রসঙ্গে প্রশাসক ডা. শাহাদাত হোসেন বলেন, দায়িত্ব নেওয়ার পর চসিককে আর্থিক সংকট ও প্রশাসনিক সীমাবদ্ধতার মধ্য দিয়ে পরিচালনা করতে হয়েছে। রাজস্ব আদায় বৃদ্ধি, ব্যয় নিয়ন্ত্রণ এবং আর্থিক ব্যবস্থাপনায় শৃঙ্খলা প্রতিষ্ঠার মাধ্যমে প্রতিষ্ঠানকে শক্তিশালী করার চেষ্টা করেছি।

তিনি বলেন, গত দুই বছরে অবকাঠামো উন্নয়ন, স্বাস্থ্যসেবা, শিক্ষা, পরিচ্ছন্নতা ও নাগরিক সেবায় অনেক কাজ সম্পন্ন হয়েছে। কিছু কাজ চলমান রয়েছে। তবে জলাবদ্ধতা, যানজট, বর্জ্য ব্যবস্থাপনা ও সড়ক নিরাপত্তার মতো সমস্যার স্থায়ী সমাধানে আরও কাজ করতে হবে।

নিজের অর্জনের মূল্যায়ন নগরবাসীর ওপর ছেড়ে দিয়ে তিনি বলেন, চট্টগ্রাম সিটি করপোরেশন নগরবাসীর প্রতিষ্ঠান। তাদের করের প্রতিটি টাকার যথাযথ ব্যবহার, নাগরিক সেবায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করে একটি পরিচ্ছন্ন, সবুজ, স্বাস্থ্যসম্মত, নিরাপদ ও আধুনিক চট্টগ্রাম গড়ে তুলতে চাই। সূত্র ঢাকা পোস্ট

Advertise with us
Advertise with us
১১ দলের ট্রেনমার্চ স্থগিত
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
আরও
Advertise with us

ফলো করুন Passenger Voice-এর খবর

Editor and Publisher
SAMSUDDIN CHOWDHURY
Dhaka Office
  • 26 Delwar Complex, Tikatuli, Wari, Bangladesh.
Chittagong Office
  • 35 Kadam Mobarak By-Lane, Jashim Bhaban (4th Floor), Momin Road, Chittagong.
Contact