ডেস্ক রিপোর্ট | শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬ | প্রিন্ট | ১৭ বার পঠিত | পড়ুন মিনিটে
বাংলাদেশ কোস্ট গার্ডের পাঁচটি জাহাজের নাম পরিবর্তনের প্রস্তাবে অনুমোদন দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এর মধ্যে চারটি জাতীয় চার নেতার নামে ছিল। পুরোনো নামের পরিবর্তে জাহাজগুলোর নতুন নাম নির্ধারণ করে গতকাল বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সীমান্ত-৩ শাখা থেকে প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ কোস্ট গার্ডের পাঠানো প্রস্তাবের পরিপ্রেক্ষিতে পাঁচটি জাহাজের নাম পরিবর্তনের অনুমোদন দেওয়া হয়েছে।
নাম পরিবর্তনের তালিকায় রয়েছে, ‘বিসিজিএস জয় বাংলা’ (পিসি ২০৮), যার নতুন নাম ‘বিসিজিএস অদম্য বাংলা’। ‘বিসিজিএস সৈয়দ নজরুল’ (পিএল ৭১)-এর নতুন নাম ‘বিসিজিএস ফিরোজ কবীর’। ‘বিসিজিএস তাজউদ্দীন’ (পিএল ৭২)-এর নাম পরিবর্তন করে রাখা হয়েছে ‘বিসিজিএস নুরুল ইসলাম’।
এ ছাড়া ‘বিসিজিএস মনসুর আলী’ (পিএল ৭৩)-এর নতুন নাম ‘বিসিজিএস এম হুমায়ুন কবীর’ এবং ‘বিসিজিএস কামরুজ্জামান’ (পিএল ৭৪)-এর নতুন নাম রাখা হয়েছে ‘বিসিজিএস আশরাফ সিদ্দিকী’।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মাসফিকা হোসেন সই করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ কোস্ট গার্ডের পাঠানো প্রস্তাব পর্যালোচনা করে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জাহাজগুলোর নাম পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।