ডেস্ক রিপোর্ট | শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ | প্রিন্ট | ৩২ বার পঠিত | পড়ুন মিনিটে
শরীয়তপুরের ভেদরগঞ্জের বেড়াচাক্কি এলাকায় মেঘনা নদীতে চলন্ত ফেরিতে ধাক্কা দিয়েছে বালুভর্তি একটি বাল্কহেড। এতে তরিকুল ইসলাম (১১) নামে এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় তিন শিশুসহ চারজন আহত হয়েছে। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার সকাল ৯টার দিকে শরীয়তপুর-চাঁদপুর নৌপথের মেঘনা নদীতে এ দুর্ঘটনা ঘটে।
নিহত তরিকুল শরীয়তপুরের ডামুড্যা উপজেলার বাসিন্দা। সে পরিবারের সঙ্গে চাঁদপুর থেকে গ্রামের বাড়িতে ফিরছিল। দুর্ঘটনার পর বাল্কহেডটি জব্দ করেছে নৌ-পুলিশ। বাল্কহেডের দুই শ্রমিক ও ফেরির চালককে আটক করা হয়েছে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) সূত্রে জানা যায়, শুক্রবার সকালে চাঁদপুরের হরিণা ঘাট থেকে ‘কাকলি’ নামের ফেরিটি শরীয়তপুরের নরসিংহপুর ঘাটের উদ্দেশে ছেড়ে আসে। ফেরিটি বেড়াচাক্কি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বালুভর্তি একটি দ্রুতগতির বাল্কহেড ফেরিটিকে জোরে ধাক্কা দেয়। এতে ফেরিতে থাকা একটি বাস ক্ষতিগ্রস্ত হয়। এ সময় বাল্কহেড ও বাসের মাঝখানে চাপা পড়ে চার শিশু। দুর্ঘটনায় ঘটনাস্থলেই তরিকুলের মৃত্যু হয়। আহত অপর তিন শিশুসহ আরও একজনকে উদ্ধার করে অন্য একটি নৌযানের মাধ্যমে চিকিৎসার জন্য চাঁদপুরে পাঠানো হয়।মানচিত্র দেখুন
ঘটনার বর্ণনা দিয়ে ওই ফেরিতে থাকা আলি আজগর নামে একজন বলেন, ‘আমি চাঁদপুর থেকে ডাক্তার দেখিয়ে ফেরিতে করে বাড়ি ফিরছিলাম। নরসিংহপুর ফেরিঘাটের কাছাকাছি এলে বালুভর্তি একটি দ্রুতগতির বাল্কহেড ফেরিটিকে ধাক্কা দেয়। এ সময় বাসের পাশে চাপা পড়ে কয়েকজন শিশু আটকে পড়ে। আমরা দ্রুত তাদের টেনে বের করার চেষ্টা করি। কিন্তু ওই বাচ্চাটি ঘটনাস্থলেই মারা যায়। পরে ৯৯৯ এ ফোন করে পুলিশের সহযোগিতা চাই। পুলিশ ও ফায়ার সার্ভিস এসে তাদের উদ্ধার করে।’
তিনি বলেন, ‘এই ধরনের অবৈধ বাল্কহেড বন্ধ করা দরকার। আজ এই শিশুটি মারা গেল, কাল হয়তো আমার বাচ্চা মারা যেতে পাবে। আমি চাই, তদন্ত করে ফেরি চালকের কোনো গাফিলতি আছে কিনা সেটি দেখা হোক।’
এদিকে বিআইডব্লিউটিসির নরসিংহপুর ফেরিঘাটের ব্যবস্থাপক ইকবাল হোসেন বলেন, ‘ফেরিটি মেঘনা নদীর মূল অংশ পাড়ি দিয়ে একটি চরের পাশ দিয়ে যাচ্ছিল। এ সময় পাশ দিয়ে কয়েকটি বালুভর্তি বাল্কহেড চলাচল করছিল। এর মধ্যে দ্রুতগতির একটি বাল্কহেড চলন্ত ফেরিটিকে জোরে ধাক্কা দেয়। এতে ফেরির একটি বাস ক্ষতিগ্রস্ত হয় এবং বাল্কহেড ও বাসের মাঝখানে চাপা পড়ে চার শিশু। ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। আহত চারজনকে উদ্ধার করে চাঁদপুরে পাঠানো হয়েছে।’
নৌ-পুলিশ চাঁদপুর অঞ্চলের পুলিশ সুপার সৈয়দ মুশফিকুর রহমান বলেন, ‘দুর্ঘটনার পর বাল্কহেডটি নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে সংশ্লিষ্ট ব্যক্তিরা। পরে নৌ-পুলিশ সদস্যরা বাল্কহেডটি জব্দ এবং এর দুই শ্রমিককে আটক করে। পাশাপাশি ফেরির চালককেও আটক করা হয়েছে। দুর্ঘটনাজনিত অবহেলায় মৃত্যুর অভিযোগে তাদের বিরুদ্ধে মামলা করা হবে।’