ডেস্ক রিপোর্ট | শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ | প্রিন্ট | ২৭ বার পঠিত | পড়ুন মিনিটে
রাজধানীতে নদী দূষণের উৎস হিসেবে প্রায় ৪২৬টি স্পট চিহ্নিত করা হয়েছে বলে জানিয়েছেন নৌ পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম।
তিনি বলেছেন, এসব স্থানে রাসায়নিক বর্জ্য, তরল বর্জ্য ও কঠিন বর্জ্য নদীতে গিয়ে পড়ছে। পরিবেশ ও বন মন্ত্রণালয়, বিআইডব্লিউটিএ, সিটি করপোরেশন ও ওয়াসাসহ সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বয়ে এসব বর্জ্যের উৎস নিয়ন্ত্রণ এবং নদীতে বর্জ্য প্রবেশ বন্ধে কার্যক্রম গ্রহণ করা হয়েছে।
ঢাকার চারপাশের নদী দখল ও দূষণমুক্ত করে বৃত্তাকার নৌযোগাযোগ ব্যবস্থা চালু করতে এ কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছেন তিনি৷
শুক্রবার (১৩ নভেম্বর) সকালে রাজধানীর মোহাম্মদপুরে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের উদ্যোগে আয়োজিত ‘বিআইডব্লিউটিএ ওয়াকওয়ে রান -২০২৬’ অনুষ্ঠানে নিয়মিত হাঁটাচলা ও ম্যারাথনে অংশগ্রহণকারীদের সঙ্গে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
শেখ রবিউল আলম বলেন, অতীতে ঢাকার চারপাশে বৃত্তাকার নৌপথে যাত্রী পরিবহন চালুর উদ্যোগ নেওয়া হলেও প্রত্যাশিত সাফল্য আসেনি। এর অন্যতম কারণ ছিল সড়কপথের তুলনায় নৌপথে যাতায়াতে বেশি সময় লাগা এবং নদীদূষণের কারণে যাত্রীদের জন্য অনুকূল পরিবেশের অভাব।
তিনি জানান, এখন নদী দূষণ নিয়ন্ত্রণ ও নদী দখল মুক্ত করে নতুন নৌরুট চালু, আধুনিক ও আকর্ষণীয় নৌ- যান সংযোজন এবং নতুন নৌস্টেশন ও ঘাট নির্মাণের উদ্যোগ নেওয়া হচ্ছে। এসব ঘাট ও স্টেশনকে সড়ক যোগাযোগ ব্যবস্থার সঙ্গে সমন্বিতভাবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে।
ঢাকার চারপাশে বৃত্তাকার নৌ- যোগাযোগ ব্যবস্থা চালু করার কথা জানান মন্ত্রী৷ এতে শুধু যাতায়াত নয়; পাশাপাশি নদীকেন্দ্রিক পর্যটন ও বিনোদন কার্যক্রমও সম্প্রসারিত করা হবে।
শেখ রবিউল আলম জানান, নদীর দুই পাশ রক্ষা করে মানুষের হাঁটাচলার উপযোগী পরিবেশ তৈরি করা হচ্ছে। ইতোমধ্যে বিভিন্ন স্থানে ওয়াকওয়ে নির্মাণ করা হয়েছে। কিছু স্থানে ওয়াকওয়ের অসম্পূর্ণ সংযোগ বা মিসিং লিংক রয়েছে। সেগুলোও নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।
অনুষ্ঠানে নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব মো. আতাউর রহমান খান এনডিসি, বিআইডব্লিউটিএর চেয়ারম্যান মুহিদুল ইসলাম, সদস্য ( অর্থ, পরিকল্পনা ও পরিচালন এবং প্রকৌশল)সহ মন্ত্রণালয় ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।