ডেস্ক রিপোর্ট | শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ | প্রিন্ট | ৪২ বার পঠিত | পড়ুন মিনিটে
জ্বালানি তেলের দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে ভর্তুকি দিয়ে বিক্রি করছে সরকার। এতে চলতি বছরের মার্চ থেকে ২৫ অক্টোবর পর্যন্ত বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) লোকসান হয়েছে ২৭ হাজার ৬৬৯ কোটি ৭৯ লাখ টাকা।
একই সময়ে জ্বালানি ও বিদ্যুৎ খাতের সংকট মোকাবিলায় বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট মন্ত্রী।
বৃহস্পতিবার জাতীয় সংসদে জামায়াতে ইসলামীর সংসদ সদস্য সৈয়দ জয়নুল আবেদীনের প্রশ্নের জবাবে জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ জানান, আন্তর্জাতিক বাজারের তুলনায় দেশে কম দামে জ্বালানি তেল বিক্রি করেও আট মাস ধরে নিজস্ব তহবিল দিয়ে আমদানি কার্যক্রম সচল রেখেছে বিপিসি।
আন্তর্জাতিক বাজারে দাম আরও কমলে স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ নির্দেশিকা অনুযায়ী দেশের বাজারেও দাম পুনর্নির্ধারণ করা হবে।
মন্ত্রী জানান, এলপিজির বাজার নিয়ন্ত্রণ ও গ্যাসের সংকট কমাতে সরকারি পর্যায়ে (জিটুজি) চুক্তির মাধ্যমে আমদানির উদ্যোগ নেওয়া হয়েছে।
দ্রুত এলপিজি আমদানির লক্ষ্যে যুক্তরাষ্ট্র ও আলজেরিয়ার সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বাংলাদেশ। আমদানি করা এলপিজি মাতারবাড়ীতে খালাস করা হবে।
পাশাপাশি চট্টগ্রামের সীতাকুণ্ডে বছরে এক লাখ মেট্রিক টন উৎপাদনক্ষমতাসম্পন্ন প্ল্যান্ট স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। মোংলায় প্রায় ১ হাজার ৩০০ কোটি টাকা ব্যয়ে এলপিজি স্টোরেজ ও বটলিং প্ল্যান্ট স্থাপনের পরিকল্পনাও রয়েছে।
সংসদ সদস্য ফরিদা ইয়াসমিনের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, ২০২৫-২৬ অর্থবছরে বিদ্যুতের গড় উৎপাদন খরচ ছিল প্রতি ইউনিট ১১ টাকা ১৬ পয়সা। গ্রাহকদের কাছে প্রতি ইউনিট গড়ে ১০ টাকা ৪০ পয়সা দরে বিদ্যুৎ বিক্রি করা হয়েছে। অন্যদিকে, বেসরকারি বিদ্যুৎকেন্দ্র থেকে প্রতি ইউনিট গড়ে ১৩ টাকা ২০ পয়সা দরে বিদ্যুৎ কিনেছে সরকার। ক্রয়মূল্য ও বিক্রয়মূল্যের পার্থক্য মেটাতে ওই অর্থবছরে বিদ্যুৎ খাতে ৪৩ হাজার ১৯৬ কোটি টাকা ভর্তুকি দেওয়া হয়েছে।
জামায়াতের সংসদ সদস্য খায়রুল কবির খোকনের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, দেশের মোট গ্যাস সরবরাহের প্রায় ৩৫ শতাংশ আমদানি করা এলএনজি পুনর্গ্যাসীকরণের মাধ্যমে পাইপলাইনে সরবরাহ করা হয়। উচ্চমূল্যে এলএনজি আমদানি করে গ্রাহকদের কাছে নির্ধারিত দামে গ্যাস বিক্রি করায় সরকারকে ভর্তুকি দিতে হচ্ছে। ২০২৫-২৬ অর্থবছরে এ খাতে ভর্তুকির পরিমাণ ১৪ হাজার ৬০০ কোটি টাকা।
অন্যদিকে, বিদ্যুৎ-গ্যাস সংকটের পেছনে দীর্ঘদিনের কাঠামোগত দুর্বলতা, অপরিকল্পিত নীতি ও বৈশ্বিক জ্বালানি সংকটকে দায়ী করেন মন্ত্রী। তৃতীয় ভাসমান এলএনজি টার্মিনাল প্রকল্প বাতিল এবং সিঙ্গেল পয়েন্ট মুরিং যথাসময়ে চালু না হওয়ায় সরবরাহে ঘাটতি তৈরি হয়েছে বলেও জানান তিনি।
মন্ত্রী আরও জানান, ২০২৬ সালের ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধের ফলে জ্বালানি তেলের দাম ও সরবরাহে সংকট দেখা দেয়। এর সঙ্গে গত ২১ জুলাই মহেশখালীতে এক্সিলারেট এনার্জির ভাসমান এলএনজি টার্মিনালে আগুনে বৈদ্যুতিক কেব্ল ও যন্ত্রাংশ ক্ষতিগ্রস্ত হয়। এতে গ্যাস সংকট আরও তীব্র হয়।
এদিকে, জামায়াতের সংসদ সদস্য নূরুল ইসলাম বুলবুলের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, প্রিপেইড মিটারে অনুমোদিত লোডের বিপরীতে ডিমান্ড চার্জ ও ভ্যাট কোনো বিশেষ চার্জ নয়; পোস্টপেইড মিটারেও একই নিয়ম প্রযোজ্য।
তবে গ্রাহক নিজে খোলা বাজার থেকে প্রিপেইড মিটার কিনে স্থাপন করলে মাসিক মিটার ভাড়া এড়াতে পারবেন।