ডেস্ক রিপোর্ট | বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ | প্রিন্ট | ১০০ বার পঠিত | পড়ুন মিনিটে
চট্টগ্রাম বন্দরের গুরুত্বপূর্ণ আরেকটি টার্মিনালের নিয়ন্ত্রণ নিতে চায় সৌদি আরবভিত্তিক প্রতিষ্ঠান রেড সি গেটওয়ে টার্মিনাল ইন্টারন্যাশনাল (আরএসজিটিআই)। পতেঙ্গা কনটেইনার টার্মিনাল (পিসিটি) পরিচালনার দায়িত্বে থাকা এই প্রতিষ্ঠানটির নজর এবার চিটাগং কনটেইনার টার্মিনালের (সিসিটি) দিকে। আর প্রতিষ্ঠানটিকে ঘিরে সরকারের আগ্রহের ইঙ্গিতও মিলেছে নৌপরিবহন মন্ত্রণালয়ের এক চিঠিতে।
গত ২৮ সেপ্টেম্বর নৌপরিবহন মন্ত্রণালয়ের উন্নয়ন-১ শাখার সিনিয়র সহকারী সচিব ফারজানা হোসেন স্বাক্ষরিত এক চিঠিতে বন্দরের তিন টার্মিনাল (সিসিটি, জেনারেল কার্গো বার্থ ও দ্য বে পোর্ট-মাল্টিপারপাস টার্মিনাল) পরিচালনার বিষয়ে বিদেশি প্রতিষ্ঠান আরএসজিটিআইয়ের আগ্রহের বিষয়ে বলা হয়েছে। চিঠির শেষ দিকে এই প্রতিষ্ঠানকে চট্টগ্রাম বন্দরের সিসিটি টার্মিনাল পরিচালনায় অপারেটর হিসেবে নিয়োগের প্রক্রিয়া এগিয়ে নিতে বাংলাদেশ ইনভেস্টমেন্ট কর্তৃপক্ষের চেয়ারম্যানকে অনুরোধ করা হয়। যদিও এ বিষয়ে বন্দর কর্তৃপক্ষ কথা বলতে রাজি হয়নি।
একনজরে আরএসজিটিআই
২০২৩ সালের ৬ ডিসেম্বর ২২ বছরের চুক্তিতে পতেঙ্গা টার্মিনালকে তুলে দেওয়া হয় আরএসজিটিআইয়ের হাতে। আরএসজিটিআইয়ের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৪ সালের মাঝামাঝি সময়ে পিসিটির দায়িত্ব নেয় প্রতিষ্ঠানটি। ওই বছরের শেষ ছয় মাসে ৩৪টি, ২০২৫ সালে ৭৮টি এবং ২০২৬ সালের সেপ্টেম্বর পর্যন্ত ১১৩টি জাহাজ হ্যান্ডলিং করেছে তারা। টার্মিনালটির বছরে প্রায় ৪ লাখ ৫০ হাজার থেকে ৫ লাখ টিইইউএস কনটেইনার হ্যান্ডলিং সক্ষমতা রয়েছে।
জানতে চাইলে চট্টগ্রাম চেম্বারের সাবেক পরিচালক মাহফুজুল হক শাহ দেশিয় গণমাধ্যম খবরের কাগজকে বলেন, ‘সরকার সব দিক বিবেচনা করে ভালো, দক্ষ অপারেটর নির্বাচন করবে–সেটাই আমরা বিশ্বাস করি। তবে দেশের স্বার্থ বজায় রেখে সব ধরনের সিদ্ধান্ত নিতে হবে। পাশাপাশি টার্মিনালে বর্তমানে কর্মরত শ্রমিকদের যেন চাকরির সমস্যা না হয়, সেদিকে নজর দিতে হবে। শ্রমিকদের দক্ষতা বাড়াতেও প্রয়োজনীয় প্রশিক্ষণ ব্যবস্থা চালু করতে হবে। এতে আমাদের শ্রমিকরা আরও দক্ষ হয়ে উঠবে। তাহলে তাদের চাহিদা থাকবে।’
দেশীয় অপরেটরের মেয়াদ আর ১২ দিন, আপাতত সিসিটির দায়িত্ব পাচ্ছে কে?
চট্টগ্রাম বন্দরের সিসিটি টার্মিনাল পরিচালনার জন্য মেসার্স সাইফ পাওয়ারটেক লিমিটেডের সঙ্গে বিদ্যমান চুক্তির মেয়াদ বাড়ানো হয়েছে। গত ১ নভেম্বর বন্দর কর্তৃপক্ষের ট্রাফিক পরিচালকের পক্ষে স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়। চিঠিতে উল্লেখ করা হয়, সিসিটি টার্মিনাল পরিচালনার জন্য সাইফ পাওয়ারটেকের সঙ্গে সম্পাদিত পূর্বের চুক্তির মেয়াদ ২ নভেম্বর উত্তীর্ণ হওয়ার কথা ছিল। তবে নতুন অপারেটর নিয়োগের প্রক্রিয়া চলমান থাকায় টার্মিনালের কার্যক্রম নিরবচ্ছিন্ন রাখতে কর্তৃপক্ষ আরও তিন সপ্তাহ টার্মিনালটির কার্যক্রম চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। সে হিসাবে আগামী ২৩ নভেম্বর বর্ধিত মেয়াদ শেষ হচ্ছে। বিগত ২০ বছর ধরে সিসিটি টার্মিনাল পরিচালনা করে আসছে সাইফ পাওয়ারটেক।
এরপর সিসিটি টার্মিনাল কে চালাবে–এমন প্রশ্ন উঠেছে বন্দর ব্যবহারকারী ও শ্রমিকনেতাদের মধ্যে। যদিও বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনালের (এনসিটি) মতো সিসিটির দায়িত্ব আপাতত নৌবাহিনীর অধীন চিটাগং ড্রাই ডক লিমিটেডকে পরিচালনার ভার দেওয়ার গুঞ্জন উঠেছে।
এ বিষয়ে জানতে চাইলে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব সৈয়দ রেফায়েত হামিম খবরের কাগজকে বলেন, সিসিটি পরিচালনায় বর্তমান অপারেটরের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়বে কি না অথবা টার্মিনালটি পরিচালনার ভার ড্রাই ডককে দেওয়া হবে কি না–এসব বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। বর্তমান অপারেটরের সঙ্গে বর্ধিত চুক্তির মেয়াদ শেষ হলে তখন পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
আর ইজারা চুক্তি চান না শ্রমিকনেতারা
শ্রমিক-কর্মচারী ঐক্য পরিষদ চট্টগ্রামের (স্কপ) যুগ্ম আহ্বায়ক রবিউল হক শিমুল খবরের কাগজকে বলেন, ‘এনসিটি, সিসিটিসহ সব টার্মিনাল পরিচালনায় বিদেশি অপারেটরের সঙ্গে চুক্তি কোনোভাবেই কাম্য নয়। আমরা এর বিরুদ্ধে সব সময় আন্দোলন-সংগ্রাম করে এসেছি। আমরা কিন্তু এখনো আন্দোলন থেকে সরে আসিনি। সরকার অতীতে যেসব চুক্তি করেছে, সেগুলো বাতিল করুক। পাশাপাশি আর কোনো বিদেশি প্রতিষ্ঠানের সঙ্গে যেন চুক্তি না হয়–সেটাই আমরা কামনা করি।’
চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের অন্যতম সমন্বয়ক মো. ইব্রাহিম খোকন খবরের কাগজকে বলেন, ‘শ্রমিকদের চাকরির নিরাপত্তা নিয়ে আমরা সবচেয়ে বেশি চিন্তায় আছি। যদিও শ্রমিকদের চাকরির নিশ্চয়তার বিষয়ে সরকার আশ্বাস দিচ্ছে। কিন্তু সরকার যদি একে একে সব টার্মিনাল বিদেশিদের হাতে দিয়ে দিতে চায়, সেটা তো আমরা মেনে নেব না। সিসিটিসহ অন্যান্য টার্মিনাল বিদেশি অপারেটরের হাতে দিতে চাইলে আমরা এবার কঠোর আন্দোলনে যাব।’
সৌজন্যে খবরের কাগজ