ডেস্ক রিপোর্ট | বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬ | প্রিন্ট | ৩৭ বার পঠিত | পড়ুন মিনিটে
“নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে লালমনিরহাটে নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়েছে।
বুধবার (২৮ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে জেলা প্রশাসন ও বিআরটিএ-এর যৌথ উদ্যোগে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে মিশন মোড় এলাকায় একটি মানববন্ধন কর্মসূচি পালিত হয় এবং পরবর্তীতে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা সার্কিট হাউসে গিয়ে শেষ হয়।
র্যালি ও মানববন্ধনের পর সার্কিট হাউস সম্মেলনকক্ষে জেলা প্রশাসক মুহ: রাশেদুল হক প্রধানের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জেআর সারোয়ার, অতিরিক্ত পুলিশ সুপার শাহাদত হোসেন সুমা, জেলা মোটর মালিক সমিতির সাধারণ সম্পাদক রেজাউল করিম বসুনিয়া এবং বিআরটিএ-এর সহকারী পরিচালক ফয়সাল হাসান।
বক্তারা নিরাপদ সড়ক নিশ্চিত করতে ট্রাফিক আইন মেনে চলা, দক্ষ চালক তৈরি এবং সচেতনতা বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠান শেষে লালমনিরহাট জেলার চারজন দক্ষ চালককে সম্মাননা হিসেবে সনদ ও ক্রেস্ট প্রদান করা হয়।
এ সময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, পরিবহন মালিক-শ্রমিক সমিতির সদস্য এবং বিআরটিএ-এর কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন