ডেস্ক রিপোর্ট | বুধবার, ২৮ অক্টোবর ২০২৬ | প্রিন্ট | ২৭ বার পঠিত | পড়ুন মিনিটে
‘নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে পাবনায় জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়েছে।
বুধবার (২৮ অক্টোবর) সকালে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) পাবনা সার্কেলের উদ্যোগে এবং জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
সকালে পাবনা কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকা থেকে র্যালিটি বের করা হয়। র্যালিটি টার্মিনাল এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা মোটর মালিক গ্রুপের হলরুমে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট লিটন ঢালীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনার জেলা প্রশাসক আমিনুল ইসলাম। প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন পুলিশ সুপার আবু আশ্রাফ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিআরটিএ পাবনা সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ার) আলতাব হোসেন। এ সময় আরও উপস্থিত ছিলেন পাবনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, ট্রাফিক ইন্সপেক্টর সাদাকাতুল বারী, বিআরটিএ পাবনার ইন্সপেক্টর এস এম ফরিদুর রহিম, মোটর মালিক গ্রুপের সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম মমিন, শ্রমিক ইউনিয়নের সভাপতি ফিরোজ খান, মালিক সমিতির সাধারণ সম্পাদক রেহানুল ইসলাম বুলাল এবং জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল বারিকসহ পরিবহন খাতের বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা।
আলোচনা সভায় বক্তারা বলেন, সড়ক দুর্ঘটনা প্রতিরোধে চালক, যাত্রী ও পথচারীসহ সবার মধ্যে সচেতনতা বাড়ানো জরুরি। এ জন্য ট্রাফিক আইন মেনে চলা, নির্ধারিত গতিসীমা অনুসরণ, দক্ষ ও প্রশিক্ষিত চালক দিয়ে যানবাহন পরিচালনা এবং ফিটনেসবিহীন যানবাহনের চলাচল বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে হবে। সড়কে শৃঙ্খলা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব পক্ষকে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে বলেও তাঁরা গুরুত্বারোপ করেন।
আলোচনা সভা শেষে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত ১০ জনের পরিবারের সদস্যদের হাতে আর্থিক অনুদানের চেক তুলে দেওয়া হয়। এ ছাড়া সেরা চালককে ক্রেস্ট ও সনদপত্র দেওয়া হয়।