ডেস্ক রিপোর্ট | বুধবার, ২৮ অক্টোবর ২০২৬ | প্রিন্ট | ৪০ বার পঠিত | পড়ুন মিনিটে
‘নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে নানা আয়োজনে বান্দরবানে উদযাপিত হয়েছে জাতীয় নিরাপদ সড়ক দিবস।
বুধবার (২৮ অক্টোবর) সকালে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) বান্দরবান সার্কেলের আয়োজনে এবং জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শোভাযাত্রাটির উদ্বোধন করেন জেলা প্রশাসক নাজনীন সুলতানা।
শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তারা নিরাপদ সড়ক নিশ্চিত করতে সবাইকে ট্রাফিক আইন মেনে চলার আহ্বান জানান। পাশাপাশি সড়কে চলাচলের সময় আরও সতর্কতা অবলম্বনের ওপর গুরুত্বারোপ করেন তারা।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এস এম হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক নাজনীন সুলতানা। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার মো. ফরহাদ সরদার, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) বান্দরবান সার্কেলের মোটরযান পরিদর্শক আরিফুল ইসলাম, সহকারী মোটরযান পরিদর্শক আরিফুল ইসলাম, প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, জেলা তথ্য কর্মকর্তা মো. আনোয়ার হোসেনসহ বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।