ডেস্ক রিপোর্ট | মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬ | প্রিন্ট | ৪৩ বার পঠিত | পড়ুন মিনিটে
গ্র্যাচুইটিসহ বিভিন্ন আর্থিক সুবিধা থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে চট্টগ্রাম বন্দরের গুরুত্বপূর্ণ দুটি কনটেইনার টার্মিনাল নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ও চিটাগাং কনটেইনার টার্মিনালে (সিসিটি) পণ্য ওঠানামা বন্ধ রেখেছেন শ্রমিকরা।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল সাড়ে ৯টা থেকে কর্মবিরতি শুরু করেন অন্তত পাঁচ শতাধিক শ্রমিক।
কর্মবিরতির কারণে সিসিটিতে দুটি ও এনসিটিতে বার্থিংয়ে থাকা পাঁচটি জাহাজ থেকে কনটেইনার খালাস কার্যক্রম বন্ধ রয়েছে।
শ্রমিকরা বলছেন, ‘বকেয়া বেতন, বোনাস, গ্র্যাচুইটি, করোনাকালীন বোনাস, সরকারি ছুটির দিনে কাজের পারিশ্রমিক এবং দুই ঈদের বোনাসসহ বিভিন্ন আর্থিক পাওনা- এসবই তাদের মূল দাবি। এনসিটি বর্তমানে পরিচালনা করছে নৌবাহিনীর প্রতিষ্ঠান চিটাগাং ড্রাইডক লিমিটেড। এর আগে টার্মিনালটি পরিচালনা করেছে সাইফ পাওয়ারটেক লিমিটেড। সাইফ পাওয়ারটেক বর্তমানে সিসিটি টার্মিনাল পরিচালনা করছে। আগামী ২৩ নভেম্বর প্রতিষ্ঠানটির সাথে বন্দরের চুক্তির মেয়াদ শেষ হবে।’
কিন্তু কয়েক মাস ধরে বেতন ও বিভিন্ন পাওনা পরিশোধের দাবি জানিয়ে আসছেন শ্রমিকরা। সাইফ পাওয়ারটেক কর্তৃপক্ষকে একাধিকবার আলটিমেটাম দিলেও পাওনা পরিশোধে কোনো উদ্যোগ নেওয়া হয়নি। পাশাপাশি বন্দরের পরিচালক (পরিবহন) গোলাম মোহাম্মদ সারোয়ারুল ইসলামকে একাধিকবার জানানো হলেও কোনো কার্যকর সমাধান মেলেনি। তাই বাধ্য হয়েই তারা কর্মবিরতিতে গেছেন।
সাইফ পাওয়ারটেক লিমিটেডে কর্মরত শ্রমিক মো. ফারুক জানিয়েছেন, বর্তমানে সাতটি বার্থে কাজ বন্ধ রয়েছে। এসব বার্থে পণ্যবাহী সাতটি জাহাজ অবস্থান করছে। দাবি না মানা পর্যন্ত তারা কাজ বন্ধ রাখবেন।
বন্দরের সচিব সৈয়দ রেফায়েত হামিম খবরের কাগজকে বলেন, শ্রমিকদের সঙ্গে আলোচনা চলছে। এখন এর বাইরে আর কিছু বলা যাচ্ছে না। তবে তিনি দাবি করছেন, বন্দরের কার্যক্রম স্বাভাবিকভাবে চলছে।
উল্লেখ্য, চট্টগ্রাম বন্দরের এনসিটি পরিচালনায় গত ৮ অক্টোবর বন্দরের সাথে সংযুক্ত আরব আমিরাতভিত্তিক প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ড এর ইজারা চুক্তি হয় ১৫ বছরের জন্য। আগামী কয়েক মাসের মধ্যে প্রতিষ্ঠানটি এনসিটির দায়িত্ব গ্রহণ করবে। বর্তমানে এনসিটি পরিচালনা করছে ড্রাইডক লিমিটেড। অপরদিকে সিসিটি পরিচালনার দায়িত্ব সৌদি আরবভিত্তিক প্রতিষ্ঠান রেড সি গেটওয়ে টার্মিনালকে দেওয়ার বিষয়ে প্রক্রিয়া এগিয়ে নিচ্ছে সরকার। বর্তমানে সাইফ পাওয়ারটেক লিমিটেড টার্মিনালটি পরিচালনা করলেও ২৩ নভেম্বর চুক্তির মেয়াদ শেষ হবে৷ এরপর সিসিটি টার্মিনাল চিটাগাং ড্রাইডকের মাধ্যমে পরিচালনার প্রক্রিয়ার বিষয়ে গুঞ্জন উঠেছে। যদিও বন্দর কর্তৃপক্ষ এবিষয়ে আনুষ্ঠানিকভাবে বক্তব্য দিতে রাজি নয়।