ডেস্ক রিপোর্ট | মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬ | প্রিন্ট | ৫৫ বার পঠিত | পড়ুন মিনিটে
চট্টগ্রাম মহানগরের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও জননিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ নিরাপত্তা টহল জোরদার করেছে জেলা প্রশাসন। নগরীর গুরুত্বপূর্ণ স্থাপনা, শিল্পাঞ্চল ও সংবেদনশীল এলাকাগুলোতে নিবিড় নজরদারির পাশাপাশি নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ব্যক্তিদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) দিবাগত রাতে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার নির্দেশনায় এ বিশেষ টহল ও তদারকি পরিচালনা করা হয়। চারটি সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে এসব কার্যক্রম চলে।
জেলা প্রশাসন জানায়, বাকলিয়া সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিফাত বিনতে আরার নেতৃত্বে কোর্ট বিল্ডিং, সার্কিট হাউস ও ডিসি হিলসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় টহল দেওয়া হয়। এ সময় নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত কর্মীদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়।
অন্যদিকে, আগ্রাবাদ সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দেবব্রত দাশের নেতৃত্বে সদরঘাট, দেওয়ানহাট, ডাবলমুরিং ও বন্দর থানা এলাকায় তদারকি করা হয়। পতেঙ্গা সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহীদ ইশরাকের নেতৃত্বে পতেঙ্গা, ইপিজেড ও বন্দর থানা এলাকার গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল স্থানগুলোতে বিশেষ নজরদারি চালানো হয়।
এ ছাড়া চান্দগাঁও সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আল আমিন হোসেনের নেতৃত্বে পাঁচলাইশ এলাকার ফ্লাইওভার, মুরাদপুর, বহদ্দারহাট ও চান্দগাঁও থানার কালুরঘাট বিসিক শিল্পনগরী এলাকায় টহল পরিচালনা করা হয়।
জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, টহল ও তদারকির সময় সংশ্লিষ্ট এলাকাগুলোর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও নিয়ন্ত্রণে পাওয়া গেছে। কোথাও কোনো ধরনের অসংগতি বা বিশৃঙ্খলার তথ্য পাওয়া যায়নি।