|

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

পদ্মা সেতুতে পাটুরিয়া-দৌলতদিয়ার চিত্রবদল, কর্মহীন হাজারো মানুষ

ডেস্ক রিপোর্ট   |   বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ৭৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

পদ্মা সেতুতে পাটুরিয়া-দৌলতদিয়ার চিত্রবদল, কর্মহীন হাজারো মানুষ

একসময় যানবাহনের দীর্ঘ সারি, যাত্রীদের অপেক্ষা আর মানুষের কোলাহলে দিন-রাত মুখর থাকত পাটুরিয়া-দৌলতদিয়া ফেরিঘাট। দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার মানুষের রাজধানীতে যাতায়াতের অন্যতম প্রধান এই নৌপথে ফেরি পারাপারের অপেক্ষায় ঘণ্টার পর ঘণ্টা সময় কাটত যাত্রী ও চালকদের। সেই অপেক্ষাকে ঘিরেই জমজমাট ছিল ঘাটকেন্দ্রিক ব্যবসা-বাণিজ্য। কিন্তু পদ্মা সেতু চালুর পর বদলে গেছে চিরচেনা সেই দৃশ্যপট। কমেছে যানবাহন, যাত্রীর চাপ ও ফেরির ব্যস্ততা।

ঘাটের এই পরিবর্তনে জীবিকা হারিয়ে কর্মহীন হয়ে পড়েছেন হকার, ক্ষুদ্র ব্যবসায়ী ও শ্রমজীবীসহ হাজারো মানুষ। যারা এখনো টিকে আছেন, তাদের অনেকেরই দিন কাটছে চরম অনিশ্চয়তায়।

জানা যায়, ২০২২ সালের ২৫ জুন মুন্সীগঞ্জের মাওয়া ও শরীয়তপুরের জাজিরা প্রান্তকে যুক্ত করে উদ্বোধন করা হয় পদ্মা সেতু। পরদিন ২৬ জুন থেকে যান চলাচলের জন্য খুলে দেওয়া হয় সেতুটি। এরপর থেকেই দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অধিকাংশ জেলার মানুষ ঢাকা যাতায়াতে পদ্মা সেতুকে বেছে নিতে শুরু করেন। এর সরাসরি প্রভাব পড়ে মানিকগঞ্জের পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে।

পদ্মা সেতু চালুর আগে এই নৌপথে প্রতিদিন হাজার হাজার যানবাহন ও মানুষ পারাপার হতো। বিশেষ করে ঈদ ও বিভিন্ন ছুটির সময়ে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হতো ঘাট এলাকায়। ঘণ্টার পর ঘণ্টা ফেরির অপেক্ষায় থাকতে হতো বাস, ট্রাক, ব্যক্তিগত গাড়ি ও যাত্রীদের। আর এই অপেক্ষাই ছিল ঘাটকেন্দ্রিক ছোট ব্যবসায়ীদের আয়ের অন্যতম উৎস।

ফেরিতে ফেরিতে ঘুরে খাবার বিক্রি করতেন হকাররা। ঘাট এলাকায় ছিল ছোট ছোট হোটেল, চায়ের দোকান ও বিভিন্ন পণ্যের দোকান। যাত্রীদের ভিড়ে দিনভর চলত বেচাকেনা। কিন্তু পদ্মা সেতু চালুর পর যানবাহনের চাপ কমে যাওয়ায় সেই ব্যবসায় বড় ধরনের ধস নেমেছে। অনেক দোকান বন্ধ হয়ে গেছে, অনেক হকার পেশা পরিবর্তন করতে বাধ্য হয়েছেন। আর যারা এখনো ব্যবসা ধরে রেখেছেন, তাদের অধিকাংশেরই আয় নেমে এসেছে আগের তুলনায় অনেক নিচে।

স্থানীয় ব্যবসায়ীরা জানান, আগে প্রতিদিন যে পরিমাণ বেচাকেনা হতো, এখন তার সামান্য অংশও হয় না। মাঝেমধ্যে দু-একটি যানবাহন বা যাত্রী এলে কিছু বিক্রি হয়। বাকি সময় ক্রেতার অপেক্ষায় অলস বসে থাকতে হয়। আয় কমে যাওয়ায় অনেকের সংসার চালানোই কঠিন হয়ে পড়েছে।

পাটুরিয়া ৩নং ফেরি ঘাটের ছোট্ট মুদি দোকান নিয়ে ব্যাবসা করছেন মোখলেস। তিনি বলেন, পদ্মা সেতু হওয়ার আগে আল্লাহর রহমতে আমাদের ইনকাম খুব ভালো ছিল। তাতে সংসার চলার মতো পরিবেশ ছিল। আর এখন যে পরিস্থিতি হইছে গাড়ি নাই, জামজট নাই, লোকজনও নাই, খুবই কম সীমিত। এতে আমাদের যা রোজগার করতেছি এতে সংসার চলে না। ভয়াবহ অবস্থার মধ্যে আমরা আছি।

হোটেল ব্যাবসায়ী হারূণ বলেন, ‘পদ্মা সেতু হওয়ার পরে আমাদের বেচাকেনা একবারে শেষ। এখন কি যে করব, নিজেই খাইবার পারতেছি না, খুব কষ্ট! আগে খুব ভালো বেচাকেনা হতো ভাই, অনেক বেচাকেনা হইতো। আগে সংসারটা চলতো ভালোই, এখন তো কোনো মতোন ডাল-ভাত খেয়ে বাঁচতেছি।’

ফেরিঘাট এলাকার আনারস বিক্রেতা আব্দুল জলীল বলেন, ‘পদ্মা সেতু হওয়ার পর, গাড়িঘোড়া কম, যাত্রী কম, আমাদের বেচাকেনিও কম। চলাফেরা একটু অসুবিধা, কোনমতে ডালভাত খেয়ে বাঁইচে আছি।’

সামাদ নামের এক হকার জানান, ‘এখন বেচাকিনি খুব কম। প্রতিদিন ৪০০ থেকে ৫০০ কইরা কামাই করি। পরিবারে আমি একাই কামাই করি, তাই খর্চা বেশি। এভাবে কোনো মতে করে চলতেছে আর কি।’

শুধু ব্যবসায়ীরাই নন, বদলে যাওয়া পরিস্থিতিতে ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও যানবাহন চালকরাও। তাদের ভাষ্য, আগে ফেরির জন্য দীর্ঘ সময় অপেক্ষা করতে হলেও এখন অনেক সময় যানবাহনের অপেক্ষায় বসে থাকে ফেরি। তবে পর্যাপ্ত যানবাহন না থাকায় ফেরি ছাড়তে দেরি হয়। ফলে আগের মতো দীর্ঘ যানজট না থাকলেও ফেরিতে ওঠার অপেক্ষায় সময় নষ্ট হচ্ছে।

সোহাগ পরিবহন বাসের স্টাফ জাহাঙ্গীর হোসেন বলেন, ‘আগের তুলনায় জ্যাম-ভোগান্তি অনেকটাই কমছে। তবে ফেরিতে পারাপারের সময় অনেক কষ্ট হয়। অনেক সময় ফেরিতে উঠে বসে থাকা লাগে, গাড়ি থাকে না। আবার কখনো গাড়ি ঘাটে দাঁড়ায় থাকে, তখন ফেরি পাওয়া যায় না। এই ভোগান্তি তো আছেই। এখানে একটা ব্রিজ হলে আর এসব কষ্ট থাকবো না, যাতায়াত অনেক সহজ হবে। বিশেষ করে রাজবাড়ী-ফরিদপুরের যাত্রীদের অনেক ভোগান্তি পোহাতে হয়। আমাদের দাবি, এখানে দ্রুত একটা ব্রিজ করা হোক।’

ফরিদপুরগামী তমাল হোসেন নামের এক যাত্রী জানান, ‘আগে ঘাটে অনেক জ্যাম থাকত, ঘণ্টার পর ঘণ্টা গাড়িতে বসে থাকতে হইত। এখন সেই তুলনায় জ্যাম অনেক কম। কিন্তু সমস্যা হইছে, অনেক সময় ঘাটে আইসা গাড়িতে বসে থাকতে হয়, ফেরি পাওয়া যায় না। আবার ফেরি থাকলেও গাড়ি না থাকায় ছাড়তে দেরি হয়। এতে সময় নষ্ট হয়, যাত্রীদেরও কষ্ট হয়। এখানে একটা ব্রিজ হইলে এই ঝামেলা আর থাকত না। আমরা চাই, সরকার যেন এই ব্রিজ নির্মাণের বিষয়টা গুরুত্ব দিয়া দেখে।’

বিআইডব্লিউটিসি সূত্রে জানা গেছে, পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে যানবাহনের সংখ্যা কমে যাওয়ায় ফেরি পরিচালনাতেও এসেছে পরিবর্তন। পদ্মা সেতু চালুর আগে এই নৌপথের পাঁচটি ঘাট দিয়ে ২০ থেকে ২২টি ফেরি চলাচল করত। বর্তমানে চারটি ঘাটে মোট ১৮টি ফেরি রয়েছে। তবে যানবাহনের চাহিদার ওপর ভিত্তি করে রোটেশন পদ্ধতিতে প্রতিদিন ৯ থেকে ১০টি ফেরি পরিচালনা করা হচ্ছে। আগের তুলনায় যানবাহনের চাপ প্রায় অর্ধেকে নেমে এসেছে।

এদিকে, দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের উদ্যোগ নিয়েও নতুন করে আলোচনা শুরু হয়েছে। গত ৩ নভেম্বর দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের পরিকল্পনা এগিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ নিয়ে অনুষ্ঠিত বৈঠকে ওয়াই-আকৃতির দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের পরিকল্পনা নিয়ে আলোচনা হয়েছে। আগামী বছরের সেপ্টেম্বরে সম্ভাব্যতা সমীক্ষা শেষ হওয়ার পর সেতুর অবস্থান, নকশা ও নির্মাণব্যয়ের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার কথা রয়েছে। দ্বিতীয় পদ্মা সেতু নির্মিত হলে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সঙ্গে রাজধানীর যোগাযোগ আরও সহজ হবে বলে আশা করা হচ্ছে।

সচেতন মহলের মতে, পদ্মা সেতু চালুর ফলে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের যাতায়াত সহজ হয়েছে, কমেছে দীর্ঘ যানজট ও ফেরির জন্য অপেক্ষার ভোগান্তি। তবে এর প্রভাবে পাটুরিয়া-দৌলতদিয়া ঘাটকেন্দ্রিক অর্থনীতিতে তৈরি হয়েছে নতুন সংকট। একসময়ের কর্ম ব্যস্ততার এই ঘাটে ব্যবসা-বাণিজ্যে মন্দা দেখা দেওয়ায় জীবিকা নিয়ে অনিশ্চয়তায় পড়েছেন হাজারো মানুষ।

তাদের মতে, শুধু যোগাযোগব্যবস্থার উন্নয়নই যথেষ্ট নয়, ঘাটের সঙ্গে জড়িয়ে থাকা মানুষের জীবন-জীবিকার বিষয়টিও গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে। এ জন্য ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও শ্রমজীবী মানুষের বিকল্প কর্মসংস্থান সৃষ্টি, নতুন বিনিয়োগে আকৃষ্ট করা এবং ঘাটকেন্দ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ড পুনরুজ্জীবনে সরকারের সমন্বিত ও কার্যকর উদ্যোগ প্রয়োজন।

বিআইডব্লিউটিসি আরিচা অঞ্চলের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) আব্দুস সালাম বলেন, পদ্মা সেতু হওয়ার পূর্বে যে পরিমাণ গাড়ি ট্রাফিকে ছিল তা এখন অর্ধেকে নেমে এসেছে। তখন পাঁচটি ঘাটে ২০-২২টি ফেরি দিয়ে সার্ভিস পরিচালনা করা হয়েছে। আর এখন গাড়ির সংখ্যা কমার কারণে ৪টি ঘাটে মোট ১৮টি ফেরি চলাচল করছে। যা গাড়ির চাহিদা ওপর ভিত্তি করে বাই রোটেশনে প্রত্যেকদিন ৯-১০টি ফেরি চালানো হয়। সূত্র ঢাকা পোস্ট

Advertise with us
Advertise with us
নদী দূষণের উৎস হিসেবে ৪২৬টি...
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
টানা চতুর্থ দফায় কমল স্বর্ণের...
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
আরও
Advertise with us

ফলো করুন Passenger Voice-এর খবর

Editor and Publisher
SAMSUDDIN CHOWDHURY
Dhaka Office
  • 26 Delwar Complex, Tikatuli, Wari, Bangladesh.
Chittagong Office
  • 35 Kadam Mobarak By-Lane, Jashim Bhaban (4th Floor), Momin Road, Chittagong.
Contact