ডেস্ক রিপোর্ট | মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬ | প্রিন্ট | ২৭ বার পঠিত | পড়ুন মিনিটে
চাঁপাইনবাবগঞ্জে অবৈধভাবে কালোবাজারে বিক্রির উদ্দেশ্যে নিয়ে আসার অভিযোগে ট্রাকভর্তি ৭০০ বস্তা ইউরিয়া সার জব্দ করেছে পুলিশ। এ সময় ট্রাকচালক আব্দুল মান্নানকে আটক করা হয়েছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে সদর উপজেলার মহারাজপুর মেলার মোড় থেকে সারবোঝাই ট্রাকটি জব্দ করা হয়।
আটক আব্দুল মান্নান যশোরের অভয়নগর উপজেলার মশিউরনগর এলাকার আব্দুর রহিমের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, যশোরের নওয়াপাড়া থেকে ট্রাকভর্তি ইউরিয়া সার চাঁপাইনবাবগঞ্জের গোলাপেরহাট এলাকার বিসিআইসির সার ডিলার হুমায়ুন কবিরের গুদামে নেওয়া হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সারসহ ট্রাকটি জব্দ করে থানায় নিয়ে যায়।
পুলিশের প্রাথমিক ধারণা, কালোবাজারে বিক্রির উদ্দেশ্যে এসব সার যশোর থেকে চাঁপাইনবাবগঞ্জে আনা হচ্ছিল। অভিযান চালিয়ে ৭০০ বস্তা সার জব্দ করা হলেও সংশ্লিষ্ট ডিলারকে ঘটনাস্থলে পাওয়া যায়নি।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন আকন্দ বলেন, অবৈধভাবে কালোবাজারে নেওয়ার পথে ৭০০ বস্তা ইউরিয়া সার জব্দ করা হয়েছে। উদ্ধার করা সার বর্তমানে থানায় রাখা হয়েছে। এর সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনতে পুলিশের অভিযান চলছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।