|

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

কর্ণফুলী ড্রেজিংয়ে ব্যয় বেড়ে ৩২১ কোটি, বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন

ডেস্ক রিপোর্ট   |   রবিবার, ২২ নভেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ৫৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

কর্ণফুলী ড্রেজিংয়ে ব্যয় বেড়ে ৩২১ কোটি, বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন

কর্ণফুলী নদীর ক্যাপিটাল ড্রেজিং প্রকল্পের ব্যয় ৭১ কোটি ২৮ লাখ টাকা থেকে বেড়ে দাঁড়িয়েছে ৩২১ কোটি ৮৮ লাখ টাকায়। কয়েক বছরের ব্যবধানে প্রকল্পের ব্যয় প্রায় সাড়ে চার গুণ বাড়লেও ড্রেজিংয়ের বর্জ্য ব্যবস্থাপনায় অনিয়মের অভিযোগ উঠেছে। বাংলাদেশ নদী ও জলাশয় রক্ষা আন্দোলনের দাবি, বুয়েটের সমীক্ষায় দেওয়া সুপারিশ উপেক্ষা করে নদী থেকে উত্তোলিত বালি ও বর্জ্য বিভিন্ন খাল এবং নদীতীরবর্তী এলাকায় ফেলা হচ্ছে।

একই সঙ্গে কর্ণফুলী নদী ভরাট করে স্থাপনা নির্মাণ, নদীতীরবর্তী শিল্পকারখানার জেটি স্থাপন এবং ভারী যানবাহন চলাচলের কারণে পরিবেশ ও জনস্বাস্থ্যের ঝুঁকি বাড়ছে বলে অভিযোগ করেছে সংগঠনটি। এসব সমস্যা সমাধানে হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী নদীর তীরের ২ হাজার ১৮১টি অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবি জানিয়েছে তারা।

রোববার (২২ নভেম্বর) চট্টগ্রামের ফিরিঙ্গীবাজার অভয়মিত্র ঘাটের ছাত্রী ছাউনিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ ও দাবি তুলে ধরা হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জানানো হয়, ২০১৩ সালে কর্ণফুলী নদীর ক্যাপিটাল ড্রেজিং প্রকল্পের প্রাথমিক ব্যয় ধরা হয়েছিল ৭১ কোটি ২৮ লাখ টাকা। ২০১৮ সালে সংশোধিত হিসাবে তা বেড়ে দাঁড়ায় ১৮৩ কোটি ৬১ লাখ টাকা। পরে ২০২০ সালে প্রকল্পের ব্যয় আরও বাড়িয়ে নির্ধারণ করা হয় ৩২১ কোটি ৮৮ লাখ টাকা। অর্থাৎ কয়েক বছরের ব্যবধানে প্রকল্পের ব্যয় বেড়েছে প্রায় সাড়ে চার গুণ।

লিখিত বক্তব্যে আরও বলা হয়, বুয়েটের ২০১৬ সালের সমীক্ষায় ড্রেজিংয়ের মাধ্যমে উত্তোলিত বর্জ্য সংরক্ষণের জন্য নাজিরচরে প্রায় ১৯০ একর জায়গায় বিশেষ ব্যবস্থাপনা গড়ে তোলার সুপারিশ করা হয়েছিল। তবে সেই সুপারিশ অনুসরণ না করে নদী থেকে উত্তোলিত বালি ও বর্জ্য বিভিন্ন খাল এবং নদীতীরবর্তী এলাকায় ফেলা হচ্ছে বলে অভিযোগ সংগঠনটির। এতে নদীর নাব্যতা, পানির স্বাভাবিক প্রবাহ ও পরিবেশের ওপর বিরূপ প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে।

সংবাদ সম্মেলনে মনোহরখালী ডেল্টা-২ এলাকায় প্রায় ৬০০ মিটার দীর্ঘ লাইটার জেটি নিয়েও উদ্বেগ প্রকাশ করা হয়। সংগঠনটির অভিযোগ, এই জেটি ব্যবহার করে সিমেন্ট কারখানার ক্লিংকার ও ইস্পাত কারখানার লোহার স্ল্যাগ খালাসের পরিকল্পনা করা হচ্ছে। এতে নদী ও আশপাশের পরিবেশ দূষণের ঝুঁকি তৈরি হতে পারে।

এ ছাড়া এসব পণ্য পরিবহনে ভারী ট্রাক ও লরির অতিরিক্ত চলাচলে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে দাবি করা হয়। এতে যানজট ও সড়ক দুর্ঘটনার ঝুঁকির পাশাপাশি সাধারণ মানুষের দুর্ভোগ বাড়ছে। শিল্পকারখানার পণ্য পরিবহনে ভারী যানবাহন চলাচল নিয়ন্ত্রণেরও দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে কর্ণফুলী নদী ও সংযুক্ত খালগুলোর দখল-দূষণ বন্ধ, ড্রেজিং প্রকল্পের ব্যয় ও বর্জ্য ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিত, নদীতীরের অবৈধ স্থাপনা উচ্ছেদ, শিল্পকারখানার পরিবেশগত ছাড়পত্র যাচাই এবং ভারী যানবাহন চলাচল নিয়ন্ত্রণসহ ১৫ দফা দাবি তুলে ধরা হয়।

বাংলাদেশের মুক্তিসংগ্রাম ও মুক্তিযুদ্ধ গবেষণা কেন্দ্র ট্রাস্টের চেয়ারম্যান ডা. মাহফুজুর রহমানের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, চট্টগ্রাম নদী ও খাল রক্ষা আন্দোলনের সাধারণ সম্পাদক আলীউর রহমান। এ সময় মুক্তিযোদ্ধা সোহরাব হোসেন, চট্টগ্রাম নদী ও খাল রক্ষা আন্দোলনের সভাপতি চৌধুরী ফরিদ, বাংলাদেশ জাহাজী শ্রমিক ফেডারেশনের সভাপতি এম নুরুল হুদা চৌধুরী, কর্ণফুলী নদী সাম্পান মাঝি কল্যাণ সমিতি ফেডারেশনের সিনিয়র সহসভাপতি জাফর আহমদসহ বিভিন্ন সংগঠনের নেতা ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Advertise with us
Advertise with us
দক্ষ ও যোগ্য মানবসম্পদ গড়ে...
রবিবার, ২২ নভেম্বর ২০২৬
তিন দিন পর সেন্ট মার্টিনে...
রবিবার, ২২ নভেম্বর ২০২৬
২৪ ঘণ্টার মধ্যে পর্ষদ না...
রবিবার, ২২ নভেম্বর ২০২৬
আরও
Advertise with us

ফলো করুন Passenger Voice-এর খবর

Editor and Publisher
SAMSUDDIN CHOWDHURY
Dhaka Office
  • 26 Delwar Complex, Tikatuli, Wari, Bangladesh.
Chittagong Office
  • 35 Kadam Mobarak By-Lane, Jashim Bhaban (4th Floor), Momin Road, Chittagong.
Contact