|

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

ঢাকা-চট্টগ্রাম যাতায়াত মাত্র তিন ঘণ্টায়, আসছে সোয়া লাখ কোটি টাকার এক্সপ্রেসওয়ে

ডেস্ক রিপোর্ট   |   রবিবার, ২২ নভেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ৩৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ঢাকা-চট্টগ্রাম যাতায়াত মাত্র তিন ঘণ্টায়, আসছে সোয়া লাখ কোটি টাকার এক্সপ্রেসওয়ে

ঢাকা-চট্টগ্রাম পথে ‘মেগা’ প্রকল্প নিতে যাচ্ছে সরকার। লক্ষ্য, বিদ্যমান মহাসড়কটিকে প্রবেশ–নিয়ন্ত্রিত এক্সপ্রেসওয়েতে রূপান্তর। প্রায় আড়াই শ কিলোমিটারের মহাসড়কটি কোথাও উড়ালপথে, কোথাও হবে মাটিতে। অটোরিকশা, রিকশা, মোটরসাইকেলসহ স্থানীয় যানবাহন মহাসড়কে প্রবেশ করতে পারবে না। প্রকল্প বাস্তবায়িত হলে ঢাকা থেকে চট্টগ্রামে যাতায়াতে সময় লাগবে মাত্র তিন ঘণ্টা। এখন সময় লাগে গড়ে সাত ঘণ্টা। যানজট, দুর্যোগে যাতায়াতের সময় আরও বাড়ে। এক্সপ্রেসওয়ে ব্যবহারে দিতে হবে টোল।

প্রস্তাবিত এক্সপ্রেসওয়ে ঢাকার যাত্রাবাড়ী থেকে শুরু হয়ে চট্টগ্রামের সাগরিকা মোড় পর্যন্ত যাবে। এটি বর্তমান ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের (এন-১) পথ অনুসরণ করবে। তবে সাধারণ মহাসড়কের মতো যেকোনো স্থান দিয়ে এতে যানবাহন ওঠানামা করতে পারবে না। নির্ধারিত প্রবেশ ও বের হওয়ার পথ ব্যবহার করতে হবে। পুরো এক্সপ্রেসওয়ের দৈর্ঘ্য প্রায় ২৩৩ কিলোমিটার। এর মধ্যে ছয় লেনে দ্রুতগতির যানবাহন চলাচল করবে। স্থানীয় যানবাহন চলাচলের জন্য দুই পাশে আলাদা দুটি সড়ক থাকবে।

প্রকল্পের সম্ভাব্যতা যাচাই ও নকশাসংক্রান্ত নথি থেকে এসব তথ্য পাওয়া গেছে। এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) অর্থায়নে ২০২৫ সালে সম্ভাব্যতা সমীক্ষা ও বিস্তারিত নকশা প্রণয়ন করা হয়েছে। এতে ২০২৭ সালের জানুয়ারিতে প্রকল্প বাস্তবায়ন শুরু এবং ২০৩২ সালের ডিসেম্বরের মধ্যে শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

প্রস্তাবিত নকশায় নির্মাণের তিনটি বিকল্প দেখানো হয়েছে। একটি বিকল্প হচ্ছে—পুরো এক্সপ্রেসওয়ে উড়ালপথে নির্মাণ করা। অন্য দুটি বিকল্পে উড়ালপথের পাশাপাশি মাটির ওপর দিয়ে মহাসড়ক নির্মাণের প্রস্তাব রয়েছে। একেকটি বিকল্প নকশার ব্যয় একেক রকম। সড়ক পরিবহন মন্ত্রণালয়ের অধীন সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তর প্রকল্পটি বাস্তবায়নের দায়িত্ব পেয়েছে।

সড়ক পরিবহন মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, প্রস্তাবিত বিকল্পগুলোর মধ্যে দ্বিতীয়টি প্রাথমিকভাবে বাছাই করা হয়েছে। সে অনুযায়ী প্রকল্প বাস্তবায়িত হলে মহাসড়কের প্রায় ৬৫ কিলোমিটার হবে উড়ালপথে। বাকি প্রায় ১৬৮ কিলোমিটার হবে মাটিতে। বিকল্পটিতে নির্মাণব্যয় ধরা হয়েছে ৭১ হাজার ২১৩ কোটি টাকা। এর সঙ্গে ২০ বছরের পরিচালন ব্যয় ৫৪ হাজার ১৬৫ কোটি টাকা। সব মিলিয়ে ব্যয় দাঁড়াবে ১ লাখ ২৫ হাজার ৩৭৮ কোটি টাকা।

সওজের প্রধান প্রকৌশলী মো. মনিরুজ্জামান বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক দেশের সবচেয়ে ব্যস্ত সড়ক। এটির সক্ষমতা বাড়ানো জরুরি। সমীক্ষা, নকশা প্রণয়ন—সবই সম্পন্ন হয়েছে। এখন সরকারের শীর্ষ পর্যায় থেকে চূড়ান্ত সিদ্ধান্ত পেলেই কাজ শুরুর উদ্যোগ নেওয়া হবে।

সড়ক পরিবহন মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, প্রকল্পটি সরকারি-বেসরকারি অর্থায়নে (পিপিপি) বাস্তবায়নের পরিকল্পনা আছে। পাশাপাশি জিটুজি ভিত্তিতে বিদেশি অর্থায়ন পাওয়ার চেষ্টাও করা হতে পারে। তবে সার্বিক বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের চূড়ান্ত নির্দেশনা লাগবে। আগামী সপ্তাহেই বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে।

সওজ সূত্র জানায়, প্রস্তাবিত বিকল্পগুলোর একটিতে ৯৫ কিলোমিটার উড়ালপথ ও বাকি প্রায় ১৩৮ কিলোমিটার মাটিতে রাখার কথা বলা হয়েছে। এ ক্ষেত্রে নির্মাণব্যয় ধরা হয়েছে ৭৯ হাজার ২২৫ কোটি টাকা। পরিচালন ব্যয় ১ লাখ ২৬ হাজার কোটি টাকার বেশি। নির্মাণ ও পরিচালনা মিলিয়ে মোট ব্যয় হবে ২ লাখ ৫ হাজার কোটি টাকার বেশি।

তৃতীয় বিকল্পে পুরো ২৩২ দশমিক ৭৬ কিলোমিটারই উড়ালপথে নির্মাণের প্রস্তাব রয়েছে। এতে শুধু নির্মাণেই খরচ হবে প্রায় ১ লাখ ৫২ হাজার কোটি টাকা। পরিচালন ব্যয় যোগ করলে মোট খরচ দাঁড়াবে প্রায় সাড়ে ৩ লাখ কোটি টাকা।

প্রকল্পের পরিকল্পনা অনুযায়ী, বিদ্যমান চার লেনের মহাসড়ককে এক্সপ্রেসওয়েতে উন্নীত করা হবে। যানবাহনের চাপ অনুযায়ী বিভিন্ন অংশে আলাদা লেনের ব্যবস্থা রাখা হবে। নকশায় ঢাকা থেকে নারায়ণগঞ্জের মদনপুর পর্যন্ত পুরোটা উড়ালপথে ১০ লেনের মহাসড়ক হিসেবে প্রস্তাব করা হয়েছে। বাকি পথে ছয় লেনের মূল মহাসড়ক হবে। পাশে থাকবে স্থানীয় যানবাহনের লেন।

প্রকল্পের আওতায় সাতটি বড় সংযোগস্থল বা সিস্টেম ইন্টারচেঞ্জ নির্মাণের পরিকল্পনা রয়েছে। এগুলোর মাধ্যমে গুরুত্বপূর্ণ মহাসড়ক ও সড়ক নেটওয়ার্কের সঙ্গে এক্সপ্রেসওয়ের সংযোগ তৈরি হবে। এক্সপ্রেসওয়েতে নির্ধারিত সংযোগস্থল ছাড়া যানবাহন প্রবেশ বা বের হতে পারবে না। ফলে দূরপাল্লার যানবাহনের সঙ্গে স্থানীয় যানবাহনের চলাচল আলাদা থাকবে।

এ ছাড়া ছোট সড়ক থেকে যানবাহন ওঠানামার জন্য ২৯টি সার্ভিস ইন্টারচেঞ্জ থাকবে। স্থানীয় যানবাহন ও পথচারীদের চলাচলের জন্য ৯১টি আন্ডারপাস নির্মাণের প্রস্তাব রয়েছে। মহাসড়কের চারটি স্থানে রেলক্রসিংয়ের ওপর উড়ালপথ বা সেতু নির্মাণের পরিকল্পনাও রয়েছে। এতে রেল চলাচলের কারণে এক্সপ্রেসওয়ের যানবাহনকে থামতে হবে না। পাশাপাশি বিভিন্ন স্থানে নতুন নয়টি সেতু নির্মাণের প্রস্তাব দেওয়া হয়েছে।

কোথায় যানবাহনের চাপ বেশি
সওজ সূত্র বলছে, দেশের সবচেয়ে ব্যস্ত ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক চট্টগ্রাম বন্দরের সঙ্গে রাজধানী ও দেশের অন্যান্য অঞ্চলের যোগাযোগের মাধ্যম। এই পথ দিয়ে আন্তর্জাতিক বাণিজ্যের ৯২ শতাংশ এবং রপ্তানি বাণিজ্যের ৮১ শতাংশ পরিচালিত হয়। ফলে মহাসড়কটি দেশের অর্থনীতির লাইফলাইন হিসেবে বিবেচিত।

সমীক্ষায় বলা হয়েছে, অপর্যাপ্ত সক্ষমতা, বিভিন্ন ধরনের যানবাহনের একসঙ্গে চলাচল এবং ক্রমবর্ধমান যানজটের কারণে এই পথে যাতায়াতের সময় ও পরিবহন ব্যয় বাড়ছে। কমছে সড়কের সেবার মান, তৈরি হচ্ছে নিরাপত্তাঝুঁকি। এসব সমস্যা দূর করে দ্রুত, নিরাপদ ও নিরবচ্ছিন্ন যোগাযোগব্যবস্থা গড়ে তোলাই ঢাকা-চট্টগ্রাম এক্সপ্রেসওয়ে নির্মাণের অন্যতম উদ্দেশ্য।

প্রকল্পটির আরেকটি লক্ষ্য হলো দেশের শিল্প ও বিনিয়োগ কার্যক্রমে গতি আনা। এক্সপ্রেসওয়ের মাধ্যমে প্রধান শিল্পাঞ্চল, রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (ইপিজেড) এবং তৈরি পোশাকশিল্পের সঙ্গে সরাসরি যোগাযোগ সহজ হবে। এতে বিদেশি বিনিয়োগ আকৃষ্ট হওয়ার পাশাপাশি শিল্পের উৎপাদন ও পণ্য পরিবহনে গতি আসবে। মহাসড়কের সক্ষমতা বাড়ানোর মাধ্যমে নতুন বিনিয়োগ, কর্মসংস্থান সৃষ্টি এবং মোট দেশজ উৎপাদনে (জিডিপি) অবদান বাড়ানোরও পরিকল্পনা রয়েছে।

এ ছাড়া এশিয়ান হাইওয়ে, আঞ্চলিক সহযোগিতা উদ্যোগ এবং বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের (বিআরআই) সঙ্গে সংযোগের মাধ্যমে আঞ্চলিক যোগাযোগ, আন্তর্জাতিক সরবরাহব্যবস্থা ও পণ্য পরিবহন সহজ করাও প্রকল্পটির অন্যতম লক্ষ্য।

সমীক্ষায় ২০২৩ সালের যানবাহন চলাচলের তথ্য ধরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কোন স্থানে কত যানবাহন চলাচল করে, সেই চিত্র দেওয়া হয়েছে। ঢাকার যাত্রাবাড়ী থেকে নারায়ণগঞ্জের সোনারগাঁ পর্যন্ত অংশে দৈনিক যানবাহন চলাচল করে ৫৫ থেকে ৭২ হাজার। সোনারগাঁ থেকে কুমিল্লার সুয়াগাজী বাজার পর্যন্ত দৈনিক ৪৫ থেকে ৫৫ হাজার যানবাহন চলাচল করে। সুয়াগাজী বাজার থেকে চট্টগ্রামের সাগরিকা মোড় পর্যন্ত অংশে যানবাহন চলাচল করে দৈনিক ৩৮ থেকে ৪৫ হাজার।

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে, ইনার রিং রোড ও আউটার রিং রোডের সঙ্গে সমন্বয়ের পরিকল্পনা রয়েছে নতুন এক্সপ্রেসওয়ের। চট্টগ্রাম প্রান্তেও আউটার রিং রোড, কর্ণফুলী টানেলসহ বিদ্যমান সড়ক নেটওয়ার্কের সঙ্গে সংযোগের বিষয়টি নকশায় উল্লেখ করা হয়েছে। এতে চট্টগ্রাম বন্দর, শিল্পাঞ্চল ও অর্থনৈতিক অঞ্চলগুলোর সঙ্গে দেশের অন্যান্য অঞ্চলের পণ্য পরিবহন সহজ হবে।

থাকবে ১০৪টি টোল প্লাজা
এক্সপ্রেসওয়ে ব্যবহার করতে যানবাহনকে টোল দিতে হবে। প্রকল্পে ৪টি প্রধান টোল প্লাজা ও ১০০টি ছোট বা স্যাটেলাইট টোল প্লাজা নির্মাণের প্রস্তাব রয়েছে। প্রধান চারটি টোল প্লাজার অবস্থান নির্ধারণ করা হয়েছে নারায়ণগঞ্জের মদনপুরে একটি, কুমিল্লার সুয়াগাজী বাজারে দুটি ও অন্যটি চট্টগ্রামের সলিমপুরে। প্রধান টোল প্লাজাগুলোর প্রতিটিতে ১০টি এবং স্যাটেলাইট টোল প্লাজাগুলোয় ২টি করে টোল আদায়ের গেট রাখার প্রস্তাব রয়েছে। থাকবে আধুনিক ইলেকট্রনিক টোল আদায়ব্যবস্থা।

এ ছাড়া যানবাহন থামানো, বিশ্রাম ও প্রয়োজনীয় সেবা নেওয়ার জন্য চারটি সার্ভিস এরিয়া নির্মাণ করা হবে। এগুলোতে খাবার, বিশ্রাম, জ্বালানি, বৈদ্যুতিক গাড়ি চার্জিং, মেরামত ও পার্কিংয়ের সুবিধা থাকবে। পণ্যবাহী যানবাহনের জন্য ১৫টি স্থানে আলাদা ট্রাক পার্কিংয়ের ব্যবস্থা থাকবে। এসব স্থানে প্রায় তিন হাজার পণ্যবাহী যানবাহন রাখা যাবে।

নথি অনুযায়ী, প্রকল্পের জন্য প্রয়োজনীয় জমির প্রায় ৯২ শতাংশ ইতিমধ্যে সওজের বিদ্যমান সড়কসীমার মধ্যে রয়েছে। অতিরিক্ত প্রায় ১৪৫ হেক্টর জমির প্রয়োজন হবে। এসব জমির বড় অংশ লাগবে সংযোগস্থল, টোল প্লাজা ও সার্ভিস এরিয়া নির্মাণের জন্য।

জমি অধিগ্রহণ, ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন এবং বিদ্যুৎ, গ্যাসসহ বিভিন্ন পরিষেবা লাইন স্থানান্তরের জন্য একটি সহায়ক প্রকল্প নেওয়ার প্রস্তাব রয়েছে। এ কাজে সাত হাজার কোটি টাকার বেশি ব্যয় হতে পারে বলে সওজ সূত্র জানিয়েছে।

প্রকল্পের জন্য প্রয়োজনীয় জমির প্রায় ৯২ শতাংশ ইতিমধ্যে সওজের বিদ্যমান সড়কসীমার মধ্যে রয়েছে। অতিরিক্ত প্রায় ১৪৫ হেক্টর জমির প্রয়োজন হবে। এসব জমির বড় অংশ লাগবে সংযোগস্থল, টোল প্লাজা ও সার্ভিস এরিয়া নির্মাণের জন্য।

সরকারের খরচ কত
সড়ক পরিবহন মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, নির্মাণকাজের বেশির ভাগই বহন করবে ঠিকাদারি প্রতিষ্ঠান। তবে নির্মাণ ব্যয়ের ৩০ থেকে ৪০ শতাংশ সরকারি সহায়তা লাগতে পারে। এ ধরনের সহায়তাকে ভায়াবিলিটি গ্যাপ ফান্ডিং বা ভিজিএফ বলা হয়। বিশ্বব্যাপী পিপিপি প্রকল্পে এভাবে অর্থায়ন হয়ে থাকে। ৬৫ কিলোমিটার উড়ালপথ ধরে ব্যয় নির্ধারণ করলে সরকারকে সাড়ে ২১ হাজার কোটি টাকা জোগান দিতে হবে বলে সমীক্ষায় উল্লেখ করা হয়েছে।

সমীক্ষায় প্রকল্পের জন্য ২৫ বছরের কনসেশন মেয়াদ বিবেচনা ধরা হয়েছে। অর্থাৎ নির্মাণের কত বছর পর ঠিকাদার সরকারকে বুঝিয়ে দেবে, সেটাকে কনসেশন মেয়াদ বলা হয়। এর মধ্যে নির্মাণকাজে ৫ বছর এবং পরিচালনায় ২০ বছর ধরা হয়েছে।

সমীক্ষায় এক্সপ্রেসওয়ের টোল থেকে ২০ বছরে মোট প্রায় ২ লাখ ৬৬ হাজার কোটি টাকা আয়ের পূর্বাভাস দেওয়া হয়েছে। কিন্তু ভবিষ্যতের আয়কে বর্তমান মূল্যে হিসাব করলে এর বাস্তব পরিমাণ কমে দাঁড়ায় ৪৪ হাজার ৬৪১ কোটি টাকা। ফলে কনসেশন মেয়াদ কমবেশি হতে পারে বলে সওজ কর্মকর্তারা জানিয়েছেন।

প্রকল্পটি এল যেভাবে
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ক্রমবর্ধমান যান চলাচলের কথা বিবেচনা করে সরকার ২০০৪ সালে প্রবেশ নিয়ন্ত্রণসহ একটি মহাসড়ক নির্মাণের পরিকল্পনা নেয়। এডিবি ২০০৮ সালে প্রকল্পের সম্ভাব্যতা যাচাই ও নকশা প্রণয়নে প্রায় ১০০ কোটি টাকা ঋণ দেওয়ার আগ্রহ দেখায়।

২০১৩ সালের মার্চে অর্থনৈতিক বিষয়সংক্রান্ত কমিটি পিপিপির অধীন প্রকল্পটি বাস্তবায়নের অনুমোদন দেয়। পরের মাসে সম্ভাব্যতা যাচাই ও বিস্তারিত নকশা প্রণয়নে পরামর্শক প্রতিষ্ঠান নিয়োগ দেওয়া হয়। ২০১৫ সালের অক্টোবরে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে প্রতিবেদন উপস্থাপন করা হলে তাতে তিনি সম্মতি দেন।

সংশ্লিষ্ট সূত্রটি জানায়, এক্সপ্রেসওয়ে নির্মাণে বিভিন্ন সময়ে চীনের একাধিক রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান আগ্রহ দেখিয়েছে। ২০১৫ সালে চায়না হারবার ইঞ্জিনিয়ারিং কোম্পানি (সিএইচইসি) সরকারের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর করে। একই বছর পলিটেকনোলজি ও চায়না রেলওয়ে কনস্ট্রাকশন করপোরেশন আগ্রহ প্রকাশ করে। ২০১৬ সালে চায়না রেলওয়ে ইন্টারন্যাশনাল গ্রুপ (সিআরআইজি) অর্থায়নসহ প্রকল্প বাস্তবায়নের প্রস্তাব দেয়। ২০১৭ সালের আগস্টে চায়না স্টেট কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারিং করপোরেশন (সিএসসিইসি) জিটুজি ও বিওটি ভিত্তিতে প্রকল্প নির্মাণের প্রস্তাব দেয়।

এর মধ্যে ২০২১ সালে এক্সপ্রেসওয়ে প্রকল্প বাতিল করে দেয় তৎকালীন আওয়ামী লীগ সরকার। সওজের সূত্র জানায়, গুরুত্বপূর্ণ মহাসড়কটি চীনা কোম্পানির নিয়ন্ত্রণে চলে যাবে—এমন যুক্তিতে তৎকালীন সরকারের ভেতরে বিরোধিতা ছিল। এ জন্যই প্রকল্পটি আর এগোয়নি।

অন্তর্বর্তী সরকারের আমলে পুনরায় প্রকল্পটির সম্ভাব্যতা যাচাইয়ে পরামর্শক নিয়োগ করা হয়। এ ছাড়া বিএনপির নির্বাচনী ইশতেহারে ঢাকা-চট্টগ্রাম এক্সপ্রেসওয়ে নির্মাণের অঙ্গীকার করা হয়। গত ফেব্রুয়ারিতে বিএনপি সরকার গঠনের পর প্রকল্পটি বাস্তবায়নে পুনরায় তৎপরতা শুরু হয়েছে।

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) পুরকৌশল বিভাগের অধ্যাপক সামছুল হক  বলেন, দেশের একটিমাত্র মহাসড়ক এক্সপ্রেসওয়েতে রূপান্তর করতে হলে সবার আগে ঢাকা-চট্টগ্রাম করিডর করতে হবে। কৌশলগত দিক থেকেও এর গুরুত্ব বেশি। আবার এই পথে টাকা খরচ করলে নিশ্চিতভাবে তা দ্রুততম সময়ে উঠে আসবে। আর্থসামাজিক উন্নয়ন ও কর্মসংস্থানে ভূমিকা রাখবে। ভবিষ্যতে আঞ্চলিক যোগাযোগে যুক্ত হতে সহায়ক হবে।

সামছুল হক আরও বলেন, এই মহাসড়কের ব্যাপারে টাকা খরচে সরকার উদার হলে সমস্যা নেই। অর্থাৎ সর্বোচ্চ সদ্ব্যবহারের জন্য বাড়তি টাকা লাগলেও তা ব্যয় করা উচিত। যদি পুরোটা উড়ালপথে নির্মাণ করলে লাভ বেশি হয়, সেটাও বিবেচনায় নেওয়া যেতে পারে। সূত্র প্রথম আলো

Advertise with us
Advertise with us
দক্ষ ও যোগ্য মানবসম্পদ গড়ে...
রবিবার, ২২ নভেম্বর ২০২৬
তিন দিন পর সেন্ট মার্টিনে...
রবিবার, ২২ নভেম্বর ২০২৬
২৪ ঘণ্টার মধ্যে পর্ষদ না...
রবিবার, ২২ নভেম্বর ২০২৬
আরও
Advertise with us

ফলো করুন Passenger Voice-এর খবর

Editor and Publisher
SAMSUDDIN CHOWDHURY
Dhaka Office
  • 26 Delwar Complex, Tikatuli, Wari, Bangladesh.
Chittagong Office
  • 35 Kadam Mobarak By-Lane, Jashim Bhaban (4th Floor), Momin Road, Chittagong.
Contact