ডেস্ক রিপোর্ট | রবিবার, ২২ নভেম্বর ২০২৬ | প্রিন্ট | ৭৫ বার পঠিত | পড়ুন মিনিটে
চট্টগ্রামে দুই মাসের ব্যবধানে ফের দেখা দিয়েছে লাইটার জাহাজের তীব্র সংকট। এ কারণে পণ্য খালাস চলছে ধীরগতিতে। বাড়ছে অপেক্ষমাণ মাদার ভেসেলের সারি। জাহাজের অপেক্ষার সময় বেড়ে যাওয়ায় আমদানিকারককে প্রতিদিন গুনতে হচ্ছে মোটা অঙ্কের ডেমারেজ। এতে একদিকে যেমন আন্তর্জাতিক অঙ্গনে চট্টগ্রাম বন্দরের ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে, অন্যদিকে আমদানিকারকদের বাড়তি ব্যয়ের বোঝা শেষ পর্যন্ত ভোক্তার কাঁধে চাপতে পারে বলেও মনে করা হচ্ছে।
কম গভীরতার কারণে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে অবস্থানরত অনেক মাদার ভেসেল সরাসরি বন্দর জেটিতে ভিড়তে পারে না। এসব মাদার ভেসেল থেকে পণ্য খালাস করে দেশের বিভিন্ন ঘাটে পৌঁছে দিতে লাইটার জাহাজই প্রধান ভরসা। বর্তমানে বন্দরের বহির্নোঙরে ৮৫টি মাদার ভেসেল রয়েছে। প্রতিটিতে ন্যূনতম ৫টি করে ধরলেও ৪২৫টি লাইটার জাহাজ প্রয়োজন। সেখানে এই চাহিদার বিপরীতে একটি বড় জাহাজের জন্য মিলছে মাত্র একটি লাইটার জাহাজ।
চট্টগ্রাম বন্দরের ট্রাফিক বিভাগের তথ্যমতে, বর্তমানে বন্দরের বহির্নোঙরে ৮৫টি মাদার ভেসেল রয়েছে। এর মধ্যে ৪৮টি জাহাজ থেকে পণ্য খালাসের কাজ চলছে। বাকি ৩৭টি জাহাজ খালাসের অপেক্ষায়। এসব জাহাজে রয়েছে কনটেইনারভর্তি পণ্য, খাদ্যশস্য, স্ক্র্যাপ, সার, চিনি, সিমেন্ট তৈরির কাঁচামাল ক্লিংকার, তেলসহ বিভিন্ন পণ্য।
চট্টগ্রামে গত আগস্টের মাঝামাঝি থেকে শুরু হয়ে সেপ্টেম্বরের মাঝামাঝি পর্যন্ত দেখা দেয় তীব্র লাইটার জাহাজসংকট। এতে বন্দরের বহির্নোঙরে বড় জাহাজ থেকে জলপথে পণ্য পরিবহনে সমস্যা দেখা দেয়। আকারভেদে একটি মাদার ভেসেল থেকে পণ্য খালাসে ৫ থেকে ১০টি পর্যন্ত লাইটার জাহাজ প্রয়োজন হয়। সেখানে চাহিদার বিপরীতে মিলেছে মাত্র একটি। ঠিক দুই মাস পর বর্তমানে আবারও দেখা দিয়েছে একই সংকট।
গত জুন মাসে বহির্নোঙরে গড়ে ৬০ থেকে ৬৫টি মাদার ভেসেল (বড় জাহাজ) খালাসের অপেক্ষায় ছিল। তবে আগস্টে এই সংখ্যা দাঁড়ায় ৭১ থেকে ৮৯টিতে। গত ১ সেপ্টেম্বর বন্দরের বহির্নোঙরে ৭৮টি জাহাজ ছিল। গত ২ সেপ্টেম্বর জাহাজের সংখ্যা বেড়ে দাঁড়ায় ৮২টিতে। তবে সেপ্টেম্বরের মাঝামাঝিতে এসে পরিস্থিতি স্বাভাবিক হয়। জাহাজের সংখ্যা নেমে আসে গড়ে ৫৯ থেকে ৬৬টিতে। বর্তমানে লাইটার জাহাজসংকটের কারণে মাদার ভেসেলের সংখ্যা আবার বেড়ে দাঁড়িয়েছে গড়ে ৮৫ থেকে ৮৭টিতে।
বারবার সংকটের কারণ কী, জানতে চাইলে লাইটার জাহাজমালিকরা জানান, চট্টগ্রামে নৌপথে প্রায় ৯০০টি লাইটার জাহাজ রয়েছে। সেগুলো বিভিন্ন শিল্প গ্রুপ বা কোম্পানির মালিকানাধীন এবং তাদের নিজস্ব পণ্য বা কাঁচামাল পরিবহনে ব্যবহৃত হয়। তবে ১ হাজার ৫৬টি লাইটার জাহাজ রয়েছে, যা বাংলাদেশ ওয়াটার ট্রান্সপোর্ট কো-অর্ডিনেশন সেলের (বিডব্লিউটিসিসি) তালিকাভুক্ত। জাহাজগুলোকে বিডব্লিউটিসিসির দেওয়া সিরিয়াল মেনে চলাচল করতে হয়। কিন্তু বর্তমানে এর অর্ধেক লাইটার জাহাজ সিরিয়াল না মেনে বেশি ট্রিপের (ভাড়া) আশায় চট্টগ্রামের বাইরে অন্যান্য রুটে চলাচল করছে এবং কয়লা, সিমেন্টের কাঁচামাল ক্লিংকারসহ বিভিন্ন পণ্য পরিবহন করছে। এ কারণে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে লাইটার জাহাজের সংকট বারবার দেখা দিচ্ছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক লাইটার জাহাজমালিক বলেন, বহির্নোঙরে অবস্থানরত জাহাজের চাহিদা অনুযায়ী পর্যাপ্ত লাইটার জাহাজ চট্টগ্রামে রয়েছে। বাস্তবে সংকট তৈরি হওয়ার কোনো সুযোগ নেই। কিন্তু সিরিয়াল প্রথা না মানা, নিজেদের মতো করে বাড়তি ট্রিপের আশায় চট্টগ্রামের বাইরে অন্য রুটে যেমন: ঢাকা, পায়রা, তালতলী, মাতারবাড়ী রুটে চলাচল করছে। এমন বিশৃঙ্খলার কারণে এই পরিস্থিতি। সিরিয়াল প্রথা মেনে চললে একটি লাইটার জাহাজ মাসে এক থেকে দুটির বেশি ট্রিপ পায় না। তবে সিরিয়ালের বাইরে চললে কম ভাড়া নিয়ে পাঁচ থেকে ছয়টি ট্রিপ পাওয়া যায়। এতে লাভও বেশি। অর্ধেকের বেশি লাইটার জাহাজ মালিক এই কাজ করছেন। তাই সংকট দেখা দিচ্ছে। যেখানে বিডব্লিউটিসিসি প্রতিদিন সিরিয়াল দেওয়ার কথা, সেখানে এখন প্রতি তিন দিনে একবার সিরিয়াল দেওয়া হচ্ছে।
লাইটার জাহাজ কোম্পানি শেখ এন্টারপ্রাইজের মালিক মো. জাহাঙ্গীর বলেন, কয়েক মাস আগে পরিস্থিতি স্বাভাবিক হয়ে এসেছিল। এখন আবার লাইটার জাহাজের সংকট তৈরি হয়েছে। ডেমারেজ গুনতে হচ্ছে আমদানিকারকদের। আর এই খরচের বোঝা বয়ে বেড়াতে হয় সাধারণ মানুষকে। এই সমাধান করতে হলে নৌপরিবহন মন্ত্রণালয় এবং সরকারকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।
বিডব্লিউটিসিসি লাইটার জাহাজ পরিচালনা করে। তারাই সিরিয়াল প্রথা অনুসরণ করে এসব জাহাজ পরিচালনা করে। বাংলাদেশ কার্গো ভেসেল ওনার্স অ্যাসোসিয়েশন (বিসিভোয়া), কোস্টাল ভেসেল ওনার্স অ্যাসোসিয়েশন (কোয়াব) এবং ইনল্যান্ড ভেসেল ওনার্স অ্যাসোসিয়েশন অব চিটাগাংয়ের (আইভোয়াক) সমন্বয়ে বিডব্লিউটিসিসি গঠিত।
জানতে চাইলে বিসিভোয়ার সভাপতি গাজী বেলায়েত হোসেন মিঠু বলেন, ‘এমন তো না যে আমরা লাইটার জাহাজ লুকিয়ে রেখেছি। এটা করে আমাদের কী লাভ! আমরাও চাই আমদানিকারক বাঁচুক। এখন যেটা হচ্ছে, রমজানকে ঘিরে পণ্যবাহী অনেক বড় জাহাজ একসঙ্গে চলে এসেছে। ফলে একটা চাপ তৈরি হয়েছে। আবার লাইটার জাহাজকে গুদাম হিসেবে ব্যবহারের একটা প্রবণতা আমদানিকারকদের অনেক আগে থেকেই আছে। ফলে লাইটার জাহাজের সংকটটা তৈরি হয়। কিছু জাহাজ এখন সিরিয়াল না মেনে কয়লা পরিবহনে ব্যবহৃত হচ্ছে। আমরা এখন বের করার চেষ্টা করছি, কারা কারা জাহাজগুলো বাইরে আটকে রেখেছে। এক সপ্তাহের মধ্যেই আমরা এই সমস্যার সমাধান করব। পাশাপাশি আমরা এক মাসের মধ্যে সিরিয়ালের বিষয়টিও ঠিক করব।’
চাক্তাই-খাতুনগঞ্জ আড়তদার সাধারণ ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক ও ভোগ্যপণ্য আমদানিকারক মো. মহিউদ্দিন বলেন, চট্টগ্রামে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সীতাকুণ্ড ও দাউদকান্দি এলাকায় ওজন স্কেল বসানোর কারণে ১৩ টনের বেশি পণ্য পরিবহন করা যায় না। তাই এখন জলপথই ভরসা। পাশাপাশি দিনে দিনে আমদানি বাড়ছে। তাই লাইটার জাহাজসংকট দ্রুত সমাধান করতে হবে।
চট্টগ্রাম চেম্বারের সাবেক পরিচালক মাহফুজুল হক শাহ বলেন, একটা প্রভাবশালী মহল এই খাতে ঢুকে পড়েছে। সমন্বয়হীনতার অভাব রয়েছে। এ কারণে বারবার এমন পরিস্থিতি তৈরি হচ্ছে। এই জায়গায় সমাধান আনতে হলে সরকার, নৌপরিবহন মন্ত্রণালয়, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ও লাইটার জাহাজমালিকদের সমন্বয় সাধন করে কাজ করতে হবে। অন্যথায় জাহাজের অপেক্ষমাণ সময় বাড়বে, বহির্বিশ্বে দেশের তথা বন্দরের সুনাম নষ্ট হবে। আমদানিকারককে প্রতিদিন জাহাজের আকারভেদে ১৫ থেকে ২০ হাজার ডলার ডেমারেজ গুনতে হবে। তার প্রভাব পড়বে ভোক্তাদের ওপর। সূত্র খবরের কাগজ