ডেস্ক রিপোর্ট | মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬ | প্রিন্ট | ৩১ বার পঠিত | পড়ুন মিনিটে
চট্টগ্রাম নগরের আকবরশাহ এলাকায় পরিবহনশ্রমিকদের দুই পক্ষের বিরোধের জেরে ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। আহত দুজনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) রাত সাড়ে আটটার দিকে নগরের একে খান মোড়ে এ ঘটনা ঘটে।
আহত ব্যক্তিরা হলেন ম্যাক্সিমা গাড়ির চালক মো. শাহাদাত হোসেন ও তার বন্ধু মাসুম।
আকবরশাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজের হোসেন ঢাকা পোস্টকে বলেন, শ্রমিকদের দুই পক্ষের বিরোধের জেরে ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
আহত শাহাদাতের অভিযোগ, ওয়েবিলের নামে দেড়শো টাকা দাবি করে না পেয়ে তার ওপর হামলা চালান কয়েকজন পরিবহনশ্রমিক। একপর্যায়ে তাদের একজন ছুরি দিয়ে এলোপাতাড়ি আঘাত করেন। এ সময় বন্ধুকে বাঁচাতে এগিয়ে এলে মাসুমের পেটে ছুরিকাঘাত লাগে। শাহাদাতের পিঠেও একাধিকবার ছুরিকাঘাত করা হয়।
তিনি জানান, রাতে একে খান মোড়ে যাত্রী নামানোর সময় হাসান নামের এক শ্রমিক নেতাসহ কয়েকজন তার কাছে ওয়েবিলের দেড়শো টাকা দাবি করেন। গাড়ি চালিয়ে তখনও আয় না হওয়ায় টাকা দিতে পারবেন না বলে জানান তিনি। এর কিছুক্ষণ পর হাসান, রনিসহ সাত-আটজন এসে আবার টাকা চান। টাকা দিতে অস্বীকৃতি জানালে তাকে মারধর করা হয়। একপর্যায়ে হাসান ছুরি বের করে এলোপাতাড়ি আঘাত করতে থাকেন।
খোঁজ নিয়ে জানা গেছে, নগরের সিটি গেট থেকে জিইসি মোড় পর্যন্ত ১১ নম্বর অটোটেম্পু রুটের গাড়িগুলো থেকে নিয়মিত চাঁদা আদায়কে কেন্দ্র করে এ বিরোধের সূত্রপাত। সাধারণ চালকদের অভিযোগ, এ রুটে গাড়ি চালাতে হলে ওয়েবিলের নামে দৈনিক ও মাসিক হারে টাকা দিতে হয়। এর বাইরে চাঁদা আদায় নিয়ে চালকদের মধ্যে দীর্ঘদিন ধরে অসন্তোষ রয়েছে।
আহত শ্রমিক ও সাধারণ চালকদের অভিযোগ, হামলায় জড়িত ব্যক্তিরাও পরিবহনশ্রমিক এবং বাংলাদেশ জাতীয়তাবাদী সিএনজি অটোরিকশা শ্রমিক দলের সঙ্গে যুক্ত। তাদের দাবি, সংগঠনটির আকবরশাহ থানা শাখার সভাপতি নুর ইসলামের নেতৃত্বে তার অনুসারীরা চালকদের কাছ থেকে নিয়মিত টাকা আদায় করেন। নুর ইসলাম ৯ নম্বর উত্তর পাহাড়তলী ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক।
তবে অভিযোগ অস্বীকার করে নুর ইসলাম জানান, ওয়েবিলের নামে তিনি কোনো চালকের কাছ থেকে টাকা আদায় করেন না। তার নাম ভাঙিয়ে কেউ টাকা আদায় করছে বলে তিনি শুনেছেন। এ ধরনের কাউকে পেলে ধরে তাকে ফোন দিতে বলেছেন। কয়েক দিন আগেও তার নাম ব্যবহার করে চাঁদা আদায়ের অভিযোগে চারজনকে ধরে পুলিশের হাতে তুলে দিয়েছেন তিনি।