ডেস্ক রিপোর্ট | শনিবার, ০৭ নভেম্বর ২০২৬ | প্রিন্ট | ২৯ বার পঠিত | পড়ুন মিনিটে
সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত ব্যক্তিদের পরিবারকে ১ থেকে ৫ লাখ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা দেবে সরকার। এ সহায়তার আওতায় দুর্ঘটনায় নিহত ব্যক্তির পরিবার, অঙ্গহানি হওয়া ব্যক্তি এবং গুরুতর আহত ব্যক্তিরা আবেদন করতে পারবেন। এমনকি দুর্ঘটনায় আহত চালকরাও এ সহায়তা পাওয়ার যোগ্য হবেন।
শনিবার (৭ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সড়ক দুর্ঘটনায় আর্থিক সহায়তা পেতে দুর্ঘটনার ৯০ দিনের মধ্যে আবেদন করতে হবে। এ জন্য নির্ধারিত ফরম-৩২ পূরণ করে বিআরটিএ ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান বরাবর আবেদন জমা দিতে হবে। এ ছাড়া অনলাইনে বিএসপি (বাংলাদেশ সার্ভিস পোর্টাল) এর মাধ্যমেও আবেদন করা যাবে। বিধিমালা অনুযায়ী, ৯০ দিন পার হলে আর আবেদন করার সুযোগ থাকবে না।
বিআরটিএর বিজ্ঞপ্তি অনুযায়ী, দুর্ঘটনায় নিহত ব্যক্তির পরিবারকে কমপক্ষে ৫ লাখ টাকা আর্থিক সহায়তা দেওয়া হবে। অঙ্গহানির ক্ষেত্রে কমপক্ষে ৩ লাখ টাকা দেওয়া হবে। গুরুতর আহত হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসার সম্ভাবনা না থাকলেও কমপক্ষে ৩ লাখ টাকা সহায়তা পাওয়া যাবে। আর গুরুতর আহত হলেও স্বাভাবিক জীবনে ফেরার সম্ভাবনা থাকলে দেওয়া হবে কমপক্ষে ১ লাখ টাকা।
অনুমোদিত আর্থিক সহায়তার অর্থ আবেদনকারীর ব্যাংক হিসাবে চেকের মাধ্যমে পরিশোধ করা হবে বলে জানিয়েছে বিআরটিএ।