ডেস্ক রিপোর্ট | বুধবার, ২৮ অক্টোবর ২০২৬ | প্রিন্ট | ৫৩ বার পঠিত | পড়ুন মিনিটে
‘নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যে চট্টগ্রামে জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৬ পালিত হয়েছে। বুধবার জেলা প্রশাসন, চট্টগ্রাম ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) চট্টগ্রাম কার্যালয়ের যৌথ উদ্যোগে রোড-শো, আলোচনা সভা ও দক্ষ চালকদের সম্মাননা প্রদানের মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়।
দিবসটি উপলক্ষে সকাল ১০টায় নগরীর কাজির দেউড়ি মোড়ে সচেতনতামূলক বর্ণাঢ্য রোড-শো অনুষ্ঠিত হয়। এতে চালক, পরিবহন মালিক, পরিবহন শ্রমিক, যাত্রী ও পথচারীসহ সড়ক পরিবহন ও নিরাপত্তাসংশ্লিষ্ট বিভিন্ন অংশীজন অংশ নেন।
রোড-শো শেষে চট্টগ্রাম সার্কিট হাউজের সম্মেলনকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন চট্টগ্রামের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমি মন্ত্রণালয় ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, এমপি। এ ছাড়া উপস্থিত ছিলেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দিন, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার হাসান মো. শওকত আলী, সড়ক ও জনপথ অধিদপ্তর চট্টগ্রামের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোহাম্মদ আব্দুল হালিম, বাংলাদেশ পুলিশের চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মো. নাজিমুল হক, বিআরটিএ চট্টগ্রাম বিভাগের পরিচালক (ইঞ্জিনিয়ারিং) শফিকুজ্জামান ভূঁঞা এবং জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মো. রাসেলসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।
আলোচনা সভায় সড়ক নিরাপত্তা জোরদার, দুর্ঘটনা প্রতিরোধ এবং নিরাপদ সড়ক নিশ্চিত করতে চালক, পরিবহন মালিক, শ্রমিক, যাত্রী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্ব ও কর্তব্যের ওপর গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠানের অংশ হিসেবে চট্টগ্রামের নির্বাচিত চারজন দক্ষ চালককে সনদ ও ক্রেস্ট প্রদান করে সম্মাননা জানানো হয়।

সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠা, জনসচেতনতা বৃদ্ধি এবং সংশ্লিষ্ট সব পক্ষের সম্মিলিত উদ্যোগের মাধ্যমে নিরাপদ সড়ক নিশ্চিত করার প্রত্যয় নিয়ে দিবসটির কর্মসূচি শেষ হয়।