ডেস্ক রিপোর্ট | সোমবার, ১২ অক্টোবর ২০২৬ | প্রিন্ট | ২৪ বার পঠিত | পড়ুন মিনিটে
মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬ উপলক্ষে রাজবাড়ীর পদ্মা নদীতে অভিযান চালিয়ে সাতজনকে আটক করেছে দৌলতদিয়া নৌপুলিশ। এ সময় তাদের কাছ থেকে পাঁচ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল ও ১০ কেজি ইলিশ মাছ উদ্ধার করা হয়।
গতকাল রোববার (১১ অক্টোবর) দিবাগত রাত ২টা থেকে সোমবার সকাল সাড়ে ৬টা পর্যন্ত পদ্মা নদীর মজলিশপুর ও কলাবাগান এলাকার তিনটি পয়েন্টে এ অভিযান পরিচালনা করা হয়।
দৌলতদিয়া নৌপুলিশ সূত্রে জানা যায়, অভিযানে মোট ৫ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল উদ্ধার করা হয়। এসব জালের আনুমানিক বাজারমূল্য দেড় লাখ টাকা। এ সময় উদ্ধার করা ১০ কেজি ইলিশ মাছ স্থানীয় একটি এতিমখানায় বিতরণ করা হয়।
আটক সাতজনের বিরুদ্ধে মৎস্য সংরক্ষণ ও সুরক্ষা আইনে তিনটি নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। পরে তাদের আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছে নৌপুলিশ।
দৌলতদিয়া নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ (ওসি) ত্রিনাথ সাহা বলেন, মা ইলিশ সংরক্ষণে সরকারি নিষেধাজ্ঞা বাস্তবায়নে পদ্মা নদীতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় অভিযানে সাতজনকে আটকসহ ৫ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল ও ১০ কেজি ইলিশ মাছ উদ্ধার করা হয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে মৎস্য সংরক্ষণ ও সুরক্ষা আইনে তিনটি নিয়মিত মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হবে।