ডেস্ক রিপোর্ট | বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬ | প্রিন্ট | ৫ বার পঠিত | পড়ুন মিনিটে
চট্টগ্রামের হালিশহর থেকে পুলিশের টহল গাড়িটি নাশকতার উদ্দেশ্যে চুরি করা হয়েছিল বলে দাবি করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে প্রধান আসামি রুবেলকে (৪০) গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার ডবলমুরিং থানার দেওয়ানহাট মোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি)।
চট্টগ্রাম মহানগর পুলিশের সহকারী কমিশনার (মিডিয়া) আমিনুর রশিদ বলেন, ‘বুধবার বেলা ৩টার দিকে হালিশহর থানার মোবাইল ডিউটিতে নিয়োজিত পুলিশ সদস্যরা ছোটপুল এলাকায় পুলিশ লাইন্স-সংলগ্ন পুনাক রেস্টুরেন্টের সামনে সরকারি গাড়িটি রেখে দুপুরের খাবার খেতে রেস্টুরেন্টে প্রবেশ করেন। খাবার শেষে ফিরে এসে তারা দেখতে পান, গাড়িটি সেখানে নেই।
পরে আশপাশে খোঁজাখুঁজি করেও গাড়িটির সন্ধান পাওয়া যায়নি।’
তিনি আরো বলেন, ‘ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে দেখা যায়, এক ব্যক্তি গাড়িটি নিয়ে যাচ্ছেন। এরপর পুলিশ কন্ট্রোল রুমের সমন্বয়ে চট্টগ্রামের বিভিন্ন স্থানে চেকপোস্ট জোরদার করে তল্লাশি শুরু করা হয়। পরে সন্ধ্যা ৬টার দিকে ফকিরনিরহাট এলাকা থেকে গাড়িটি উদ্ধার করা হয়।’
নাশকতার উদ্দেশ্যে গাড়িটি চুরি করা হয়েছিল উল্লেখ করে পুলিশের এই কর্মকর্তা বলেন, ‘এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে প্রধান আসামি রুবেলকে দেওয়ানহাট মোড় এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্য আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’