|

Advertise with us

ঢাকা-গাজীপুর বিআরটি লেন বহাল রাখার দাবি চার সংগঠনের

ডেস্ক রিপোর্ট   |   বুধবার, ১১ নভেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ৪৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ঢাকা-গাজীপুর বিআরটি লেন বহাল রাখার দাবি চার সংগঠনের

ঢাকা-গাজীপুর বাস র‍্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পের বাস লেন ভেঙে ফেলার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে ওই করিডোরে দ্রুত বিআরটি চালুর দাবি জানিয়েছে চারটি সংগঠন। একই সঙ্গে প্রকল্পের শুরু থেকে এখন পর্যন্ত সব নথি সংরক্ষণ, নিরপেক্ষ তদন্ত কমিশন গঠন এবং একটি শ্বেতপত্র প্রকাশের আহ্বান জানানো হয়েছে।

বুধবার (১১ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে ‘ঢাকা-গাজীপুর বিআরটির বাস্তবায়ন চাই’ শীর্ষক এক যৌথ সংবাদ সম্মেলনে এসব দাবি তুলে ধরা হয়। বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স (বিআইপি), বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউট (বাস্থই), ওয়ার্ক ফর বেটার বাংলাদেশ (ডব্লিউবিবি) ট্রাস্ট এবং গাজীপুর ঐতিহ্য ও উন্নয়ন যৌথভাবে এ সংবাদ সম্মেলনের আয়োজন করে।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বিআইপি সভাপতি ও পরিকল্পনাবিদ ড. মুহাম্মদ আরিফুল ইসলাম। তিনি জানান, গত ১৮ অক্টোবর মন্ত্রিসভার বৈঠকে ঢাকা-গাজীপুর করিডোরের বিমানবন্দর-গাজীপুর অংশে নির্মিত বিআরটি লেন তুলে দিয়ে সড়কটিকে ৩+৩ লেনের মহাসড়কে রূপান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিআরটি প্রকল্পের নামে প্রায় ২ হাজার ৮০০ কোটি টাকার অবকাঠামো নির্মাণের পর বাস না কিনে ও না চালিয়ে লেন ভেঙে ফেলার এই সিদ্ধান্ত অত্যন্ত হতাশাজনক ও বিস্ময়কর।

তিনি উল্লেখ করেন, ‘গ্রেটার ঢাকা সাসটেইনেবল আরবান ট্রান্সপোর্ট প্রজেক্ট’ নামের এই উদ্যোগ থেকে বিআরটি লেন তুলে নিয়ে কেবল মহাসড়কে রূপান্তর করা হলে টেকসই গণপরিবহনের বদলে ব্যক্তিগত গাড়ি ও সড়কনির্ভর ব্যবস্থা উৎসাহিত হবে। প্রকল্প বাস্তবায়নে নির্ধারিত সময়ের চেয়ে প্রায় চার গুণ বেশি সময় লাগা, অর্থায়ন ও পরিচালনাগত জটিলতা, দুই দফা দরপত্রের পরও বাস কিনতে না পারা এবং ঠিকাদারের আন্তর্জাতিক আদালতে মামলা করার মতো ব্যর্থতার দায় বিআরটি ধারণার ওপর চাপানো অনুচিত। বরং এসব অনিয়মের দায়ীদের চিহ্নিত করে কঠোর ব্যবস্থা নেওয়া প্রয়োজন।

বিআইপি সভাপতি আরও বলেন, বিআরটি চালু হলে গাজীপুর থেকে বিমানবন্দর পর্যন্ত যাতায়াতের সময় কমবে, ব্যক্তিগত গাড়ির ওপর চাপ কমবে এবং গাজীপুরে আবাসন, শিক্ষা, স্বাস্থ্য ও ক্রীড়া অবকাঠামোর বিকাশ ঘটবে। বিআরটি চালু না হলে ঢাকাকেন্দ্রিক নগরায়ণের চাপ আরও বাড়বে। তাই প্রকল্পের শুরু থেকে সব পরামর্শক ও বাস্তবায়নকারী প্রতিষ্ঠানের তালিকা এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের ভূমিকার নথি সংরক্ষণ করে তদন্তের ভিত্তিতে শ্বেতপত্র প্রকাশ করা জরুরি।

সংবাদ সম্মেলন থেকে সংগঠনগুলোর পক্ষে ৮ দফা দাবি পেশ করা হয়। দাবিসমূহের মধ্যে রয়েছে— গত ১৮ অক্টোবরের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা; সব অংশীজনের বক্তব্য শুনে, আর্থিক ও পরিবেশগত মূল্যায়ন এবং পরিবহন পরিকল্পনা বিশ্লেষণ করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া; নথি সংরক্ষণ করে নিরপেক্ষ তদন্ত কমিশন গঠন ও শ্বেতপত্র প্রকাশ করা; বিমানবন্দর-গাজীপুর করিডোরকে নগর পরিবহন করিডোর হিসেবে ঘোষণা করা; সারা দেশে আরও বিআরটি সেবা চালু করা; ঢাকা বিআরটি পিএলসির নাম পরিবর্তন করে দেশব্যাপী বাস্তবায়নের দায়িত্ব দেওয়া এবং প্রধান হিসেবে কারিগরি বিশেষজ্ঞ নিয়োগ দিয়ে সংস্থাটিকে শক্তিশালী করা; পরিবহন উন্নয়ন প্রকল্পনির্ভর না করে পরিকল্পনানির্ভর করা এবং এসব বিষয়ে সরাসরি সরকারের শীর্ষপর্যায়ে কথা বলার সুযোগ দেওয়া।

এ ছাড়া নীতিনির্ধারক, মন্ত্রী ও ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তাদের গণপরিবহনে যাতায়াতের আহ্বান জানিয়ে বক্তারা বলেন, নীতিনির্ধারকেরা বাসে চলাচল করলে দেশের পরিবহন খাতের বাস্তব সমস্যাগুলো আরও ভালোভাবে অনুধাবন করতে পারবেন।

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিআইপির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মু. মোসলেহ উদ্দীন হাসান, গাজীপুর ঐতিহ্য ও উন্নয়নের সভাপতি প্রকৌশলী মো. সামসুল হক, সিপিবির সাবেক সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স এবং বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউটের সাধারণ সম্পাদক স্থপতি অধ্যাপক ড. মাসুদ উর রশিদ।

Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Passenger Voice-এর খবর

Editor and Publisher
SAMSUDDIN CHOWDHURY
Dhaka Office
  • 26 Delwar Complex, Tikatuli, Wari, Bangladesh.
Chittagong Office
  • 35 Kadam Mobarak By-Lane, Jashim Bhaban (4th Floor), Momin Road, Chittagong.
Contact