ডেস্ক রিপোর্ট | বুধবার, ১১ নভেম্বর ২০২৬ | প্রিন্ট | ৪৯ বার পঠিত | পড়ুন মিনিটে
মোটরসাইকেলের সামনে ম্যানুয়াল নম্বরপ্লেট লাগানোর সময়সীমা বাড়িয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। আগে এ জন্য ১৫ নভেম্বর পর্যন্ত সময় নির্ধারণ করা হলেও নতুন সিদ্ধান্ত অনুযায়ী তা বাড়িয়ে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত করা হয়েছে।
বুধবার (১১ নভেম্বর) বিআরটিএর অফিশিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘সড়ক পরিবহন আইন, ২০১৮’ এবং ‘সড়ক পরিবহন বিধিমালা, ২০২২’ অনুযায়ী প্রতিটি মোটরসাইকেলের পেছনের পাশাপাশি সামনের অংশেও রেজিস্ট্রেশন নম্বর প্রদর্শন বাধ্যতামূলক। এ নিয়ম বাস্তবায়নে নির্ধারিত শর্ত মেনে মোটরসাইকেলের সামনে নিজস্ব ব্যবস্থাপনায় ম্যানুয়াল নম্বরপ্লেট সংযোজনের জন্য মালিকদের প্রতি আহ্বান জানিয়েছে বিআরটিএ।
নম্বরপ্লেটের মাপ ও শর্তাবলি
বিজ্ঞপ্তিতে দুই ধরনের মোটরসাইকেলের জন্য নম্বরপ্লেটের নির্দিষ্ট মাপ ও নিয়ম উল্লেখ করা হয়েছে-
মোটরসাইকেল (স্কুটার): ম্যানুয়াল নম্বরপ্লেটের দৈর্ঘ্য হতে হবে ২০০ মিলিমিটার ও প্রস্থ ১০০ মিলিমিটার। অক্ষর ও সংখ্যার ফন্টের উচ্চতা হবে কমপক্ষে ২০ মিলিমিটার।
স্কুটার ছাড়া অন্যান্য মোটরসাইকেল: নম্বরপ্লেটের দৈর্ঘ্য হতে হবে ২৮৫ মিলিমিটার ও প্রস্থ ৫০ মিলিমিটার। এ ক্ষেত্রেও অক্ষর ও সংখ্যার ফন্টের উচ্চতা কমপক্ষে ২০ মিলিমিটার হতে হবে।
বিআরটিএ নির্ধারিত অন্যান্য আবশ্যিক শর্ত
১. ম্যানুয়াল নম্বরপ্লেটটি অবশ্যই স্টেইনলেস স্টিল অথবা অ্যালুমিনিয়ামের তৈরি হতে হবে।
২. সাদা পটভূমির ওপর কালো রঙের বাংলা অক্ষর ও সংখ্যায় রেজিস্ট্রেশন নম্বর লিখতে হবে।
৩. নম্বরপ্লেটের ওপর অন্য কোনো ধরনের শোভাবর্ধন বা নকশা করা যাবে না।
৪. স্কুটার ছাড়া অন্যান্য মোটরসাইকেলের ক্ষেত্রে রেজিস্ট্রেশন মার্কটি একটি আনুভূমিক রেখায় প্রদর্শন করতে হবে (যেমন: ঢাকা মেট্রো-ল-১১-১২২৯)।