|

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

চালু হচ্ছে মহানগর এক্সপ্রেস, ফেনীতে বরাদ্দ ৪৭ আসন

ডেস্ক রিপোর্ট   |   রবিবার, ১৮ অক্টোবর ২০২৬   |   প্রিন্ট   |   ২৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

চালু হচ্ছে মহানগর এক্সপ্রেস, ফেনীতে বরাদ্দ ৪৭ আসন

আগামী ২৬ অক্টোবর থেকে ঢাকা-কক্সবাজার রুটে চলাচল শুরু করছে মহানগর এক্সপ্রেস। ট্রেনটিতে ফেনী স্টেশন থেকে কক্সবাজারগামী যাত্রীদের জন্য বরাদ্দ রয়েছে মাত্র ৪৭টি আসন। তবে অনলাইনে টিকিট ছাড়ার কয়েক সেকেন্ডের মধ্যেই আসন শেষ হয়ে যাচ্ছে বলে অভিযোগ করেছেন স্থানীয় যাত্রীরা। নতুন ট্রেন চালুর খবরে আশাবাদী হলেও টিকিট না পেয়ে হতাশ তারা। এ নিয়ে অনলাইন টিকিট বিক্রিতে বৈষম্য ও কালোবাজারির অভিযোগও তুলেছেন কেউ কেউ।

ফেনী রেলওয়ে স্টেশন সূত্রে জানা গেছে, মহানগর এক্সপ্রেসে ফেনী স্টেশন থেকে যাত্রার জন্য মোট ৬২টি আসন বরাদ্দ রয়েছে। এর মধ্যে চট্টগ্রামগামী যাত্রীদের জন্য ১৫টি এবং কক্সবাজারগামী যাত্রীদের জন্য ৪৭টি আসন। কক্সবাজারগামী আসনের মধ্যে ১৫টি এসি (স্নিগ্ধা), ৩০টি নন-এসি (শোভন চেয়ার) ও দুটি কেবিনের আসন।

যাত্রীদের অভিযোগ, অনলাইনে প্রথম দিনের যাত্রার টিকিট বিক্রি শুরুর কয়েক সেকেন্ডের মধ্যেই আসন শেষ হয়ে যায়। ফলে ফেনী থেকে সরাসরি কক্সবাজার যাওয়ার সুযোগ তৈরি হলেও সাধারণ যাত্রীরা টিকিট পাবেন কি না, তা নিয়ে সংশয় রয়েছে। অনলাইন টিকিট বিক্রিতে বৈষম্য ও টিকিট কালোবাজারির অভিযোগও তুলছেন তারা।

ফেনী জংশনের নিয়মিত যাত্রীদের সঙ্গে কথা বলে জানা গেছে, ঢাকা-কক্সবাজার রুটে কক্সবাজার এক্সপ্রেস ও পর্যটক এক্সপ্রেস চালুর পর থেকেই ফেনীর মানুষের দাবি ছিল, ট্রেন দুটির যাত্রাবিরতি দেওয়া হোক। মহানগর এক্সপ্রেসের রুট সম্প্রসারণের ফলে সেই দাবি পূরণের সুযোগ তৈরি হয়েছে। তবে টিকিট না পাওয়ায় সামাজিক যোগাযোগমাধ্যমসহ স্থানীয় যাত্রীদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে।

অনিক বণিক নামে এক যাত্রী বলেন, ফেনী স্টেশনের জন্য আন্তনগর ট্রেনের আসন বরাদ্দ এমনিতেই কম। তার ওপর অনলাইন টিকিটিং পার্টনার ‘সহজ ডটকম’-এর সার্ভারে টিকিট ছাড়ার কয়েক সেকেন্ডের মধ্যেই আসন উধাও হয়ে যায়। এতে ফেনীর সাধারণ মানুষের পক্ষে অনলাইনে টিকিট কেটে কক্সবাজার যাওয়া প্রায় অসম্ভব হয়ে দাঁড়াবে। টিকিট নিয়ে সিন্ডিকেট ও কালোবাজারি বন্ধ করতে না পারলে এ সংকটের সমাধান সম্ভব নয়।

ফেনী শহরের বাসিন্দা মো. রাকিব হাসান বলেন, কক্সবাজার যাওয়ার জন্য মহানগর এক্সপ্রেসের টিকিটের অপেক্ষায় ছিলেন তিনি। টিকিট কাটতে গিয়ে দেখেন, ফেনী স্টেশন থেকে যাত্রার টিকিট পাওয়া যাচ্ছে না। নতুন যাত্রাবিরতি চালুর খবরে আশাবাদী হলেও টিকিট না পেয়ে হতাশ হয়েছেন। সাধারণ যাত্রীরা যেন টিকিট কেনার ক্ষেত্রে বঞ্চিত না হন, তা রেলওয়েকে নিশ্চিত করতে হবে।

ওয়াহিদুল ইসলাম নামে আরেক যাত্রী বলেন, ফেনী থেকে সরাসরি ট্রেনে কক্সবাজার যাওয়ার সুযোগ তৈরি হওয়ায় ভালো লাগছিল। কিন্তু টিকিট কাটতে গিয়ে হতাশ হতে হয়েছে। অনলাইনে টিকিট ছাড়ার পর এত দ্রুত টিকিট না পাওয়া গেলে সাধারণ যাত্রীরা কীভাবে টিকিট পাবেন, তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। বিষয়টি রেলওয়ে কর্তৃপক্ষের গুরুত্বের সঙ্গে দেখা উচিত বলেও মন্তব্য করেন।

এ বিষয়ে ফেনী রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মো. হারুন বলেন, মহানগর এক্সপ্রেসে ফেনীর যাত্রীদের জন্য মোট ৬২টি আসন বরাদ্দ রয়েছে। এর মধ্যে চট্টগ্রামগামী ১৫টি এবং কক্সবাজারগামী ৪৭টি আসন। কক্সবাজারগামী আসনের মধ্যে ১৫টি এসি, ৩০টি নন-এসি ও দুটি কেবিনের আসন রয়েছে।

টিকিট কালোবাজারি প্রসঙ্গে তিনি বলেন, স্টেশনের কাউন্টারে টিকিট নিয়ে কোনো সিন্ডিকেট বা অনিয়মের সুযোগ নেই। অনলাইনে টিকিট বিক্রির বিষয়টি স্টেশন কর্তৃপক্ষের আওতাধীন নয়, তাই এ ক্ষেত্রে তাদের নিয়ন্ত্রণও নেই। ২৬ অক্টোবরের যাত্রার জন্য স্টেশনের কাউন্টার থেকে ৭টি টিকিট কাটা হয়েছে, বাকি টিকিটগুলো অনলাইনে বিক্রি হয়েছে। সূত্র ঢাকো পোস্ট

Advertise with us
Advertise with us
জাতীয় নিরাপদ সড়ক দিবস: ৩০০...
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
দেশের কৃষি খাতে ১৪ হাজার...
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
আরও
Advertise with us

ফলো করুন Passenger Voice-এর খবর

Editor and Publisher
SAMSUDDIN CHOWDHURY
Dhaka Office
  • 26 Delwar Complex, Tikatuli, Wari, Bangladesh.
Chittagong Office
  • 35 Kadam Mobarak By-Lane, Jashim Bhaban (4th Floor), Momin Road, Chittagong.
Contact