ডেস্ক রিপোর্ট | রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ | প্রিন্ট | ৮ বার পঠিত | পড়ুন মিনিটে
কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহতদের শনাক্ত করা নিয়ে জটিলতা দেখা দিয়েছে। ডিএনএ টেস্ট করে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে বলে জানিয়েছে জেলা প্রশাসন।
শনিবার (১৭ অক্টোবর) প্রশাসন নিহত ১০ জনের নামের তালিকা দেয়। তবে, যশোরের একটি পরিবারের ৪ সদস্য নিহত হয়েছে বলে দাবি করেন তাদের স্বজনরা।
প্রশাসনের দেওয়া তালিকার সাথে যশোরের এই ৪ জনের নামের মিল নেই। স্বজনদের দাবি, টুপটুপ রিসোর্টে আফসানা মতিন তানজি, নাহিদুর রহমান, রুজাইনা ইনায়া, ও সুনাইনা ইহানা মারা গেছেন।
এদিকে, কক্সবাজারের ইনানীতে ‘টুপটুপ’ রিসোর্টে লাগা আগুনে ১০ জন নিহতের ঘটনায় প্রতিষ্ঠানটির মালিক তানভীরকে প্রধান আসামি করে মামলা করেছে পুলিশ। আরও ৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ১৯ জনকে আসামি করা হয়েছে। তবে, তদন্তের স্বার্থে এক আসামির নাম প্রকাশ করেনি পুলিশ।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান জানান, মামলার বাকি আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।