ডেস্ক রিপোর্ট | রবিবার, ০১ নভেম্বর ২০২৬ | প্রিন্ট | ২৯ বার পঠিত | পড়ুন মিনিটে
ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে রাজধানীর মিরপুর ১০ নম্বর মোড়ের সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাক কারখানার শ্রমিকেরা।
রবিবার (১ নভেম্বর) সকাল ৮টার দিকে কয়েকটি কারখানার শ্রমিকেরা সড়ক অবরোধ করেন। এতে মিরপুর ১০, ১১ ও ১২ নম্বরসহ আশেপাশের এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়।
এ বিষয়ে মিরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম বলেন, মিরপুরের কয়েকটি স্থান থেকে পোশাক কারখানার শ্রমিকরা আজ সকালে জড়ো হন। তারা মিরপুর ১০ নম্বর মোড় অবরোধ করেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
এর আগে গতকাল শনিবার একই দাবিতে মিরপুরে সড়ক অবরোধ করেছিলেন পোশাক শ্রমিককেরা। সড়ক অবরোধের কারণে সকাল সাড়ে ১০টা থেকে বেলা একটা পর্যন্ত মিরপুর ১০, ১১, ১২ নম্বরসহ আশপাশের এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। একপর্যায়ে শ্রমিকেরা মিরপুর ১ নম্বরের শাহ আলী এলাকায় জড়ো হন। সেখানে কয়েকটি মার্কেট ও পোশাক কারখানায় ভাঙচুরের ঘটনা ঘটে। নিরাপত্তাকর্মীদের সঙ্গে তাদের হাতাহাতি, পাল্টাপাল্টি ধাওয়া, সংঘর্ষের ঘটনাও ঘটে।