|

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

এলিভেটেড এক্সপ্রেসওয়ে: গাড়ি কম দেখিয়ে টোলের টাকা আত্মসাতের অভিযোগ

ডেস্ক রিপোর্ট   |   বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ৩২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

এলিভেটেড এক্সপ্রেসওয়ে: গাড়ি কম দেখিয়ে টোলের টাকা আত্মসাতের অভিযোগ

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে টোল আদায়ের প্রকৃত তথ্য গোপন করে সরকারের রাজস্ব ফাঁকির অভিযোগ উঠেছে বিদেশি বিনিয়োগকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে। অভিযোগ রয়েছে, প্রতিদিন চলাচল করা প্রকৃত যানবাহনের সংখ্যা কম দেখাতে কিছু গাড়ির টোলের তথ্য কেন্দ্রীয় ডিজিটাল ব্যবস্থায় অন্তর্ভুক্ত করা হচ্ছে না।

পাশাপাশি অনুমোদন ছাড়াই টোল আদায়ের দায়িত্ব তৃতীয় পক্ষকে দেওয়া এবং বাংলাদেশি কর্মকর্তা-কর্মচারীদের চাকরিচ্যুত ও পদাবনতি করার অভিযোগও সামনে এসেছে।

এসব অভিযোগের বিষয়ে ব্যবস্থা নিতে গত ৩ সেপ্টেম্বর সেতু বিভাগে প্রতিবেদন দিয়েছে পুলিশের বিশেষ শাখা (এসবি)। তবে অভিযোগ অস্বীকার করেছে প্রকল্প পরিচালনাকারী প্রতিষ্ঠান। সেতু বিভাগ জানিয়েছে, টোল আদায়ের স্বচ্ছতা নিশ্চিত করতে আলাদা পর্যবেক্ষণব্যবস্থা নেওয়া হবে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সরকারি-বেসরকারি অংশীদারির (পিপিপি) ভিত্তিতে নির্মিত প্রকল্পটির চুক্তি অনুযায়ী, টানা ১৫ দিন দৈনিক যানবাহন চলাচল ৮০ হাজার ছাড়ালে অতিরিক্ত যানবাহনের টোল থেকে পাওয়া অর্থের ২৫ শতাংশ পাবে সরকার। আর দৈনিক গাড়ি চলাচল সাড়ে ১৩ হাজারের নিচে নামলে ভর্তুকি পাওয়ার কথা বিনিয়োগকারী প্রতিষ্ঠানের।

অভিযোগ উঠেছে, বর্তমানে প্রতিদিন এক লাখের বেশি যানবাহন চলাচল করলেও সরকারকে অতিরিক্ত টোলের রাজস্ব দেওয়া হচ্ছে না। যদিও বিনিয়োগকারী প্রতিষ্ঠানের হিসাবে দৈনিক গাড়ি চলাচল ৭০ থেকে ৭৫ হাজার।

এসবির গোপন অনুসন্ধানেও প্রতিদিন প্রায় এক লাখ যানবাহন চলাচলের তথ্য পাওয়া গেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, যানবাহনের সংখ্যা ৮০ হাজারের নিচে দেখাতে কিছু গাড়ির টোল ম্যানুয়ালি আদায় করা হচ্ছে। এসব তথ্য কেন্দ্রীয় সফটওয়্যারে অন্তর্ভুক্ত করা হচ্ছে না। ব্যস্ত সময়ে অনলাইন রসিদ ছাড়াই টোল আদায় এবং একই রসিদ একাধিক গাড়ির ক্ষেত্রে ব্যবহারের অভিযোগও রয়েছে।

সরেজমিনে দেখা গেছে, ব্যস্ত সময়ে টোল বুথের পাশাপাশি বিভিন্ন লেনে কর্মীরা হাতে টিকিট নিয়ে দাঁড়িয়ে থাকেন।এসব টিকিটের বিপরীতে চলাচলকারী গাড়ির নম্বর ইলেকট্রনিক বোর্ডে দেখা যায় না।

সেতু বিভাগের সচিব মোহাম্মদ আবদুর রউফ বলেন, এক্সপ্রেসওয়ে চালুর পর তিন বছরে মোট ২১ দিন ৮০ হাজারের বেশি যানবাহন চলাচল করেছে। তবে টানা ১৫ দিন এই সংখ্যা অতিক্রম করেনি। ম্যানুয়ালি টোল নেওয়া গাড়ির হিসাবও রাখা হচ্ছে। এসবির প্রতিবেদনে সন্দেহ প্রকাশ করা হয়েছে জানিয়ে তিনি বলেন, টোল আদায় যথাযথভাবে হচ্ছে কি না সেটি খতিয়ে দেখা হবে।

প্রকল্পটির নির্মাণ, পরিচালনা ও রক্ষণাবেক্ষণের দায়িত্বে রয়েছে ফার্স্ট ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে কোম্পানি লিমিটেড (এফডিইই)। এতে বর্তমানে চীনের চায়না শ্যানডং ইন্টারন্যাশনাল ইকোনমিক অ্যান্ড টেকনিক্যাল কো-অপারেশন গ্রুপের ৮০ শতাংশ এবং সিনোহাইড্রো করপোরেশনের ১৯ শতাংশ শেয়ার রয়েছে। বাকি এক শতাংশ শেয়ার থাইল্যান্ডভিত্তিক ইতালিয়ান থাই ডেভেলপমেন্টের।

অভিযোগ রয়েছে, গত বছর এফডিইই টোল আদায়সহ পরিচালনা ও রক্ষণাবেক্ষণের কাজে শ্যানডং হাইস্পিড ইন্টারন্যাশনাল অপারেশন অ্যান্ড মেইনটেন্যান্স প্রাইভেট লিমিটেড নামে আরেকটি চীনা প্রতিষ্ঠানকে যুক্ত করে। অথচ এ ধরনের দায়িত্ব দিতে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের (বিবিএ) অনুমোদন নেওয়ার প্রয়োজন রয়েছে।

বিবিএর চিঠিপত্র অনুযায়ী, শ্যানডং হাইস্পিডের আইনি অবস্থান জানতে গত ১৩ সেপ্টেম্বর এফডিইইকে চিঠি দেওয়া হয়। ২৮ সেপ্টেম্বর জবাবে এফডিইই জানায়, প্রতিষ্ঠানটির আলাদা নিবন্ধন থাকলেও পরিচালনা ও রক্ষণাবেক্ষণের আনুষ্ঠানিক দায়িত্ব দেওয়া হয়নি। এফডিইই একাই এসব দায়িত্ব পালন করছে। তবে গত বছরের ২৯ অক্টোবরের এক চিঠিতে শ্যানডং হাইস্পিড নিজেকে এফডিইইর সঙ্গে চুক্তিবদ্ধ পরিচালনা ও রক্ষণাবেক্ষণ প্রতিষ্ঠান হিসেবে উল্লেখ করে।

এসবির প্রতিবেদনে বলা হয়েছে, যথাযথ সম্মতি ছাড়াই শ্যানডং হাইস্পিড টোল আদায়ের কাজে যুক্ত হয়েছে। বিডার (বর্তমানে ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষ) কাছে দেওয়া ঠিকানায় প্রতিষ্ঠানটির কার্যালয় পাওয়া যায়নি। এ ছাড়া ট্রেড লাইসেন্স নবায়ন না করা, শ্রম আইন ও দেশি-বিদেশি কর্মীর অনুপাত না মানা এবং কয়েকজন বিদেশি কর্মীর বৈধ ওয়ার্ক পারমিট না থাকার অভিযোগও রয়েছে।

এদিকে তৃতীয় পক্ষ যুক্ত হওয়ার পর এফডিইইর বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে থাকা বাংলাদেশি কর্মীদের সরিয়ে চীনা নাগরিকদের নিয়োগ দেওয়ার অভিযোগ উঠেছে। গত ঈদুল আজহার আগে নয়জন বাংলাদেশি কর্মীকে চাকরিচ্যুত করা হয়।

চাকরিচ্যুত লেন সহকারী সজীব রহমান জানান, একটি গাড়ির চালক ৮০ টাকার টোলের বিপরীতে ১০০ টাকা দিয়ে চলে যান। বাকি ২০ টাকা তিনি না রেখে ডাস্টবিনে ফেলে দেন। কিন্তু টাকা রাখার অভিযোগে তাঁকে চাকরিচ্যুত করা হয়। একই অভিযোগে আরও আটজনকে বাদ দেওয়া হয়েছে বলে দাবি তার।

প্রায় ৯ হাজার কোটি টাকা ব্যয়ের ১৯ দশমিক ৭৩ কিলোমিটার দীর্ঘ এক্সপ্রেসওয়েটি বিমানবন্দরের দক্ষিণে কাওলা থেকে কুতুবখালী পর্যন্ত বিস্তৃত হওয়ার কথা। ২০২৩ সালের সেপ্টেম্বরে বিমানবন্দর থেকে ফার্মগেট পর্যন্ত অংশ যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়। সর্বশেষ সংশোধিত সময়সূচি অনুযায়ী, প্রকল্পের নির্মাণকাজ শেষ হওয়ার সময় নির্ধারণ করা হয়েছে ২০২৮ সালের ডিসেম্বর।

চুক্তি অনুযায়ী, ২৫ বছর পর এক্সপ্রেসওয়েটি সরকারের কাছে হস্তান্তর করবে বিনিয়োগকারীরা। এর আগে টোল আদায়ের মাধ্যমে বিনিয়োগ করা অর্থ সুদসহ তুলে নেওয়ার সুযোগ পাবে তারা।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের অধ্যাপক এবং ইনস্টিটিউট অব প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্টের নির্বাহী পরিচালক আদিল মুহাম্মদ খান বলেন, প্রকল্পটি নিয়ে দীর্ঘদিন ধরেই অভিযোগ রয়েছে। চুক্তিতে বাংলাদেশের স্বার্থ যথাযথভাবে রক্ষা করা হয়নি। সরকারের দেওয়া জমি ও পুনর্বাসন ব্যয়ের মূল্যায়নও বিবেচনায় নেওয়া হয়নি।

তিনি বলেন, যানবাহন চলাচল ও টোল আদায়ের বিষয়ে সরকারের কার্যকর নজরদারি জরুরি। এসবির প্রতিবেদন আমলে নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া এবং দেশের স্বার্থ ক্ষুণ্ন করার সঙ্গে জড়িত কর্মকর্তাদের জবাবদিহির আওতায় আনা উচিত।

সূত্র কালের কণ্ঠ

Advertise with us
Advertise with us
মিরপুরে সতর্ক অবস্থানে পুলিশ-বিজিবি
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
নাশকতার উদ্দেশ্যে টহল গাড়িটি চুরি...
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
সাজেকগামী পর্যটকবাহী ২ পিকআপে আগুন
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
আরও
Advertise with us

ফলো করুন Passenger Voice-এর খবর

Editor and Publisher
SAMSUDDIN CHOWDHURY
Dhaka Office
  • 26 Delwar Complex, Tikatuli, Wari, Bangladesh.
Chittagong Office
  • 35 Kadam Mobarak By-Lane, Jashim Bhaban (4th Floor), Momin Road, Chittagong.
Contact