ডেস্ক রিপোর্ট | বুধবার, ১৮ নভেম্বর ২০২৬ | প্রিন্ট | ৫৮ বার পঠিত | পড়ুন মিনিটে
স্কার্ফ ও সাধারণ কাচ আমদানির ঘোষণা দিয়ে শাল ও টেম্পার্ড গ্লাস আনার মাধ্যমে ১ কোটি ২৫ হাজার ২৮৮ টাকা রাজস্ব ফাঁকির প্রমাণ পেয়েছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।
পানগাঁও ও মোংলা কাস্টমস হাউসে আমদানি করা তিনটি চালানে এসব অসংগতি শনাক্ত করা হয়। পরে অতিরিক্ত রাজস্ব, অর্থদণ্ড ও বিমোচন জরিমানাসহ সংশ্লিষ্ট আমদানিকারকদের কাছ থেকে এ অর্থ আদায় করা হয়েছে।
বুধবার (১৮ নভেম্বর) এক সংবাদ বিবৃতিতে এসব তথ্য জানিয়েছে এনবিআর।
এনবিআর জানায়, কাস্টমস গোয়েন্দার সদর দপ্তরের অ্যানালাইসিস উইংয়ের ঝুঁকি বিশ্লেষণের ভিত্তিতে চালানগুলো লক করে শতভাগ কায়িক পরীক্ষা করা হয়। পরে সংশ্লিষ্ট কাস্টমস হাউস চূড়ান্ত শুল্কায়ন ও রাজস্ব আদায়ের কার্যক্রম সম্পন্ন করে। উইংয়ের পানগাঁও ভিত্তিক টিম-২-এর বিশ্লেষণে এম/এস নবিলা ফ্যাশন ও রুবাবা বুটিকসের দুটি চালানে রাজস্ব ফাঁকির ঝুঁকি চিহ্নিত হয়। গত ৭ ও ৮ নভেম্বর দাখিল করা বিল অব এন্ট্রি নম্বর যথাক্রমে ২০৯৫ ও ২০৯৭-এর বিপরীতে চালান দুটির ঘোষিত মোট ওজন ছিল ৩৪ হাজার ৮২৮ কেজি। চালান দুটিতে স্কার্ফ ও শাল ঘোষণা দেওয়া হলেও গোয়েন্দা বিশ্লেষণে স্কার্ফের তুলনায় বিভিন্ন আকারের শাল বেশি থাকার সম্ভাবনা উঠে আসে। পণ্য দুটির এইচএস কোড ও মোট করভার একই হলেও শুল্কায়ন মূল্যের পার্থক্যের কারণে রাজস্ব ফাঁকির ঝুঁকি ছিল, কায়িক পরীক্ষায় স্কার্ফ কম এবং লেডিস শাল ও মিনি শাল বেশি পাওয়া যায়। চালান দুটি থেকে যথাক্রমে ৪৯ লাখ ৮৮ হাজার ৭৮৯ টাকা ৫৬ পয়সা এবং ৩৯ লাখ ৬৩ হাজার ৪১৮ টাকা ৪৪ পয়সা অতিরিক্ত রাজস্ব আদায় করে। দুটি চালানে মোট আদায় হয় ৮৯ লাখ ৫২ হাজার ২০৮ টাকা।
অন্যদিকে, অ্যানালাইসিস উইংয়ের মোংলাভিত্তিক টিম-৫-এর বিশ্লেষণে আবির ট্রেডার্সের একটি চালানে অসংগতি শনাক্ত হয়। চালানটির ঘোষিত নেট ওজন ছিল ২৫ হাজার ৪৩২ কেজি। গ্যাসের চুলার যন্ত্রাংশসহ আমদানি করা চালানটিতে কাচের জন্য এইচএস কোড ঘোষণা দেওয়া হয়েছিল। তবে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত সার্কেল, মোংলার শতভাগ কায়িক পরীক্ষায় গ্যাসের চুলায় ব্যবহৃত টেম্পার্ড টপ গ্লাস পাওয়া যায়। চূড়ান্ত শুল্কায়নের মাধ্যমে ৪ লাখ ৭৩ হাজার ৮০ টাকা অতিরিক্ত রাজস্ব আদায় করে। পাশাপাশি ৬ লাখ টাকা অর্থদণ্ড ও বিমোচন জরিমানা আদায় করা হয়। সব মিলিয়ে এ চালান থেকে আদায় হয়েছে ১০ লাখ ৭৩ হাজার ৮০ টাকা।
কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের ঝুঁকি বিশ্লেষণ এবং মাঠপর্যায়ের পরীক্ষায় তিনটি চালানের ঘোষণার অসংগতি শনাক্তের পর সংশ্লিষ্ট কাস্টমস হাউসগুলো ওই অর্থ আদায় করা হয়েছে।