ডেস্ক রিপোর্ট | শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ | প্রিন্ট | ৪৮ বার পঠিত | পড়ুন মিনিটে
দেশের বাজারে আবারও স্বর্ণের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ভরিতে দুই হাজার ১৫৮ টাকা কমিয়ে ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে দুই লাখ ১৯ হাজার ৮০৮ টাকা।
শুক্রবার (১৩ নভেম্বর) সকালে এক বিজ্ঞপ্তিতে টানা চতুর্থবারের মতো দেশের বাজারে স্বর্ণের দাম কমানোর ঘোষণা দেয় বাজুস। নতুন এই দর সকাল ১০টা থেকেই কার্যকর হবে।
নতুন দাম অনুযায়ী, বর্তমানে দেশের বাজারে ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম পড়বে দুই লাখ ১৯ হাজার ৮০৮ টাকা। পাশাপাশি ২১ ক্যারেটের প্রতি ভরি দুই লাখ ৯ হাজার ৮৯৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি এক লাখ ৮০ হাজার ২৬৭ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম পড়বে এক লাখ ৪৭ হাজার ৩১৬ টাকা।
তবে দেশের বাজারে স্বর্ণের দাম কমানো হলেও অপরিবর্তিত রয়েছে রুপার দাম। বর্তমানে ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা বিক্রি হচ্ছে তিন হাজার ৪৯৯ টাকা দরে। পাশাপাশি ২১ ক্যারেটের প্রতি ভরি তিন হাজার ৩৮৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি দুই হাজার ৯১৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপা ২ হাজার ২১৬ টাকায় বিক্রি হচ্ছে।
বাজুস জানিয়েছে, পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত সব জুয়েলারি প্রতিষ্ঠানে এই দাম কার্যকর থাকবে। তবে অলঙ্কারের ডিজাইন অনুযায়ী মজুরি প্রযোজ্য। স্বর্ণালঙ্কার ও রৌপলঙ্কারের বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট যুক্ত থাকায় গ্রাহকদের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না। এ ছাড়া, সুনির্দিষ্ট ভ্যাট, মজুরি ও পাথর বাদ দিয়ে অলঙ্কার এক্সচেঞ্জ ও পারচেজের ক্ষেত্রে বাজুসের আগের নিয়ম বহাল থাকবে।