ডেস্ক রিপোর্ট | শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ | প্রিন্ট | ২৩ বার পঠিত | পড়ুন মিনিটে
লক্ষ্মীপুরের কমলনগরে ইলিশ ধরার ওপর সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মাছ পরিবহনের দায়ে ৪ জনকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালত ২ জেলেকে ১৩ দিন করে কারাদণ্ড এবং মাছ পরিবহণের দায়ে অপর ২ জনকে ১ হাজার টাকা করে জরিমানা করেছেন। এ সময় জব্দ করা প্রায় ৩ মণ ইলিশ স্থানীয় এতিমখানা ও দুস্থদের মধ্যে বিতরণ করা হয়েছে।
শুক্রবার (১৬ অক্টোবর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন কমলনগর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা তুর্য সাহা। এর আগে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আরাফাত হুসাইন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ড দেন।
কারাদণ্ডপ্রাপ্ত জেলেরা হলেন উপজেলার চরফলকন গ্রামের ফরহাদ হোসেন ও ইসমাইল হোসেন। অর্থদণ্ডপ্রাপ্ত পরিবহনকারীরা হলেন একই গ্রামের মো. নোমান ও মো. বাচ্চু।
সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা তুর্য সাহা বলেন, কোস্টগার্ড ও মৎস্য বিভাগ কমলনগরের বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে ৪ জনকে আটক করে। এ সময় প্রায় ৩ মণ ইলিশ জব্দ করা হয়। পরে জব্দ করা মাছ স্থানীয় এতিমখানা ও দুস্থদের মধ্যে বিতরণ করা হয়েছে।
মৎস্য বিভাগ জানায়, ইলিশের প্রধান প্রজনন মৌসুম উপলক্ষ্যে ৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ২২ দিন মেঘনা নদীর রামগতির চর আলেকজান্ডার থেকে চাঁদপুরের ষাটনল পর্যন্ত ১০০ কিলোমিটার এলাকায় মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এ সময় মাছ আহরণ, পরিবহন, মজুত, বাজারজাত, ক্রয়-বিক্রয় ও বিনিময় নিষিদ্ধ।
নিষেধাজ্ঞা বাস্তবায়নে মৎস্য বিভাগ, কোস্টগার্ড ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মেঘনা নদীতে অভিযান জোরদার করেছে। নিষেধাজ্ঞা অমান্য করলে সর্বোচ্চ ৫ লাখ টাকা জরিমানা, ২ বছরের কারাদণ্ড অথবা উভয় দণ্ডের বিধান রয়েছে।