| শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট | ১৫ বার পঠিত | পড়ুন মিনিটে
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ছয়টি দূরপাল্লার বাসে ওয়াই-ফাই সংযোগ চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। শিক্ষার্থীদের যাতায়াত আরো স্বাচ্ছন্দ্যময় করার পাশাপাশি দীর্ঘ যাত্রাপথে ইন্টারনেট ব্যবহারের সুযোগ দিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (জকসু) পরিবহন সম্পাদক মাহিদের উদ্যোগে এ ব্যবস্থা চালু করা হচ্ছে।
বিশ্ববিদ্যালয়ের পরিবহন শাখা সূত্রে জানা গেছে, ওয়াই-ফাই সুবিধার আওতায় আসা বাসগুলো হলো—নোঙর, তুরাগ, কালিগঙ্গা, পদ্মা, আড়িয়াল ও ঐতিহ্য। প্রতিটি বাসে ২.৪ গিগাহার্টজ (2.4G) ও ৫ গিগাহার্টজ (5G) ব্যান্ডের ওয়াই-ফাই সংযোগ থাকবে।
প্রতিটি ব্যান্ডে সর্বোচ্চ ১৬ জন করে মোট ৩২ জন ব্যবহারকারী একসঙ্গে ওয়াই-ফাই সুবিধা নিতে পারবেন।
পরিবহন শাখার প্রচারিত তথ্য অনুযায়ী, দীর্ঘ যাত্রাপথে শিক্ষার্থীদের অনলাইন ক্লাস, একাডেমিক কার্যক্রম, প্রয়োজনীয় তথ্য অনুসন্ধান ও যোগাযোগের মতো কাজে ইন্টারনেট সুবিধা সহায়ক হবে।
বিশেষ করে দূরপাল্লার বাসে নিয়মিত যাতায়াতকারী শিক্ষার্থীরা এ সুবিধার মাধ্যমে যাত্রাপথেও প্রয়োজনীয় অনলাইন কার্যক্রম পরিচালনা করতে পারবেন।
ছয়টি বাসে ওয়াই-ফাই সংযোগ চালু হলে বিশ্ববিদ্যালয়ের পরিবহন ব্যবস্থায় প্রযুক্তিনির্ভর নতুন সুবিধা যুক্ত হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।