ডেস্ক রিপোর্ট | বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ | প্রিন্ট | ১৮ বার পঠিত | পড়ুন মিনিটে
সৌদি আরবের বিমানবন্দরগুলোতে সাময়িক বিধিনিষেধ ও ফ্লাইট চলাচলে বিঘ্ন ঘটায় ঢাকা থেকে ছাড়ার অপেক্ষায় থাকা সৌদিগামী ফ্লাইট পরিচালনায় বড় ধরনের বিপর্যয় দেখা দিয়েছে।
বুধবার (১৪ অক্টোবর) বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) বার্তায় জানানো হয়, এ পরিস্থিতির কারণে এ পর্যন্ত সরাসরি ও ট্রানজিট মিলিয়ে মোট ৮৬টি ফ্লাইট বাতিল বা স্থগিত হয়েছে, যার ফলে ভোগান্তিতে পড়েছেন ১৩ হাজার ৪৯০ জন প্রবাসী ও সাধারণ যাত্রী।
বেবিচক জানায়, এই ৮৬টি ফ্লাইটের মধ্যে সরাসরি চালিত ফ্লাইট ছিল ৩৬টি এবং ট্রানজিট ফ্লাইট ছিল ৫০টি।
সৌদি আরবের বিভিন্ন গন্তব্যে সরাসরি যাতায়াতকারী এয়ারলাইন্সগুলোর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ১৪টি, ইউএস-বাংলা এয়ারলাইন্সের ১০টি, রিয়াদ এয়ারওয়েজের ৭টি ও সৌদিয়া এয়ারলাইন্সের ৫টি ফ্লাইট বাতিল ও স্থগিত হয়।
মধ্যপ্রাচ্য ও পার্শ্ববর্তী দেশের বিমানবন্দর হয়ে যেসব ট্রানজিট ফ্লাইট সৌদি আরবে যাত্রী পরিবহন করে, সেগুলোর ওপরও বড় প্রভাব পড়েছে। বিঘ্নিত ৫০টি ফ্লাইটের মধ্যে ইন্ডিগো এয়ারলাইন্সের ২২টি, এমিরেটস এয়ারলাইন্সের ১১টি, কাতার এয়ারওয়েজের ৬টি, ফ্লাই দুবাইয়ের ৬টি, সালাম এয়ারের ৪টি ও ইজিপ্ট এয়ারের ১টি ফ্লাইট রয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সৌদি কর্তৃপক্ষের আকস্মিক বিধিনিষেধ ও ফ্লাইট স্থগিতের সিদ্ধান্তের কারণে বিমানবন্দরে এসে বহু যাত্রী আটকা পড়েছেন। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ফ্লাইট পুনর্বিন্যাস বা টিকিটের তারিখ পরিবর্তনের ক্ষেত্রে যাত্রীদের সংশ্লিষ্ট এয়ারলাইন্সের সঙ্গে যোগাযোগ রাখার পরামর্শ দেওয়া হয়েছে।