ডেস্ক রিপোর্ট | বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ | প্রিন্ট | ৮ বার পঠিত | পড়ুন মিনিটে
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপত্তা সংস্কৃতির উন্নয়ন ও নিরাপত্তাবিষয়ক জনসচেতনতা বাড়াতে তিন দিনব্যাপী ‘বিমানবন্দর নিরাপত্তা সপ্তাহ-২০২৬’ শুরু হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ নুর হোসেন এ কর্মসূচির উদ্বোধন করেন।
বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, ১৩ থেকে ১৫ অক্টোবর পর্যন্ত চলা এ কর্মসূচিতে বিমানবন্দরের নিরাপত্তার সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার সদস্যরা অংশ নিচ্ছেন। এর মধ্যে রয়েছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের নিরাপত্তা শাখা, বাংলাদেশ বিমানবাহিনীর টাস্কফোর্স, এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন), আনসার এবং বিমানবন্দর পুলিশ ফাঁড়ি।
নিরাপত্তা সপ্তাহ উপলক্ষ্যে তিন দিন প্রতিদিন বিমানবন্দরের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে নিরাপত্তাবিষয়ক ব্রিফিং ও মহড়া অনুষ্ঠিত হবে। এসব মহড়ায় জনসমাগম নিয়ন্ত্রণ, যানবাহন নিয়ন্ত্রণ এবং বিমানবন্দরের নিয়ন্ত্রিত এলাকায় প্রবেশাধিকার নিয়ন্ত্রণের বিষয়গুলো গুরুত্ব পাবে।
বিমানবন্দর কর্তৃপক্ষের আশা, এ কর্মসূচির মাধ্যমে নিরাপত্তার সঙ্গে সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় বাড়বে এবং বিমানবন্দরের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার হবে।