| মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট | ২৪ বার পঠিত | পড়ুন মিনিটে
দেশের সব প্রধান নদ-নদীর পানি এখন বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে গত ২৪ ঘণ্টায় ব্রহ্মপুত্র-যমুনা নদ-নদীর পানি সমতল কমেছে। আগামী পাঁচ দিনও এসব নদ-নদীর পানি কমতে পারে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের প্রকাশিত বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।
বুলেটিনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় গঙ্গার পানি সমতল বেড়েছে। তবে পদ্মার পানি সমতল স্থিতিশীল রয়েছে। গঙ্গার পানি আগামী দুই দিন স্থিতিশীল থাকতে পারে এবং পরবর্তী তিন দিন বাড়তে পারে। অন্যদিকে পদ্মার পানি আগামী পাঁচ দিন স্থিতিশীল থাকতে পারে।
উত্তরাঞ্চলের তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানি গত ২৪ ঘণ্টায় কমেছে। আগামী তিন দিন এসব নদীর পানি কমতে পারে। একইভাবে উত্তর-পূর্বাঞ্চলের সুরমা-কুশিয়ারা নদীর পানিও গত ২৪ ঘণ্টায় কমেছে এবং আগামী তিন দিন কমতে পারে।
এদিকে উত্তর আন্দামান সাগর ও তৎসংলগ্ন মিয়ানমার উপকূলে অবস্থানরত গভীর নিম্নচাপটি মিয়ানমার উপকূল অতিক্রম করে দুর্বল হয়ে স্থল নিম্নচাপ হিসেবে অবস্থান করছে। এটি আরও উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে ক্রমান্বয়ে দুর্বল হতে পারে।
আবহাওয়া সংস্থাগুলোর তথ্য অনুযায়ী, আগামী তিন দিন দেশের অভ্যন্তরে ও তৎসংলগ্ন উজানে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে।