ডেস্ক রিপোর্ট | বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬ | প্রিন্ট | ২৮ বার পঠিত | পড়ুন মিনিটে
রংপুর জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা মোসাদ্দেক হোসেন বাবলুকে ঢাকা বিমানবন্দর থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল ওয়াদুদ আলম।
মোসাদ্দেক হোসেন বাবলু রংপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার ছিলেন। চব্বিশের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সরকার পতনের পর থেকে আত্মগোপনে ছিলেন তিনি।
এর আগে বুধবার তিনি থাইল্যান্ডে যাওয়ার উদ্দেশে ঢাকা বিমানবন্দরের ইমিগ্রেশনে উপস্থিত হলে পুলিশ তাকে গ্রেপ্তার করে। পরে রাতেই রংপুর মেট্রোপলিটন পুলিশের কোতয়ালী থানায় আনা হয় তাকে।
জানা গেছে, বীর মুক্তিযোদ্ধা মোসাদ্দেক হোসেন বাবলু শারীরিকভাবে গুরুতর অসুস্থ। উন্নত চিকিৎসার জন্য তার থাইল্যান্ড যাওয়ার কথা ছিল।
পুলিশ জানিয়েছে, আওয়ামী লীগ নেতা মোছাদ্দেক হোসেন বাবলুর বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকেন্দ্রিক কোতয়ালী থানায় তিনটি মামলা রয়েছে। এর মধ্যে একটি চার্জশিট হয়েছে ও বাকি দুটি তদন্তাধীন রয়েছে। সেই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
রংপুর মেট্রোপলিটন পুলিশের কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াদুদ আলম বলেন, বুধবার রাতে দেশত্যাগের উদ্দেশে ঢাকা বিমানবন্দরে পৌঁছালে ইমিগ্রেশন পুলিশ মোছাদ্দেক হোসেন বাবলুকে গ্রেপ্তার করে। পরে তাকে রংপুরে নিয়ে আসা হয়। বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।