ডেস্ক রিপোর্ট | বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬ | প্রিন্ট | ৩৭ বার পঠিত | পড়ুন মিনিটে
গোপালগঞ্জে আইনশৃঙ্খলা পরিস্থিতির অস্থিতিশীলতার কারণে রাজশাহী থেকে ছেড়ে আসা গোবরাগামী আন্তনগর ‘টুঙ্গিপাড়া এক্সপ্রেস’ ট্রেনের রুট সাময়িকভাবে সংক্ষিপ্ত করা হয়েছে। ট্রেনটি এখন রাজশাহী থেকে কালুখালী জংশন পর্যন্ত চলাচল করবে।
পশ্চিমাঞ্চল রেলওয়ের পক্ষ থেকে ট্রেনটির কালুখালী-গোবরা অংশে চলাচল সাময়িক স্থগিতাদেশ জারি করা হয়েছে।
রাজশাহী রেলওয়ের স্টেশন ম্যানেজার আবুল কালাম আজাদ জানান, রাজশাহী থেকে ছেড়ে আসা টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনটি কালুখালী থেকে গোপালগঞ্জের ওপর দিয়ে গোবরা পর্যন্ত মোট ১১টি স্টেশনে যাত্রাবিরতি করে।
তিনি জানান, কালুখালী থেকে গোবরা পর্যন্ত সাময়িক চলাচল স্থগিত করায় এই ১১টি স্টেশনের যাত্রীদের সবাইকে কালুখালী জংশনে নেমে যেতে হবে। একইভাবে যেসব যাত্রী টুঙ্গিপাড়া এক্সপ্রেসে রাজশাহী আসতে চান, তাদেরও কালুখালী জংশনে এসে ট্রেনে উঠতে হবে।
পশ্চিমাঞ্চল রেলওয়ের নির্দেশিত বার্তায় বলা হয়েছে, রাজশাহী-গোবরা রুটে চলাচলকারী ৭৮৩/৭৮৪ আন্তনগর টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনটিকে কালুখালী-গোবরা রুট থেকে সাময়িকভাবে প্রত্যাহার করা হয়েছে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত ট্রেনটি রাজশাহী থেকে কালুখালী জংশন পর্যন্ত চলাচল করবে।
বার্তায় আরো জানানো হয়, রাজশাহী থেকে ছেড়ে আসা ৭৮৪ টুঙ্গিপাড়া এক্সপ্রেসের খালি (এমটি) রেক রাতে রাজবাড়ী স্টেশনে রাখা হবে। পরদিন সকালে ৭৮৩ টুঙ্গিপাড়া এক্সপ্রেসের রেক নির্ধারিত সময়ে রাজবাড়ী থেকে কালুখালী জংশনে পৌঁছাবে এবং সেখান থেকে রাজশাহীর উদ্দেশে ছেড়ে যাবে।