ডেস্ক রিপোর্ট | মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬ | প্রিন্ট | ৪০ বার পঠিত | পড়ুন মিনিটে
পদ্মা সেতুর টোলপ্লাজায় নিষিদ্ধ আওয়ামী-ছাত্রলীগের সড়ক অবরোধ-গাড়ি ভাঙচুর, ককটেল বিস্ফোরণ শরীয়তপুরের জাজিরা উপজেলার নাওডোবা এলাকায় পদ্মা সেতুর দক্ষিণ টোলপ্লাজা অবরোধ করে বিক্ষোভের পালনের অভিযোগ উঠেছে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে। এসময় ককটেল বিস্ফোরণ ও গাড়ি ভাঙচুর করা হয়।
সোমবার (০৯ নভেম্বর) দিবাগত রাত ১টার দিকে এ ঘটনা ঘটে। শরীয়তপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) ইকবাল হোসেন অপুর ছেলের ‘Danib Bin Iqbal’ নামের ফেসবুক আইডিসহ বিভিন্ন ফেসবুক আইডি থেকে লাইভে এসে তারা এ কর্মসূচি পালন করেন বলে জানা গেছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, কার্যক্রম নিষিদ্ধ এসব সংগঠনের নেতাকর্মীরা নাওডোবা এলাকায় পদ্মা সেতুর দক্ষিণ টোলপ্লাজার সামনে বৈঠা হাতে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করেছেন। এ সময় তাদের লাঠিসোঁটা নিয়ে অতর্কিতভাবে বিভিন্ন যানবাহনে হামলা ও ভাঙচুর করতে দেখা যায়। প্রায় এক ঘণ্টা ধরে টোলপ্লাজার কার্যক্রম বন্ধ রেখে তারা অবস্থান করেন। এ সময় তারা ককটেল বিস্ফোরণও ঘটান।
এছাড়াও ভিডিওতে তাদের ‘জয় বাংলা’, ‘জয় বঙ্গবন্ধু’সহ ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং শরীয়তপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) ইকবাল হোসেন অপুর নামে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।
তবে এ ঘটনায় পুলিশ বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কারও কোনো বক্তব্য পাওয়া যায়নি।