ডেস্ক রিপোর্ট | সোমবার, ১২ অক্টোবর ২০২৬ | প্রিন্ট | ২০ বার পঠিত | পড়ুন মিনিটে
আসন্ন দুর্গাপূজা উপলক্ষে নৌপথে নিরাপদ যাত্রা নিশ্চিত করতে রাতে স্পিডবোট চলাচল বন্ধসহ ১৬টি নির্দেশনা দিয়েছে নৌপরিবহন মন্ত্রণালয়। একই সঙ্গে ফিটনেসবিহীন লঞ্চ, নৌযান ও ফেরি চলাচল বন্ধ, লঞ্চে ওঠা-নামায় শৃঙ্খলা নিশ্চিত করা এবং অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।
আজ সোমবার (১২ অক্টোবর) নৌপরিবহন মন্ত্রণালয়ের টিএ শাখা থেকে এ-সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়।
নির্দেশনায় বলা হয়েছে, সব নদীবন্দর ও ঘাট থেকে নিরাপদ নৌযাত্রা নিশ্চিত করতে হবে। লঞ্চে যাত্রী ওঠা-নামা করতে হবে কেবল টার্মিনালের পন্টুন দিয়ে। সদরঘাটে লঞ্চের পেছনে বা পাশে এবং নদীর মাঝপথে নৌকা কিংবা ট্রলারের মাধ্যমে যাত্রী ওঠা-নামা সম্পূর্ণ বন্ধ করতে হবে। সদরঘাটের বিপরীত দিকে কেরানীগঞ্জ থেকেও লঞ্চের সঙ্গে ট্রলার বা নৌকা ভিড়িয়ে যাত্রী পারাপার বন্ধে ব্যবস্থা নিতে হবে।
যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় ঠেকাতে সরকার অনুমোদিত ভাড়ার তালিকা সব নদীবন্দর, টার্মিনাল, ঘাট ও নৌযানে দৃশ্যমান স্থানে টাঙাতে বলা হয়েছে। সদরঘাট টার্মিনালের প্রবেশমুখে কোন পন্টুন থেকে কোন রুটের লঞ্চ ছাড়বে, সেই তথ্যও প্রদর্শন করতে হবে। পাশাপাশি টার্মিনাল এলাকা অবৈধ পার্কিংমুক্ত রাখতে হবে।
স্পিডবোট চলাচলের ক্ষেত্রে রাতে চলাচল বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। দিনের বেলায় স্পিডবোট নদীর মাঝখান দিয়ে চলাচল করতে পারবে না। যাত্রীদের লাইফ জ্যাকেট পরা নিশ্চিত করতে হবে।
নির্দেশনায় আরও বলা হয়েছে, অভ্যন্তরীণ নৌপথে ফিটনেসবিহীন লঞ্চ, নৌযান ও ফেরি চলাচল সম্পূর্ণ বন্ধ করতে হবে। এ বিষয়ে কার্যকর ব্যবস্থা নেবে নৌপরিবহন অধিদপ্তর। সদরঘাট টার্মিনাল ও পন্টুন হকার এবং ক্যানভাসারমুক্ত রাখার পাশাপাশি দুর্ঘটনায় দ্রুত উদ্ধার কার্যক্রম চালাতে উদ্ধারকারী নৌযান প্রস্তুত রাখতে হবে। ঢাকা নদীবন্দরসহ গুরুত্বপূর্ণ নদীবন্দর এলাকায় দ্রুত অগ্নিনির্বাপণের ব্যবস্থাও নিশ্চিত করতে বলা হয়েছে।
সব ফেরিরুট ও নৌ-চ্যানেলের নাব্যতা বজায় রাখা এবং সচল রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ফেরিতে অনুমোদিত সংখ্যক যানবাহন সিরিয়াল অনুযায়ী ওঠানো নিশ্চিত করতে কন্ট্রোল গেট স্থাপন ও কঠোরভাবে নিয়ন্ত্রণ করতে হবে। অনুমতি ছাড়া কোনো যানবাহন ফেরিতে ওঠানো যাবে না। এ ছাড়া ফেরিতে ওঠার সময় চালক ছাড়া অন্য সব যাত্রীকে যানবাহন থেকে নামিয়ে ফেরিতে ওঠাতে হবে। এ নির্দেশনা জানিয়ে ফেরিঘাটে দৃশ্যমান বিলবোর্ড স্থাপন করতে বলা হয়েছে।
দুর্যোগপূর্ণ আবহাওয়ায় সংকেত অনুসরণ করে সতর্কতার সঙ্গে নৌযান পরিচালনা করতে হবে। প্রয়োজনে আবহাওয়া অধিদপ্তরের হটলাইন ১০৯০ অথবা ০২-৪১০২৫৭৩০ ও ০২-৪১০২৫৭৩১ নম্বরে যোগাযোগ করে আবহাওয়ার অবস্থা জেনে নিতে বলা হয়েছে।
যাত্রীসেবার মান বাড়াতে সব অভ্যন্তরীণ নদীবন্দরে বিশুদ্ধ পানীয়, পয়ঃনিষ্কাশন, মোবাইল ফোন চার্জিং ও শিশুকে বুকের দুধ খাওয়ানোর ব্যবস্থা উন্নত করার নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি নারী, শিশু ও বিশেষ চাহিদাসম্পন্ন যাত্রীদের চলাচল ও পারাপারে বিশেষ সুবিধা নিশ্চিত করতে বলা হয়েছে।
নৌপথে যাত্রীদের নিরাপত্তা-সংক্রান্ত জরুরি প্রয়োজনে যোগাযোগের জন্য চারটি হটলাইন নম্বর লঞ্চ ও অন্যান্য নৌযানে দৃশ্যমানভাবে প্রদর্শন এবং এ বিষয়ে ব্যাপক প্রচারের নির্দেশনাও দেওয়া হয়েছে।