ডেস্ক রিপোর্ট | সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ | প্রিন্ট | ৩৬ বার পঠিত | পড়ুন মিনিটে
আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় চট্টগ্রাম ওয়াসার সাবেক গাড়িচালক মো. তাজুল ইসলাম ও তার স্ত্রী খাইরুন্নেছা বেগমকে তিন বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
সোমবার (৫ অক্টোবর) চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মো. মিজানুর রহমান এ রায় দেন। পরে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।
একইসঙ্গে অভিযুক্ত তাজুল ইসলামকে ১৫ লাখ ৬৯ হাজার ১৯৩ টাকা এবং তার স্ত্রীকে এক লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) পিপি মোকাররম হোসেন বলেন, মামলায় নয়জন সাক্ষীর সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে আদালত তাজুল ইসলামকে তিন বছর সশ্রম কারাদণ্ডের পাশাপাশি ১৫ লাখ ৬৯ হাজার ১৯৩ টাকা অর্থদণ্ড দিয়েছেন। অর্থদণ্ড অনাদায়ে তাকে আরও ছয় মাস সশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। তার স্ত্রী খাইরুন্নেছা বেগমকে তিন বছর সশ্রম কারাদণ্ড ও এক লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
মামলার নথি অনুযায়ী, তাজুল ইসলাম ও তার স্ত্রী পরস্পর যোগসাজশে জ্ঞাত আয়বহির্ভূত অর্থ উপার্জন করে তা দিয়ে খাইরুন্নেছার নামে জমি কেনা ও ভবন নির্মাণে বিনিয়োগ করেন। স্বামীর অবৈধভাবে উপার্জিত অর্থকে বৈধতা দেওয়ার উদ্দেশ্যে খাইরুন্নেছা নিজের নামে আয়কর নথি খোলেন এবং সেখানে অর্জিত সম্পদ ও আয়ের উৎস দেখান বলে অভিযোগ করা হয়।
এ ছাড়া দুদকে দাখিল করা সম্পদ বিবরণীতে ১২ লাখ ৯৭ হাজার ৭৯ টাকার সম্পদের তথ্য গোপনের অভিযোগও আনা হয়। এ ঘটনায় দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৬(২) ও ২৭(১) ধারা এবং দণ্ডবিধির ১০৯ ধারায় তাদের বিরুদ্ধে মামলা করা হয়।
মামলার তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দাখিল করে দুদক। পরে ২০২৫ সালের ১ জুলাই চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালত আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু করেন।