|

Advertise with us

ঐতিহ্যবাহী নৌকাবাইচ দেখতে কালীগঙ্গায় দর্শনার্থীদের ঢল

  |   রবিবার, ০৪ অক্টোবর ২০২৬   |   প্রিন্ট   |   ৪৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ঐতিহ্যবাহী নৌকাবাইচ দেখতে কালীগঙ্গায় দর্শনার্থীদের ঢল

মানিকগঞ্জের কালীগঙ্গা নদীর বেউথা ঘাটে অনুষ্ঠিত হয়ে গেল ঐতিহ্যবাহী নৌকাবাইচ। প্রতিযোগিতা ঘিরে নদীর দুই পাড়ে ছিল মানুষের ঢল। সকাল থেকেই জেলার বিভিন্ন প্রান্ত থেকে দর্শনার্থীরা বেউথা ঘাটে আসতে শুরু করেন। দুপুরের পর নদীর দুই পাড় লোকে লোকারণ্য হয়ে ওঠে।

শনিবার (৩ অক্টোবর) দুপুরে জেলা বিএনপির আয়োজনে নৌকাবাইচের আনুষ্ঠানিক উদ্বোধন করেন খাদ্যমন্ত্রী ও মানিকগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আফরোজা খানম রিতা। প্রতিযোগিতায় মানিকগঞ্জ ছাড়াও কুড়িগ্রামের রৌমারী, টাঙ্গাইলের নাগরপুর, পাবনার সাঁথিয়াসহ বিভিন্ন এলাকা থেকে চারটি ক্যাটাগরিতে মোট ২২টি নৌকা অংশ নেয়।

এর মধ্যে খেল্লা-গয়ইটা ক্যাটাগরিতে ১০টি, ঘাসি-ছিপা ক্যাটাগরিতে পাঁচটি, ছান্দি ক্যাটাগরিতে চারটি এবং পানসি ক্যাটাগরিতে তিনটি নৌকা ছিল। পাশাপাশি ৭০ ও ৮০ হাত দীর্ঘ দুটি কলাগাছের ভেলাও আয়োজনে অংশ নেয়।

নৌকাবাইচের অন্যতম আকর্ষণ ছিল কুড়িগ্রামের রৌমারী থেকে আসা খেল্লা নৌকা ‘মায়ের দোয়া’। নৌকাটির পরিচালক মজিবুর রহমান জানান, রৌমারীর বন্দবেড় ইউনিয়নের বাগুয়ারচর গ্রাম থেকে ব্রহ্মপুত্র নদ হয়ে মানিকগঞ্জের উদ্দেশে যাত্রা করে নৌকাটি। বিভিন্ন নদীপথ পাড়ি দিয়ে তিন দিনে কালীগঙ্গার বেউথা ঘাটে পৌঁছায় এটি।

মজিবুর রহমান বলেন, ভারতের শাল কাঠ দিয়ে তৈরি ‘মায়ের দোয়া’ নৌকাটি নির্মাণে প্রায় ছয় লাখ টাকা ব্যয় হয়েছে। এক বছর ধরে নৌকাটি নির্মাণের পর এবারই প্রথম কোনো নৌকাবাইচে অংশ নিয়েছেন তারা।

নির্ধারিত দূরত্বে প্রতিযোগী নৌকাগুলো ছুটে চলার সময় বৈঠার ছন্দ ও দর্শকদের উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে কালীগঙ্গার দুই পাড়। শিশু-কিশোর থেকে শুরু করে বিভিন্ন বয়সি মানুষ পরিবার-পরিজন নিয়ে উপভোগ করেন গ্রামবাংলার ঐতিহ্যবাহী এ আয়োজন।

আয়োজকরা জানান, প্রতিটি ক্যাটাগরিতে বিজয়ীদের জন্য ছিল বিশেষ পুরস্কারের ব্যবস্থা। মোটরসাইকেল, ইলেকট্রিক বাইক ও বিভিন্ন আকারের ফ্রিজসহ আকর্ষণীয় পুরস্কার রাখা হয় বিজয়ীদের জন্য। এছাড়া প্রতিযোগিতায় অংশ নেওয়া প্রতিটি নৌকার জন্য ছিল পিতলের কাপ।

নৌকাবাইচের পাশাপাশি আয়োজন করা হয় ‘যেমন খুশি তেমন সাজো’ প্রতিযোগিতারও। এতে অংশ নেওয়া নৌকা ও ব্যক্তিদের জন্য টেলিভিশন, প্রেসার কুকার, রাইস কুকারসহ বিভিন্ন পুরস্কারের ব্যবস্থা করা হয়।

নৌকাবাইচ পরিচালনা ও ব্যবস্থাপনা কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট আ তা ম জহীর আলম খান লোদীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নৌকাবাইচ কমিটির সদস্যসচিব মাসুদ পারভেজ, মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এস এ জিন্নাহ কবীর, জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা, পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম, জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট জামিলুর রশিদ খানসহ জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা।

আয়োজকরা বলেন, গ্রামবাংলার হারিয়ে যেতে বসা ঐতিহ্যকে ধরে রাখা এবং নতুন প্রজন্মের কাছে নৌকাবাইচের সংস্কৃতি তুলে ধরার লক্ষ্যেই এ আয়োজন করা হয়েছে। মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ঐতিহ্যবাহী এ নৌকাবাইচ পরিণত হয় উৎসবমুখর আয়োজনে।

Advertise with us
Advertise with us
বাসে প্রসাধনী বিক্রি করতেন এই...
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬
ধানমন্ডি লেকের পাশে হবে নজরুল...
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬
শিশুদের শৈশব হতে হবে নিরাপদ...
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬
ভারত ভাগের ৭০ বছর পর...
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬
চলতি মাসেই জাপান সফরে যাচ্ছেন...
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬
৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬
দেশের প্রবৃদ্ধি ৩.৪ শতাংশে নেমে...
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬
আরও
Advertise with us

ফলো করুন Passenger Voice-এর খবর

Editor and Publisher
SAMSUDDIN CHOWDHURY
Dhaka Office
  • 26 Delwar Complex, Tikatuli, Wari, Bangladesh.
Chittagong Office
  • 35 Kadam Mobarak By-Lane, Jashim Bhaban (4th Floor), Momin Road, Chittagong.
Contact