ডেস্ক রিপোর্ট | শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ | প্রিন্ট | ৪০ বার পঠিত | পড়ুন মিনিটে
হবিগঞ্জ শহরের কামড়াপুর এলাকা থেকে খাদ্যবান্ধব কর্মসূচির ৫৮ বস্তা সরকারি চালসহ তিনটি ইজিবাইক জব্দ করেছে পুলিশ। এ সময় তিন ইজিবাইক চালককে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় শহরের আনোয়ারপুর পয়েন্টে এ অভিযান চালায় হবিগঞ্জ সদর মডেল থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, খাদ্যবান্ধব কর্মসূচির সরকারি চাল অবৈধভাবে সরিয়ে নেওয়ার খবর পেয়ে আনোয়ারপুর পয়েন্টে অবস্থান নেয় পুলিশের একটি দল। পরে তিনটি ইজিবাইকে সরকারি বস্তায় ভরা চাল পরিবহনের সময় আটক করা হয়। এ সময় ৫৮ বস্তা চাল উদ্ধারসহ তিন চালককে হেফাজতে নেয় পুলিশ।
আটক ব্যক্তিরা হলেন- হবিগঞ্জ সদর উপজেলার ছোট বহুলা গ্রামের মৃত আব্দুল মালেকের ছেলে ইব্রাহীম মিয়া, কালনী গ্রামের সবুজ মিয়ার ছেলে ইমন মিয়া এবং একই গ্রামের ইউসুফ আলীর ছেলে আল আমিন মিয়া।
পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক চালকেরা জানিয়েছেন, কালনী গ্রামের হেলিম মিয়া দুর্লবপুর থেকে চালগুলো তাদের গাড়িতে তুলে দেন। তবে চালগুলো কোথা থেকে আনা হয়েছিল এবং কোথায় নেওয়া হচ্ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে।
হবিগঞ্জ সদর মডেল থানার ওসি জাহিদুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।