| শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট | ২৫ বার পঠিত | পড়ুন মিনিটে
না ফেরার দেশে পাড়ি জমালেন বলিউডের জনপ্রিয় অভিনেতা মুস্তাক খান। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) মুম্বাইয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে তার। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৬ বছর।
সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, দীর্ঘদিন ধরে যকৃতের ক্যানসারে ভুগছিলেন মুস্তাক খান। গত ১৫ দিন ধরে মুম্বাইয়ের নানাবতী হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। সেখানেই শেষ নিশ্বাস ত্যাগ করেন এ অভিনেতা। তার মৃত্যুতে বলিউডে নেমে এসেছে শোকের ছায়া।
মুস্তাক খানের ব্যবসায়ী পার্টনার শিবম জানিয়েছেন, প্রায় পাঁচ বছর আগে তার ক্যানসার শনাক্ত হয়। সে সময় চিকিৎসাও হয়েছিল তার। তবে সম্প্রতি আবারও ক্যানসারের তীব্রতা বেড়ে যায়। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল।
২০০৭ সালে মুক্তি পাওয়া তারকাবহুল সিনেমা ‘ওয়েলকাম’সিনেমায় অভিনয় করে নতুন করে দর্শকের নজরে আসেন মুস্তাক খান। সিনেমাটিতে ‘মেরা এক টাং নকলি হ্যায়’ সংলাপটি বলেছিলেন তিনি। ছোট্ট সেই সংলাপই দর্শকের মুখে মুখে ছড়িয়ে পড়ে। সিনেমাটিতে অনিল কাপুর, নানা পটেকরসহ বলিউডের একাধিক তারকা অভিনয় করেছিলেন।
তবে ‘ওয়েলকাম’র আগেই দীর্ঘ অভিনয়জীবন গড়ে তুলেছিলেন মুস্তাক খান। আশির দশক থেকে বিভিন্ন সিনেমায় পার্শ্বচরিত্রে অভিনয় করে নিজের আলাদা পরিচিতি তৈরি করেন তিনি। ১৯৮০ সালে ‘অ্যালবার্ট পিন্টো কো গুসসা কিউ আতা হ্যায়’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয় তার।
এরপর কয়েক দশকের ক্যারিয়ারে ‘হাম হ্যায় রাহি পেয়ার কে’, ‘জোড়ি নম্বর ওয়ান’, ‘একেলে হাম, একেলে তুম’, ‘প্যায়ার তো হোনা হি থা’, ‘মুঝসে শাদি করোগি’ ও ‘আশিকি’র মতো সিনেমায় অভিনয় করেছেন মুস্তাক খান।
মধ্যপ্রদেশের বালাঘাটে জন্ম মুস্তাক খানের। সেখান থেকে অভিনয়ের জগতে পা রেখে ধীরে ধীরে বলিউডে নিজের অবস্থান তৈরি করেন তিনি। দীর্ঘ ক্যারিয়ারে মূলত পার্শ্বচরিত্রে অভিনয় করলেও তার বেশ কিছু চরিত্র ও সংলাপ দর্শকের মনে জায়গা করে নেয়।
২০২৪ সালেও আলোচনায় এসেছিলেন এ অভিনেতা। একটি অনুষ্ঠানে নিয়ে যাওয়ার কথা বলে তাকে অপহরণ করা হয়েছিল বলে খবর প্রকাশিত হয়। পরে দুই লাখ টাকারও বেশি মুক্তিপণ দিয়ে তিনি অপহরণকারীদের কাছ থেকে মুক্তি পান।
দীর্ঘ অভিনয়জীবনের ইতি টেনে মুস্তাক খানের চলে যাওয়ায় বলিউডে নেমে এসেছে শোকের আবহ।