ডেস্ক রিপোর্ট | বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ | প্রিন্ট | ৪৩ বার পঠিত | পড়ুন মিনিটে
চট্টগ্রাম-দোহাজারী মিটার গেজ রেলপথকে ডুয়েল গেজে রূপান্তরের কাজ পেয়েছে চীনের প্রতিষ্ঠান চায়না রেলওয়ে গ্রুপ লিমিটেড। একই প্রকল্পের আরেকটি প্যাকেজের কাজ করবে দেশীয় প্রতিষ্ঠান ম্যাক্স ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড।
দুটি প্যাকেজের পূর্ত কাজে মোট ব্যয় হবে ৪ হাজার ৬২৯ কোটি ৩৯ লাখ টাকা।
বুধবার (২৫ নভেম্বর) অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ-সংক্রান্ত প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) অর্থ মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়েছে।
অনুমোদিত প্রস্তাব অনুযায়ী, প্রকল্পের ডব্লিউডি-১ প্যাকেজের কাজ করবে ঢাকার ম্যাক্স ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড।
এ জন্য ব্যয় হবে ২ হাজার ৭১৭ কোটি ৯১ লাখ ১৩ হাজার ৪০৩ টাকা। অন্যদিকে ডব্লিউডি-২ প্যাকেজের কাজ পেয়েছে চীনের চায়না রেলওয়ে গ্রুপ লিমিটেড।
এ প্যাকেজে ব্যয় হবে ১ হাজার ৯১১ কোটি ৪৮ লাখ ১১ হাজার ১১২ টাকা। দুটি প্যাকেজের ব্যয়ের মধ্যে সরকারি অর্থায়নের পাশাপাশি এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) অর্থায়ন রয়েছে। নির্ধারিত ব্যয়ের মধ্যে কর ও ভ্যাট অন্তর্ভুক্ত।
রেলপথ মন্ত্রণালয়ের প্রস্তাব অনুযায়ী, বাংলাদেশ রেলওয়ে প্রকল্পটি বাস্তবায়ন করবে। কাজের জন্য ওয়ান স্টেজ টু এনভেলপ পদ্ধতিতে দরপত্র আহ্বান করা হয়। ডব্লিউডি-১ প্যাকেজে সাতটি প্রতিষ্ঠান দরপত্র জমা দেয়। এর মধ্যে দুটি প্রতিষ্ঠানের প্রস্তাব কারিগরিভাবে গ্রহণযোগ্য হয়। আর ডব্লিউডি-২ প্যাকেজে দরপত্র জমা দেয় ১১টি প্রতিষ্ঠান। এর মধ্যে তিনটি প্রতিষ্ঠানের প্রস্তাব কারিগরিভাবে গ্রহণযোগ্য বিবেচিত হয়।
দরপত্র মূল্যায়ন কমিটির সুপারিশের ভিত্তিতে কারিগরিভাবে গ্রহণযোগ্য সর্বনিম্ন দরদাতা হিসেবে ডব্লিউডি-১ প্যাকেজে ম্যাক্স ইনফ্রাস্ট্রাকচার এবং ডব্লিউডি-২ প্যাকেজে চায়না রেলওয়ে গ্রুপকে নির্বাচিত করা হয়। পরে প্রতিষ্ঠান দুটিকে কাজ দেওয়ার প্রস্তাব সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটিতে উপস্থাপন করা হয়।
প্রকল্পের আওতায় চট্টগ্রাম থেকে গুমদণ্ডী পর্যন্ত বিদ্যমান মিটার গেজ রেলপথ ডুয়েল গেজে রূপান্তর করা হবে। পাশাপাশি পাহাড়তলী থেকে ঝাউতলা পর্যন্ত নতুন ডুয়েল গেজ রেললাইন নির্মাণ করা হবে। এ অংশে সিগন্যালিং ও টেলিযোগাযোগ ব্যবস্থার উন্নয়নসহ অন্যান্য পূর্ত কাজ করবে ম্যাক্স ইনফ্রাস্ট্রাকচার।
অন্যদিকে চায়না রেলওয়ে গ্রুপের আওতায় চট্টগ্রাম থেকে গুমদণ্ডী হয়ে দোহাজারী পর্যন্ত বিদ্যমান মিটার গেজ রেলপথ ডুয়েল গেজে রূপান্তর করা হবে। এ কাজের সঙ্গে সংশ্লিষ্ট অন্যান্য অবকাঠামোগত উন্নয়নও করা হবে।
রেলওয়ে সূত্রে জানা গেছে, চট্টগ্রাম-দোহাজারী রেলপথ ডুয়েল গেজে রূপান্তরের প্রকল্পটি ২০২৩ সালের ৩১ অক্টোবর জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় অনুমোদন পায়। ২০২৩ সালের ১ জুলাই শুরু হওয়া প্রকল্পটির বাস্তবায়ন মেয়াদ ধরা হয়েছে ২০২৮ সালের ৩০ জুন পর্যন্ত।
প্রকল্পটি বাস্তবায়িত হলে চট্টগ্রাম-দোহাজারী রেলপথে মিটার গেজের পাশাপাশি ব্রড গেজ ট্রেন চলাচলেরও সুযোগ তৈরি হবে। এতে দেশের রেল নেটওয়ার্কের সঙ্গে এ রেলপথের সংযোগ ও ট্রেন চলাচলের সক্ষমতা বাড়বে বলে আশা করা হচ্ছে।