ডেস্ক রিপোর্ট | রবিবার, ২২ নভেম্বর ২০২৬ | প্রিন্ট | ৩৪ বার পঠিত | পড়ুন মিনিটে
ইসলামী ব্যাংকে ৬ হাজার কোটি টাকা বিনিয়োগ করে ৭৮ দশমিক ৮ শতাংশ মালিকানা নেওয়ার বিষয়ে সরকারের কোনো উদ্যোগ বা আগ্রহের তথ্য তাদের কাছে নেই বলে জানিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ। এ বিষয়ে সরকারের কাছ থেকে কোনো আনুষ্ঠানিক প্রস্তাবও পায়নি ব্যাংকটি।
ইসলামী ব্যাংক কর্তৃপক্ষের দেওয়া তথ্যের ভিত্তিতে রোববার (২২ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এ তথ্য জানিয়েছে।
ডিএসইর তথ্য অনুযায়ী, গত ১৭ নভেম্বর একটি অনলাইন সংবাদমাধ্যমে ‘ইসলামী ব্যাংকে ৬ হাজার কোটি টাকা বিনিয়োগের প্রস্তাব সরকারের, ৭৮ দশমিক ৮ শতাংশ মালিকানা নিতে পারে রাষ্ট্র’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। ওই সংবাদের বিষয়ে ইসলামী ব্যাংক কর্তৃপক্ষের কাছে ব্যাখ্যা চায় ডিএসই।
এর জবাবে ব্যাংক কর্তৃপক্ষ রোববার জানায়, ব্যাংকের ইকুইটিতে (শেয়ার মূলধন) সরকারের বিনিয়োগের কোনো আগ্রহ বা উদ্যোগ সম্পর্কে তাদের কাছে তথ্য নেই। এ ধরনের বিনিয়োগের বিষয়ে সরকারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রস্তাবও ব্যাংকটি পায়নি।
ব্যাংক কর্তৃপক্ষ আরও জানায়, এ বিষয়ে সরকারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক আগ্রহ বা প্রস্তাব পাওয়া গেলে নিয়ন্ত্রক সংস্থার বিধিবিধান ও নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করে তা জানানো হবে।
অর্থাৎ ইসলামী ব্যাংকে ৬ হাজার কোটি টাকা বিনিয়োগ করে ৭৮ দশমিক ৮ শতাংশ মালিকানা নেওয়ার বিষয়ে যে সংবাদ প্রকাশিত হয়েছে, সে ধরনের কোনো প্রস্তাব বা উদ্যোগের বিষয়ে ব্যাংক কর্তৃপক্ষ এখন পর্যন্ত অবগত নয়।