ডেস্ক রিপোর্ট | রবিবার, ২২ নভেম্বর ২০২৬ | প্রিন্ট | ৬৩ বার পঠিত | পড়ুন মিনিটে
লালমনিরহাটে গরুবাহী ভটভটি ও মোটরসাইকেলে ট্রাকের ধাক্কায় দুইজন নিহত হয়েছেন। রবিবার (২২ নভেম্বর) সকালে সদর উপজেলার পঞ্চগ্রাম ইউনিয়নের বসুনিয়াটারী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন সদর উপজেলার পঞ্চগ্রাম ইউনিয়নের খোড়াগাছ গ্রামের ফজলুল হক ও কুলাঘাট এলাকার এমদাদুল হক (৪৫)।
লালমনিরহাট সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজানুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।
ওসি জানান, গরুর ব্যাপারী ফজলুল হক গরু বোঝাই ভটভটি নিয়ে বড়বাড়ি হাটে এবং এমদাদুল হক মোটরসাইকেলে করে রংপুরে কর্মস্থলে যাচ্ছিলেন। এ সময় পণ্য বোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ভটভটি ও মোটরসাইকেলকে ধাক্কা দেয়।
এতে উভয় গাড়ি গর্তে পড়ে গেলে ঘটনাস্থলেই গরুর ব্যাপারী ফজলুল হক ও তার একটি গরু মারা যায়। গুরুতর আহত হন মোটরসাইকেল আরোহী এমদাদুল হক। তাকে স্থানীয়রা উদ্ধার করে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথেই মারা যায়।
তিনি জানান, গর্তে পড়ে যাওয়া গাড়ি দু-টি উদ্ধারের কাজ চলছে এবং যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।