ডেস্ক রিপোর্ট | শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬ | প্রিন্ট | ৯ বার পঠিত | পড়ুন মিনিটে
চট্টগ্রামের মিরসরাইয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পুলিশের টহল গাড়িকে পেছন থেকে সজোরে বাসের ধাক্কায় পুলিশের চার সদস্যসহ ছয়জন আহত হয়েছেন। তাদের উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
শুক্রবার (২০ নভেম্বর) ভোর ৫টা ১০ মিনিটের দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপজেলার উত্তর সোনাপাহাড় এলাকায় চিনকি আস্তানা বাবুর তেলের দোকানের সামনে মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন—এসআই মিল্টন, এএসআই সালাহ উদ্দিন, কনস্টেবল শফিক, কনস্টেবল রানা, আরিফ ও সাফায়েত আহত হন। তাদের মধ্যে কনস্টেবল শফিক ও রানার অবস্থা আশঙ্কাজনক।
হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, সোহাগ এলিট পরিবহনের একটি বাস পুলিশের টহল গাড়ির পেছনে সজোরে ধাক্কা দেয়।
এতে টহল গাড়িটি দুমড়েমুচড়ে গিয়ে পুলিশের দুই কনস্টেবলসহ ছয়জন আহত হন। দুর্ঘটনার পর স্থানীয় লোকজনের সহযোগিতায় আহতদের উদ্ধার করে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে গুরুতর আহত দুই পুলিশ সদস্যকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তাঁরা বর্তমানে সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
জোরারগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ রাকিবুল হাসান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় ছয়জন আহত হয়েছেন। তাঁদের মধ্যে দুই পুলিশ সদস্য গুরুতর আহত হওয়ায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।