ডেস্ক রিপোর্ট | রবিবার, ১৫ নভেম্বর ২০২৬ | প্রিন্ট | ১৬ বার পঠিত | পড়ুন মিনিটে
ঝিনাইদহের কালীগঞ্জে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে গ্যাস বিক্রির অভিযোগে বিক্রয় প্রতিষ্ঠানকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এ সময় গ্যাসসিলিন্ডার বোঝাই একটি ট্রাক আটক করা হয়। জরিমানাকৃত গ্যাস ঘর নামক বিক্রয় প্রতিষ্ঠানের মালিক কামাল আহমেদ বাবু ওরফে গ্যাস বাবু। তিনি ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক ও সাবেক এমপি আনার হত্যা মামলার অন্যতম আসামি।
শনিবার (১৪ নভেম্বর) রাত সাড়ে ৯ টার দিকে কালীগঞ্জ পৌর শহরের মহিলা কলেজ এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, সরকার নির্ধারিত ১২ কেজি ওজনের এলপি গ্যাস সিলিন্ডারের মূল্য ২ হাজার ৬০ টাকা। তবে ঝিনাইদহের বসুন্ধরা এলপি গ্যাসের ডিলার প্রতিষ্ঠান ‘গ্যাস ঘর’ কালীগঞ্জের ব্যবসায়ীদের কাছে প্রতিটি ১২ কেজির গ্যাস সিলিন্ডার ২ হাজার ৪০০ টাকায় বিক্রি করেছিল। এ খবর ছড়িয়ে পড়লে স্থানীয়রা সিলিন্ডারবোঝাই একটি ট্রাকটি আটকে রেখে উপজেলা প্রশাসনকে খবর দেয়।
খবর পেয়ে কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজওয়ানা নাহিদ ঘটনাস্থলে পৌঁছান। এ সময় স্থানীয়দের দেওয়া তথ্যের সত্যতা পেয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে প্রতিষ্ঠানটিকে ১০ হাজার টাকা জরিমানা করেন তিনি।
স্থানীয়রা জানায়, জরিমানাকৃত গ্যাস ঘর নামের বিক্রয় প্রতিষ্ঠান বসুন্ধরা এলপি গ্যাসের ঝিনাইদহের ডিলারের অধীন একটি বিক্রয় কেন্দ্র। ঝিনাইদহে বসুন্ধরা গ্যাসের ডিলার কামাল আহমেদ বাবু ওরফে গ্যাস বাবু। তিনি ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক ও ঝিনাইদহ-৪ আসনের সাবেক এমপি আনোয়ারুল আজিম আনার হত্যা মামলার অন্যতম আসামি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজওয়ানা নাহিদ বলেন, ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের দেওয়া মৌখিক অভিযোগের সত্যতা পাওয়ায় গ্যাসের সিলিন্ডার বিক্রি করতে আসা প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একইসঙ্গে গাড়িতে থাকা প্রায় ১৫০টি সিলিন্ডার ব্যবসায়ীদের কাছে ন্যায্যমূল্যে বিক্রি করা হয়। এ ধরনের ঘটনা রোধে প্রশাসন সর্বোচ্চ সচেষ্ট রয়েছে বলেও জানান তিনি।