| শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট | ২৬ বার পঠিত | পড়ুন মিনিটে
ঝিনাইদহের কালীগঞ্জে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে অন্তত ২০ জন আহত হয়েছেন। শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে উপজেলার কেয়াবাগান নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, সকালে কুষ্টিয়া থেকে গড়াই পরিবহনের একটি বাস যাত্রী নিয়ে খুলনায় যাচ্ছিল। পথে ঝিনাইদহ-যশোর মহাসড়কের ওই স্থানে পৌঁছালে বাসের সামনের চাকার এক্সেল ভেঙে যায়। এতে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি রাস্তার পাশের খাদে উল্টে পড়ে। এতে বাসের অন্তত ২০ জন যাত্রী আহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
বাসের যাত্রী সোহাগ হোসেন বলেন, ‘আমি ঝিনাইদহ থেকে বাসে উঠেছিলাম যশোর যাওয়ার জন্য। পথের মধ্যে কেয়াবাগান নামকস্থানে পৌঁছালে কোনো কিছু বুঝে ওঠার আগেই বিকট শব্দে গাড়িটি উল্টে যায়। এ সময় ২০/২৫ জন আহত হয়েছেন।’
বারোবাজার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মৃত্যুঞ্জন বিশ্বাস বলেন, ‘বাসের যান্ত্রিক ত্রুটির কারণে এই দুর্ঘটনা ঘটেছে। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।’