ডেস্ক রিপোর্ট | শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬ | প্রিন্ট | ৩৪ বার পঠিত | পড়ুন মিনিটে
রাজধানীর মোহাম্মদপুরে মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা একটি কুরিয়ার সার্ভিসের কাভার্ড ভ্যানে আগুন দিয়েছে। এতে গাড়িটির সামনের অংশসহ বেশ কিছু জায়গা ক্ষতিগ্রস্ত হয়েছে।তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) দিবাগত রাত ১০টা ৫০ মিনিটের দিকে মোহাম্মদপুরের সাদেক খান রোডে কৃষি মার্কেটের সামনে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
আগুন দেওয়া গাড়িটি এজেআর পার্সেল অ্যান্ড কুরিয়ার সার্ভিসের একটি কাভার্ড ভ্যান (ঢাকা মেট্রো-ন ১৩-৩১৯৪)।
জানা গেছে, কুরিয়ার সার্ভিসের কাভার্ড ভ্যানটি ঢাকার মতিঝিল থেকে পার্সেল বোঝাই করে গাবতলী-সদরঘাট সড়ক হয়ে হাজারীবাগ ডিপোর উদ্দেশে যাচ্ছিল।
পথে ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে ৬ থেকে ৭টি মোটরসাইকেলে আসা আনুমানিক ১২ থেকে ১৫ জন অজ্ঞাতনামা দুর্বৃত্ত গাড়িটিতে আগুন ধরিয়ে দেয়। পরে তারা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় লোকজনের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কেউ হতাহত হননি।
সম্প্রতি এজেআর পার্সেল অ্যান্ড কুরিয়ার সার্ভিসের মালিকানা নিয়ে দ্বন্দ্বের বিষয়টি সামনে এসেছে। মালিকানা বিরোধের সঙ্গে কাভার্ড ভ্যানে অগ্নিসংযোগের কোনো যোগসূত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখতে মাঠপর্যায়ের পুলিশ সদস্যরা বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করেছেন।
বৃহস্পতিবার দিবাগত রাতে মোহাম্মদপুর থানার ডিউটি অফিসার জানান, সাদেক খান রোড এলাকায় মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা কুরিয়ার সার্ভিসের গাড়িতে আগুন দিয়েছে। এতে গাড়ির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের দায়িত্বে থাকা সদস্য সামাদ জানান, রাত ১০টা ৫০ মিনিটে মোহাম্মদপুরে একটি গাড়িতে আগুন লাগার খবর পান তারা। সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়। তবে পথে থাকা অবস্থায় স্থানীয় লোকজন আগুন নিভিয়ে ফেলায় ইউনিটটি ফিরে আসে।